Saturday, September 15, 2018

হাসপাতালের পর

"হেলদি" লাইফ ফলো করায় আজকাল আমার শরীরের ভিতরকার যন্ত্র গুলো চমকে চমকে যাচ্ছে, মানে এটা কিই হচ্ছে!! সাড়ে দশটার মধ্যে ঘুম! সকাল ছটায় ওঠা! এইরকম থাবা থাবা পেঁপে কুমড়োর ইনপুট! চোখ তো কাল মুচ্ছো যাচ্ছিলো, রাবড়ির ভাঁড়ে হাত না দিয়ে সন্দেশের প্যাকেটে হাত!! হাত রীতিমতো বিদ্রোহ করছিলো, বেঁকে বেঁকে যাচ্ছিলো যা হোক তাকে ম্যানেজ করা যায় শেষ তক। এরকম নানান বিস্ময় দেখে দেখে তারা নানান ভাভে জানাচ্ছে সে যাক, ঘটনা হলো এই সকাল সকাল ঘুম ভেঙে যাওয়ায় সকালটা দেখা হচ্ছে বেশ। মন্দ না কেমন যেন নতুন নতুন ব্যাপার।

জানলার পর্দা গুলো সরালেই সকালের নরম রোদ লুটোপুটি খেয়ে যায়। আমি আবার মোবাইলে সেই রোদ ধরে এদিক সেদিক ছুঁড়ে দিই। কাগজওলাদাদা হাঁক দিয়ে যায়, জয়দেবের সব্জীর  ট্রাক এসে নামিয়ে নামিয়ে যায়, বেগুন, কুমড়ো, পটল, শাকের আঁটি। কুমড়োর খানিক কাটা, দেখে নিয়েছে ভিতরটা, ট্রাকের ছেলেটা একটা দুটো বেগুন পটল নিজের জন্য রেখে রেখে দিচ্ছে। আরিব্বাস পটলের বস্তাটা কিই ভারী, ছেলেটা হেঁইয়ো করে নামালো। 

বিহারী জুতো সারাই লোকটা ফুটপাথে যেখানে বসে, তার সামনেটা ঝাঁটপাট দিয়ে নিলো। দুধের গাড়ি এসে দাঁড়িয়েছে, রাস্তা ফাঁকা এখনো।  স্কুলের বাস, একটা শাড়ি পরা টিফিন এর ব্যাগ নেওয়া মহিলা, বেকারির গাড়িটা...

মাছওয়ালা বটির ফালিটা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে লাগিয়ে দেবে। আকাশটা এখনো নীল হয়নি, সকালের ঘোলাটে ভাবই রয়েছে কিন্তু চারদিকটা বেশ জেগে জেগে উঠছে বোঝা যায়। 

সকাল সকাল মনটা একটা চমৎকার গল্প পড়ে বেশ ফুরফুরে হয়ে আছে কিনা তাই এতো আজেবাজে বকলাম। বইটা আমার এক ফেসবুকের বন্ধুই দিয়েছে। আমার শরীর খারাপ শুনে, মহম্মদ জাফর ইকবাল এর ব্ল্যাকহোলের বাচ্ছা। কোনো সোশ্যাল এক্টিভিস্ট না, বদমায়েশী করে সাধু বলা নিজেকে যা কিছু নিয়ে বকবক করা একটা না দেখা লোককে এই যে এতো লোক ভালোবাসে এর তো কোনো কারন নেই না? আসলে কি জানো, লোকে ভালোবাসতেই চায়, ভালোটাই চারদিকে আমরা মাঝে মাঝে ওই খারাপটুকুর ধোঁয়া এলেই সব ঝুট হ্যায় বলে দিই বটে, তা মোটেও সত্যি না। 

ধোঁয়াটা কেটে গেলে দৃষ্টি স্বচ্ছ হয়ে গেলেই দেখো "আলোয় আলো আকাশ, আকাশ আলোয় ভরা..."

Wednesday, September 12, 2018

হাসপাতালে হরেকরকম (পার্ট টু)

হাসপাতাল থেকে জানালো যেন আমি চলে যাই, ওদের অদ্ভুত ব্যাপার, আগে থেকে কেবিন বুক করা যায় না, বলে রেখেছিলাম তাও যে না হলে যাবোই না,  তাতে নেহাত দয়া পরবশ হয়ে বলেছিল যে আচ্ছা আচ্ছা আপনাকে সকালে জানাবো খন, আপনি চলে আসবেন।
ব্যাগে চার্জার, হেডফোন, সাদাকাক(আহ বই, সত্যিকারের কাক নিয়ে ঘুরবো?) , তারাপদ রায় এইসব নিয়ে বেশ একটা ভ্রমন মুডে বেরিয়েছি। বাইরে বলছিনা কাউকে, বেশ ক্যাজ ভাই ক্যাজ ভাব নিচ্ছি কিন্তু মনের মধ্যে বেশ একটা খারাপ খারাপ খালি খালি ভাব কি আর হচ্ছে না? ডাক্তারও তো মানুষ, অপারেশন করতে গিয়ে গন্ডগোল হয়ে গেলো, আমাদেরই কি হয়না? uat তে হুল্লাট চলছে কোড প্রোডাকশনে ঝুলে গেলো, কিংবা তার জুনিয়র কে যদি কাজ শেখাতে গিয়ে বলল কই কর দেখি ব্যাটা এটা, আমি একটু বিড়ি খেয়ে আসছি, ইন দ্য মিন টাইম সে ছড়িয়ে ছত্রাকার!  এহে মুন্নার কচুরি, জিলিপিটা আর খাওয়া হবে না, তালের বড়াও খাওয়া হবেনা, বড় ভালোবেসে সেজ জেঠিমা পাঠায় আমার জন্য। আচ্ছা আমি মনে হয় খুবই পেটুক, মরে যাবার সম্ভাবনায় জাগতিক সব কিছুর বদলে খালি খাবারের কথাই বা মনে পড়ছে কেন?  

শরতের আকাশ, ফুরফুরে মেঘ নীল আকাশ এনাস্থেসিয়ার ডোজের কম বেশী নিয়ে বাসে বসে আছি। সুস্থ মানুষ হেঁটে হেঁটে বাসে করে নার্সিংহোম গিয়ে ভর্তি হবে, এতে আমার তেমন অবাক লাগছেনা কিন্তু নার্সিংহোম এর লোকেদের বেশ অবাক লেগেছে দেখছি। জলের বোতল, সাবান শ্যাম্পু, চিরুনী ইত্যাদির খাম দিয়ে হোটেলে ভর্তি হওয়া গেলো। হোটেলের মতোই সিস্টেম, নটা টু নটা। আমার কেবিনটার পাশেই ঘর বাড়ি, মাথার দিক থেকে আকাশ কম দেখা যায়। গাধা আছে তো,  ওদিকটা মাথা করলে পারতো, চ্যানেলটাও তাহলে বাঁহাতে করা যেত অনায়াসে।  যাকগে, আজ তো কিছুই নাই, একটা অল্পবয়সী মহিলা ডাক্তার কেস হিস্ট্রি নিতে এলো। ঝাড়ি মারার মতো ভালো বেশ। আমার ডাক্তার আরো খানিক বাদে আসবে। মা বাবাই বন্ধু বান্ধব মিলে আড্ডা মেরে কাটলো তো ভালোই সন্ধ্যে তক। 

দুজন অল্প বয়সী নার্স আছে একজন দেখতে ভালো বেশী ফলত গম্ভীর আর একজন তেমন ভালো না কিন্তু বেশ হাসীখুশী। এছাড়া জেলারের মতো দেখতে একজন নার্সদিদি আছেন, বুড়ি মাসী গোটা তিন, দিন পাঁচেকের পরিচিতি হয়ে যায়। সকালে চ্যানেল করতে হাসিখুশি নার্স যার নাম মমতা( আমার কুনো দোষ নাই) এলো, নরম মাটি পেয়ে দাবী জানালাম বাঁ হাতে করে দাও চ্যানেল, ডান হাতটা নাড়াতে না পারলে ভারী অসুবিধে কিন্তু। সেই ঠান্ডা ঠান্ডা ঘর,  ডাক্তার এসে দেখে গেছে, এই ডাক্তারকে আমার পছন্দ হয়েছিল। ইয়ে আমি আবার ডাক্তার চুজ করি বন্ধু বান্ধবদের থেকে খবর নিয়ে, মানে ওই রেটিং বলতে পারেন, তা সে তো সব পেশাতেই রেটিং আছে না হলে উপায় কি জানার। আর একটা ব্যাপার সেটা রেটিং যদি একটু কমও হয় আমার ওই পছন্দ হওয়ার ব্যপারটা ম্যাটার করে। হাসিখুশি হবে, আমি দু চারটে বোকা প্রশ্ন করলে সময় শেষ আসুন ভঙ্গী করবে না, দরকারে ফোন করলে অন্তত এখন ব্যস্ত আছি রে অমুক সময়ে ফোন করিস বলার সময়টুকু থাকবে এ না হলে আমি ভারী অস্বস্তি বোধ করি। 

দুটো ডানা গোঁজা হয়ে গেলো, ইসিজি মিটার চালু হলো মনে হয়, এইবার দেবে প্যাঁক.....উঠুন উঠুন প্রভু.....জলের নীচে বন্ধ দরজায় ডাকাডাকি শুনে ঘুম ভাঙে, সেই গুপি বাঘা ফিরে এলোতে যেমন হিপনোটাইজ এর (নকল) পর ওরা গান গাইছিলো, 'আ আ আজ আজ আজ থেকে, আজ থেকে.......' ওভাবে ম্যা ম্যা করতে করতে জ্ঞান ফেরা, কেঁপে কেঁপে ওঠা আগেরবারের মতোই সব....বড় ব্যথা।


তারপর দিন রাত আধা ঘুমে আধা জাগরনে কাটে, জ্বর কমে না বাড়ে জানা যায়না, মাথার মধ্যে দপদপ করে ঘুম হয়, হয়না। ঘুমের মধ্যে দেখি আমি এক উপকূলে, একজন লোকআগেকার দিনের পোশাক পরা, তার সমুদ্রের ধারের বাসভূমিতে,  আমার কি যেন জিনিস আছে তার কাছে আনতে গেছিলাম দিতে যাবার আগের মুহূর্তে কী যেন হলো বাজ পরার মতো সব সাদা কালো হয়ে গেলো। কারা যেন বসে বসে বড় পিপে ঘুরিয়ে কি পানীয় কাচ্ছে তারাই বলল বসে থাকো হয়তো আবার সব জাগবে। 

বসে থাকার সময় মাথার ব্যাথা বেড়ে যায়, আমি স্বপ্নের মধ্যেই টের পাই আমার বসে থাকলে চলবে না। কি হয় আমি জানিনা একটা ওয়ার্ম হোলে না কাদার গর্তে পড়ে যাই.....হাঁচোরপাঁচোর করে উঠতে দেখি এ এক নতুন দেশ। কারা যেন ন্যাড়া মাথায় আমন্ত্রণ জানাচ্ছে....আমি যাবার আগেই মাথার যন্ত্রনা তীব্র হয় আমি উঠে পড়ি।

আরেকদিন, জানলার পর্দা ফাঁক করে দেখি ফুরফুরে রোদ বেরিয়েছে।  একটা কাক ঠোঁটে করে গ্লাস নিয়ে চলেছে। কাকেরা বুঝি গ্লাসে করে জল খায়? নাকি হুইস্কি?  একটা পায়রা তারে বসে অস্থির ভাবে ইতিউতি চাইছে,  যেন ওয়াইফাই এর সমস্যা দেখা গেছে খুব চিন্তিত। একটা বুড়ি সকালবেলায় ছাদে এসে কল খুলে কি যেন করে....বেশী কিছু দেখাই যায়না, আমার ঘুমও পায়না, মাথা ব্যাথাও কমেনা। 

এ কদিন নীলুমাসীকে জ্বালানো হয়েছে খুব, একদিন আমার বন্ধু বলেছে মাসী তোমার হাতে ভালো চ্যানেল করা যাবে, হেব্বি খচে গেছে। রোজ জ্বর আসে, না হয় কিছু না কিছু হয় সারবোই না নাকি আর? হ্যাঁ ইয়ার্কি হোতা হ্যায়? তারপর একদিন সকালে ডাক্তার এসে বলল কেমন আছিস বলতো? ব্যাথার কথা আর বলে লাভ নেই, বললাম ভালো আছি। সে মশাই এমন ভাবে হাঁফ ছাড়লো কী বলি! ভাবলো বোধহয় এ মক্কেল আমার হাতে ভবনদীর কূল পার হলে কপালে বিস্তর দুঃখ ছিল। হয়তো রাতে এসে বলবে, "নক নক, আচ্ছা পেটকামড়ানোটা কি স্কেলিটনে হওয়ার কথা?" "আমার খুলিটা খুব যন্ত্রণা করছে "। কিংবা ভূতেদের জ্বর হওয়া নিয়ে দেড় পাতা বকে গেলো! 


তাই.....ফিরেই এলাম আর কি।

Wednesday, August 29, 2018

কপ্টুম্যাক

একটা কথা, কেউ বাই চান্স যদি পড়েন এ গল্প এ ব্লগে, খারাপ ভালো মন্তব্য করলে বাধিত হই। অন্তত বুঝতে পারা যায় ব্লগটা মৃত কিনা। 

************************************

মাঠাংবুরু ঘুরতে গেছে, লায়েক হয়েছে কিনা, পাত্তা দেয়না আজকাল। কি করে জানলাম? ওর বন্ধুদের কাছ থেকেই খবর পাই মশাই।

#কপ্টুম্যাক
********************************************

ভুটুটুটুটু...একটানা আওয়াজ হয়ে যায়, পাইলিং না কি করছে কে জানে! সিমেন্ট বালি সিমেন্ট বালি, বস্তা সাজিয়ে রেখেছে, ঠিক তারপাশেই পাইপে করে করে জল বেরিয়ে ছোট্ট একটা ডোবা হয়েছে। এখন ডোবা লাগছে তার আগের অংশটা খাল....ছোটবেলায় এটাই মস্ত পুকুর হতো। তার আগে খানিক নদী।
ভারী ইচ্ছে করছে ওই সিমেন্ট বালি দিয়ে তৈরী চৌকো সিংহাসনে উঠতে। ওঠা যায় না, বড় হয়ে গেছি কিনা! ট্রাক ড্রাইভারের পরেই আমার পছন্দ ছিলো রাজমিস্ত্রি হবার। সিমেন্টে বালি মিশিয়ে মিশিয়ে খপাৎ খপাৎ করে ওই চ্যাটালো মস্ত থালায় দিতাম, তার আগে গোল করে সিমেন্ট বালি দিয়ে ঘিরে জল দেওয়া হবে, তারপর চারদিক থেকে সিমেন্ট বালি জলে দিতে দিতে জল ফুরিয়ে যাবে, আমাদের খাল বিল গুলো যেমন বুজে যাচ্ছে। আচ্ছা বিল বলে কেন? বিল আমি দেখিনি কখনো, ডোবা মানে ছোট পুকুর, পুকুর তো পুকুর, তারপর দিঘী, তারপর হ্রদ তারপর সমুদ্দুর। 

তারপর তো সিমেন্ট তৈরী হয়ে গেলো, ইঁট বসিয়ে বসিয়ে সিমেন্ট দিয়ে জুড়ে দেবো। বাঁকা মিস্ত্রী ইঁট বসিয়ে কাজ করতো আর বিড়ি ফুঁকতে ফুঁকতে কথা বলত, "কিরে লোকে, এবার কি চাষ দিলি? "
লোকে মানে লোকু বা লখাই বলতো , "আর চাষ, বৃষ্টি নাই দেখেছ? এবার আশ্বিন মাসে ঢালবে, আর সে সময়েই  দেখবে জল ছাড়বে।"

বাঁকা মিস্ত্রীর নাম বাঁকা কেন কে জানে? বাঁকা বাড়ি বানালে সবাই ডাকে কেন? আর ও নিজেও তো বাঁকা না? তাহলে? আমি হাফপ্যান্ট আর চকচকে গেঞ্জি পরে বাঁকার নোংরা স্যান্ডো আর লুঙ্গির পাশ ঘেঁসে দাঁড়িয়ে জুলজুল করে দেখতাম যদি আমায় একটু দেয় সিমেন্ট মারতে দেওয়ালে,  থ্যাপাৎ থ্যাপাৎ করে। বলতে পারতাম না, লজ্জা লাগতো পাছে না বলে দেয়। 

আমার সেই থেকে বড় শখ, রাজমিস্ত্রী হবার। থ্যাপ থ্যাপ করে সিমেন্ট লেপবো ভাড়া বেঁধে। আমি লোভীর মতো বারান্দায় দাঁড়াই,  সামনে ঝিলের পাশে শোঁ শোঁ করে গাড়ি চলে যায়, ঝিলের উপর শরৎ এর নীল আকাশে মেঘ ওড়াওড়ি করে। কাজ আছে, কল আছে এক্ষুনি চলে যেতে হবে তবু আমি দেখি কেমন করে বিল্ডিং উঠছে। 

সেদিন দাঁড়িয়ে থাকতে থাকতে একটা গম্ভীর ফড়িং এলো, ঠিক আমার পাশেই এসে বসেছে খানিক। মন টন খারাপ লাগছিলো, এমনিই, সেই কাজ আপিস,  বাড়ি ভাল্লাগেনা আমার পালাই পালাই মনে হয়। তেমন সময়েই ফড়িংটা এলো। ওই টুকুন ফড়িং তার আবার লম্বা একটা দাড়ি! আমি পাত্তাও দিইনি। কেনই বা দেবো! একটা ফড়িং বই তো না, ওব্বাবা দেখি ফড়িংটা ফস করে আমার সাথে কথা বলে উঠলো, "কিহে মন খারাপ নাকি? "
আমি তো হাঁ!!
ভাবলাম নির্ঘাত ভুল শুনছি! মোবাইলটা চেক করলাম একবার।
  - সারাদিন মোবাইলে কি দেখো বলতো? নট এট অল ইন্টারেস্টিং ম্যান, নট এট অল। তার চেয়ে আমি গান গাইছি কেমন শোনো,
  টিঁয়াও ছুউউ কিঁয়াও খুউউ আরে ঢিকচ্যাক চ্যাক ঢিকচ্যাক চ্যাক, 
ওওওও গুরুক করে তামাক খেয়ে উড়ছো বটে খুব,আর জলের নীচে পানকৌড়ি দিচ্ছে কেমন ডুব, ওওওওও।

আমি অবাক হওয়া সেই মাঠাংবুরুর পর থেকে ছেড়েই দিয়েছি, তাও খানিক অবাক হয়েছি তো বটেই। তবে তার চেয়েও বেশী রাগ ধরেছে, বলা নেই কওয়া নেই, সেদিন ফড়িং, সে অমন গান শোনাবে কেন? তাও মানে মাথা হীন গান, তাও আবার ঠ্যাং নাচিয়ে! ইয়ার্কি পায়া হ্যায়?

  - চোওঅঅপ।  এলেন!  বলি এরকম যখন তখন গান গাইলেই হলো হ্যাঁ? আর এটা গান? ছোঃ!  আমার গান শুনে দেখো বরং, তোমায় তালিম দিতে পারি বটে, যদিও এখন আপিসে গাইবো না।

  - তুমি? তুমি গান গাইবে? খ্যা খ্যা খ্যা। ওহে তোমার গান শুনলে মনে হয় গরু ডাকছে, সেকথা সকলেই জানে। তুমি আর হাসিও না।
  - ফড়িংরা গানের কি বোঝে হে। বকম বকম খালি। যাকগে আমি কাজ করতে গেলাম। দুপুরে লাঞ্চ আওয়ারে গেলে বাকি কথা হবে।
  - বেশ একটা পোকা কালেক্ট করে নিই এসময়ে।

লাঞ্চ করে আসার পর সে ফের এলো, তারও লাঞ্চ শেষ। আচ্ছা ওর কথা ওর মুখেই শোনো -

তোমরা আমায় পাগল বলতে পারো, খামোখা কাজ নেই কিছু নেই এমন চমৎকার দুপুরে,  মানুষদের আশেপাশে ঘোরার কোনো মানেই নেই। আসলে মাঠাংবুরু আমার বন্ধু কিনা, সে গেছে দুনিয়া দেখতে, যাবার সময় এই মহারাজের কথাও বলে গেছে। দেখলাম ছেলেটা একা একা মন খারাপ করে দাঁড়িয়ে, ভাবলাম যাই চারটে কথা বলে আসি। মানুষ আসলে ভালো না মোটেও, আমার গ্রামের কিনটো, তার বাবাকে তো কচুর রস খাইয়ে একটা মোটা মানুষেই মেরেছিলো। তাও মাঠাংবুরু বলল যখন, মনে হয় এ ছেলেটা অত বদ হবে না। মাঠাংবুরুর থেকেই তো আমি মানুষের ভাষা শিখলাম। ও আমার নাম বলিনি বুঝি? আমি  কপ্টুম্যাক। হেব্বি না নামটা? আসলে এ নাম খানা আমি নিজেই রেখেছি। বেশ একটা ট্যাঙ্গো ট্যাঙ্গো ভাব আসে না নামটা শুনলে? ট্যাঙ্গো কি জানো না? মহা বোকাটে তো তোমরা!! আরে ট্যাঙ্গো একটা ফূর্তির ব্যাপার। 

যাকগে,  যা বলছিলাম, আমি এখানে থাকিনা, শহরে তেমন পোকা টোকা মেলে না কিনা।  আমি এখান থেকে অনেএএক দূরে একটা নদীর ধারে থাকি। আমাদের গ্রামটা একটু দূরেই, আমি একাই থাকি, নদীর ধারে ঘাসের উপর শুয়ে দোল খাই, আর পোকা ধরি। মানে ইয়ে পুরোপুরি একা থাকি না,  আমার গিন্নীও থাকেন আর কি, সাথে। তবে রোজ রোজ না,  পাগল নাকি মশাই রোজ থাকলেই চিত্তির। এই যে একটু হালকা খুউব সামান্য একটা ভুঁড়ি হয়েছে, এ নিয়ে রোজ গঞ্জনা মশাই, কেন মর্ণিং ওয়াকে যাইনা, এতো বয়স হলো সঠিক পোকা কেন ধরে আনিনা ইত্যাদি ইত্যাদি। আসলে বউটোম্যাক মানে আমার বউ, সে কিছুদিন মানুষের আশেপাশে থেকেছিলো কিনা, ওতেই গন্ডগোল হয়েছে। যাই হোক আজকাল তাই পোকা ধরার অছিলায়, এদিক সেদিক চলে যাই। আমি আসলে একটু আলসে ফূর্তিবাজ ফড়িং। মাঠাংবুরুর মতো দুনিয়া দেখার শখ আমার নেই বাবা। কিইই দরকার পাহাড়ে উঠে কষ্ট করে, ছবি দেখে নে না বাবা। আর সত্যি বলতে কি আমাদের তাল গাছের মাথায় উঠলেই বা কম কি পাহাড়?  তা যা বলছিলাম, এদিক সেদিক বেরোই, তারপর একটু ভালো পাতা দেখে ঘুমিয়ে পড়ি। পোকা টোকা কিছু না কিছু জুটেই যায়। পেট ভরা থাকলেই ট্যাঙ্গো নাচি, তারপর মন কেমন করলে বাড়ি ফিরে যাই। সোজা তো। বউটোম্যাকও কদিন না দেখে মন খারাপ করে, পোকা গুলোকে কষিয়ে রাঁধে,  তারপর হাল্কা মধু খেয়ে  কার্টুন দেখতে বসে যাই। আহা তোমাদের মতো নকল না,  সত্যিকারের সব। আচ্ছা এক দুটো বলি, সেদিন দেখি একটা হুলো মন দিয়ে মাটিতে কি যেন দেখছে। পিছন থেকে  বাদামী কুকুরটা,যেটা সব চেয়ে বিটলে, সারাক্ষন চোখ বুজে শুয়ে থাকে আর নিরীহ কেউ দেখলেই  ঘেউ ঘেউ করে তাড়া দেয় আর যে তারা ভয় খায় অমনি খ্যাক খ্যাক করে হাসে  সেইটে দেখি পা টিপে টিপে বিড়ালটার পিছনে গিয়ে দাঁড়িয়েছে। বিড়ালটা যেই চমকে উঠে দু পা পিছিয়েছে অমনি ঘেউ ঘেউ করে তাড়া করেছে, তারপর তো হেব্বি রেস হয়ে গেলো।

তা এসব দেখে আরামেই দিন কাটাই। বেশী দৌড়ঝাঁপ ভাল্লাগেনা যাই বলো।  মহারাজের সাথে আলাপ হয়ে ভালোই হলো, আমায় বলেছে ওর একটা মস্ত পোকা আছে, যেটা কিনা দূর থেকে ও আকাশে ওঠাতে পারে আবার নামাতে পারে, অনেকটা আমার মতোই দেখতে। ওইটাতে একদিন বসিয়ে দেবে। একটু ভয় পাচ্ছি বটে, আমার আবার অত সাহস নেই, কিন্তু আমার মতো জিনিস যার আবার প্রাণ নেই,  কথা বলতে পারেনা, তেমন জিনিস এর  পিঠে চড়ার ইচ্ছেও হচ্ছে মন্দ না। সে দেখা যাবে, তেমন বুঝলে উড়ে যাবো।  

কপ্টুম্যাক এর সাথে আমার আবার দেখা হবে,  ওকে আমার রিমোট কন্ট্রোল্ড হেলিকপ্টার টাতে চড়াবো। দেখি ব্যাটার কেমন লাগে। পাশের লোকগুলোর কাজ শেষ আজকের মতো, আমিও যাই বাজে কাজ গুলো সেরে নিই। কপ্টুম্যাক যদি ভয় না পায় হেলিপ্টারে চড়ে, তাহলে ওকে দিয়ে ওই বড় বিল্ডিংটা আছে না? যাতে কেউ থাকেনা? ওখানে খোঁজ নিতে পাঠাবো। ওখানে নাকি একটা ভূত এসে থাকছে। আহারে বেচারা, একা একা আছে হয়তো, নিয়ে নেবো ওটাকেও আমাদের দলে। তারপর? কিই জানি তারপর কী হবে। গল্প শোনাবো খন।

Monday, August 27, 2018

ভুতুড়ে আলাপ


ভারী মুশকিলে পড়া গেছে। এক হাতে ইলিশ মাছ এক হাতে কফির কাপ, ওদিকে চশমাটা চুলকাচ্ছে। চশমাটা আসলে গত পঞ্চাশ বছর ধরে পরতে পরতে ওটাতেও চুলকায় আজকাল, সেই মানুষের চাকরি ছাড়া ইস্তক চলছে। না না ভূত না দিব্যি বর্তমানে আছি, কফি, কাবাব সব খাচ্ছি ভূত আবার কি? তাছাড়া ভূতেদের আমি ভয় পাই মশাই, ফস করে এই গা ছমছমে রাতে ভূত টুত বললে ভাল্লাগেনা বলে দিচ্ছি আগেই। 
উফফ, ভারী চুল্কুচ্ছে তো, "হেই ম্যাডাম একটু শুনবেন? আরে হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি, আপনার চেহারার ফাঁক দিয়ে তো আর কাউকে দেখা যাচ্ছে না যে আর কাউকে বলব"।
- কী বললেন? লজ্জা করে না আপনার? এরকমভাবে,  অপরিচিত মহিলাকে মোটা বলে ডাকেন? ছিঃ ছিঃ, এই কি আপনাদের কর্ম সংস্কৃতি,  থুড়ি ডাক সংস্কৃতি?
- ধোর বাবা। ডাক হাঁক ছাড়ুন দিকি, চশমাটা একটু চুলকে দিন আগে তারপর ডাকের মাংস খাইয়ে দেবো। তাছাড়া ইয়ে মোটা বলিনি, আর কেউ নেই সেটাই বলছিলাম।
- দুঃখিত মশাই।  পারলাম না। আমি, "মানুষ চাকরি" করার সময় অব্দি আমার কান চুলকানোর বাডস ছিল, মানুষের কাজ আজকাল করিনা। তাছাড়া আমার বয়স কম, সবে চল্লিশ বছর মানুষ হয়ে নেই, এখন আমার কাজ করা মানা। 
এহ কচি খুকি এলেন আমার রে। চল্লিশ বছরের বুড়ি নাবালিকা হয়ে হাওয়া খেতে বেরিয়েছে। বিড়বিড় করলাম আমি। অস্বস্তিটা বেড়েই চলেছে আর ইনি এদিকে ইয়ে শুরু করেছেন। মহা যন্ত্রনা হলো। এই হতো আমার গিন্নী, বললেই,  " উফফ, বড় জ্বালাও জানো", বলে টলে ঠিক চুল্কে দিতো। কোথায়  আছে কে জানে, একা একা বেশ ভালোই আছি, যখন ইচ্ছে যা ইচ্ছে করছি, কোনো দায় দায়িত্ব নেই, একথা সত্যি যেমন এইসব দরকারে বেজায় মুশকিল হয় এও সত্যি, যাকে তাকে বলতে ভাল্লাগেনা মোটেও। তাছাড়া, এখন গিয়ে মাছ ভাজতে হবে,  গিন্নী থাকলে একটু ঘ্যানঘ্যান করলে ভেজেও দিতো। নাহ কাল দেখি খুঁজে দেখবো,  এদ্দিনে মানুষ হয়ে নেই আশা করি, বছর দশেকের  ছোটই তো ছিলো। 

-কি বিড়বিড় করছেন হ্যাঁ? গালাগালি করছেন নাকি? দেখুন আমি কিন্তু ভিডিও করে ভাইরাল করে দিতে পারি। বুড়ো বলে পার পাবেন না।
এহ যন্ত্রনা তো, হোঁৎকা বুড়িটা জ্বালালে তো। এই ভিডিও ভাইরালের মানুষটা এখনো খুলিতে ধরে রেখেছে দেখছি। এ বয়সে এতো উৎপাত সওয়া যায় না। দেখি মিষ্টি কথায় তুষ্ট করি।

- আরে না না ম্যাডাম। আপনাকে গালাগালি করতে পারি। আপনার এতো মিষ্টি ব্যবহার, এতো মিষ্টি হাসি। জানি আপনার অল্প বয়স তাও,  মানে এই চশমাটা একটু চুলকে দেন যদি।
- আচ্ছা আচ্ছা হয়েছে। কই দেখি। এহেহে কিই ময়লা ম্যাগো! আপনি বুঝি চান করেন না? 
-না না,  ওটা আপনার চোখের ভুল, ওটা রঙটাই অমন, বয়স হয়েছে কিনা তাই ভুল দেখছেন হয়তো।
-বয়স হয়েছে মানে!!
-আহা না না মানে বলছি আমার চশমার বয়স হয়েছে কিনা।
-চশমারই বা কি এমন বয়স হয়েছে শুনি, মরে যাবার আগে আমার সাথেই তো গিয়ে বানালে, বউবাজার ঘুরে ঘুরে হয়রান করিয়ে দিয়েছিলে। একটা ফিশফ্রাই ঘুষ দিয়েছিলে খালি। 
-অ্যাঁ!! মানে ইয়ে তুতুমি, তুমি গিন্নী হ্যাঁ?
-তো কি ভেবেছিলে? সুন্দরী মেয়ে দেখে ছক করে বেড়াবে, একে ওকে দিয়ে চশমা চুলকিয়ে নেবে আমি টেরটি পাবো না? খুব ফূর্তি হয়েছে,এই রাত দুপুরে কফি খাচ্ছো যে? ভুঁড়িটার দিকে খেয়াল আছে? বাড়ি চলো পার্কে বসে ঝাড়ি মারা বের করছি।
-ইয়ে মানে এসব যন্ত্রণা তুমি ছাড়া আর কেইই বা করবে কিন্তু ইয়ে তোমায় এমন দেখতে হয়ে গেলো কি করে? মানে ওজনে একই আছো মনে হচ্ছে কিন্তু ইয়ে মুখ তো একই রয়ে যায় যারা এ মুলুকে আসে?তাছাড়া এদ্দিন ছিলে কোথায়? 
- রয়ে যায়, আমারও আছে। তোমায় ওয়াচ করবো বলে ফেসিয়ালের মুখোশটা পরেই চলে এসেছি। এই দেখো। আমিও একটু ঘুরে ফুরে এলাম, তোমার কাছে এলেই তো এইটা করে দাও ওইখানে চলো এই সেই করে জ্বালিয়ে মারবে। 
-ভালোই করেছো ইয়ে না মানে আমি তো খুবই মিস করছিলাম।  আহাহা, গিন্নী কিই আনন্দ যে হলো রে। ম্মুউউয়ায়াহ। ইলিশটা পোলাওই করো আজ তবে হ্যাঁ? আর তোমার সিগ্নেচার কাবাব? প্লিইজ?
-হুহ আদিখ্যেতা যত। এতোক্ষণ তো চিনতেও পারোনি, পরনারী দিয়ে চশমা চুলকাচ্ছো। তাছাড়া মোটা আরো কি কি সব বলছিলে।
- আহাহা, রেগে গেলেই তুমি লজিকে গোলমাল করে ফেলো। একই সাথে ছক আর মোটা বলা হয়? 
-তুমি যা হারামীর হাট হতেই পারে। হুহ।
-আচ্ছা আচ্ছা কদ্দিন পর দেখা বলোতো। অমন রাগ করলে চলে। চলো চলো আমি হেব্বি কফি বানানো শিখেছি,চলো এদ্দিন কি কি করলে তার  গল্প শুনি, তার আগে কই এদিকে এসো দেখি এদিকে।

Sunday, August 19, 2018

গোল্লাছুট


কিছু না কিছু সকলেই পারে৷ কেউ ভালো গান গায়, কেউ আঁকে,  কেউ বাজায়, আমি কিছুই পারিনা এসব তাই আমি খালি মানুষ বানাই। মানুষ বানানো বুঝলে না? আচ্ছা বলছি, আমরা হলাম গিয়ে এক রকম প্রাণী,  যাদের খেলনা বাটি হলো গিয়ে এই পৃথিবীর মতো নানান গোলক। আমাদের জোনটার জন্য পৃথিবী বরাদ্দ হয়েছে। মূল ডিজাইনটা অনেক আগেই ঠিক হয়ে গেছিলো, এখন যা চলছে ওই ডিজাইনের উপর বেস করেই এনহ্যান্সমেন্ট বলতে পারো। আসলে একেবারে বসে তো থাকা যায় না, এবার তুমি কি করছ না করছ তোমার রিসোর্স নিয়ে তা রিপোর্ট করতে হয়। এবার তোমায় দিয়ে যদি কোনো প্রফিটই না হয় মানে তোমার জোন থেকে তাহলে তোমাদের হটিয়ে দেওয়া হবে। প্রফিট বলতে তোমাদের টাকা পয়সা ভেবো না আবার। প্রফিট মানে ধরো পৃথিবীতে একটা সুর সৃষ্টি হলো, সেই সুর ঝরনার জলে মিশলে নীল সাদা পাথর তৈরী হয়, তারপর ধরো জঙ্গলের গন্ধের সাথে মায়ের আঁচলের গন্ধ মিক্স করে যে আরাম তৈরী হলো, কিংবা নীল ঝকঝকে আকাশের বুকে যদি একটা পদ্মপাতায় বসে পিঁপড়ে আর মাছে গল্প করে তাহলে সেই রঙ দিয়ে রামধনু মেরামত করা যায়, এইসব গুলোই প্রফিট। এরকম নানান জিনিস আছে, কিন্তু কিছুই না হলে তাহলে আর পৃথিবী পোষা কেন!

আমাদের জোনে সবাইই যে আমার মতো কিছু পারে না তা নয়, আমিই খালি এরকম হয়েছি। অনেকে মানুষ বানায় আবার সুন্দর করে আঁকে। কেউ কেউ গাছ বানায় আবার মানুষও বানায় এরকম।  যেহেতু আমি খালি মানুষ বানাই, আমার হাতে বেশ খানিক সময় থাকে। মানুষ বানাই মানেই যে সে যা কাজ কর্ম করবে তা বলে দিইনা, তাহলে ব্যাপারটা ভারী বোরিং হয়ে যাবে বলেই আমাদের তরফ থেকে এটা করতে অস্বীকার করা হয়েছিলো। সেও অনেক আগেকার গল্প, যাই হোক। আমি মানুষ বানাই আর দেখি। আসলে আমার তেমন বন্ধু বান্ধবও নেই,  সেই ছোটবেলা থেকেই। আমায় দেখতে একটু অন্যরকম কিনা। কিরকম? তোমাদের বললে ঠিক বুঝবে না, আসলে আমরা কেমন সেটাই তো তোমাদের বোঝানো যাবে না, তাহলে অন্যরকমটাই বা কেমন করে বোঝাই! 

আচ্ছা চেষ্টা করছি। এই যে আমাদের খেলনাটা, মানে পৃথিবীটা, আহাহা চটো কেন, তোমরা আমাদের দেখতে পাও না কিনা তাই ভাবো এ তোমাদের, আমরাও যেমন খেলতে খেলতে ভাবি এ আমাদের, আসলে কারোরই না। আসলে এই ধরো আমাদের প্রত্যেককে তো একরকম দেখতে না,  আমাদের সবার নানান রকম জিনিস তোমরা দেখতে পাও কিন্তু। লেজ, শিং,  ক্ষুর, দাঁত, হাত, পা, চোখ, জিভ, নাক, স্বর, ভাব সব সব কিছু আমাদের কারোর না কারোর আছে, এবার আমাদের মধ্যে যখন কেউ কিছু তৈরী করে করে সে তার একটা বৈশিষ্ট্য ঢুকিয়ে দেয়। ধরো না কেন এই লেজ, ব্যাপারটা খুবই কমন কিনা তাই দেখবে তোমাদের আশেপাশে যারা আছে তাদের লেজ আছে বেশীরভাগেরই।  এবার আমায় দেখতে একেবারেই আলাদা, মানে আমার লেজ শিং ক্ষুর ইত্যাদি কিছুই নেই। তাছাড়া আমি আগেই বলেছি, আমার বিপদ সেন্স করার ক্ষমতা থেকে গান বাজনা করার ক্ষমতা কিছুই নেই। তাই আমি দেখি বেশী, নিজের মনে।

মানুষ হয়েও গেছে অনেক। আর মানুষ না ছাড়লেও হবে, কিন্তু সব মানুষ তো আমরা তৈরী করি না, কিছু কিছু মানুষ আবার মানুষ নিজেরাও তৈরী করে। ফলে ব্যাপারটা ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে। এ গোল্লাটার প্রজেক্ট হয়তো আমরা আর কিছুদিনের মধ্যেই নষ্ট করে দেবো। খুব কিছু পাওয়া যাচ্ছে না এখান থেকে, খালি মানুষ গুলো দিনরাত কাটাকাটি মারামারি করছে, তেমন ভালো কিছু তৈরী হচ্ছে না, মানুষ বাদে বাকি প্রাণীগুলোও ঠিক নিজেদের গ্রুম করতে পারলো না, মেলে ধরতে পারলো না। এইযে পিঁপড়ে এদের এতো বুদ্ধি দেওয়া হলো,  বৃষ্টি ঝড় সেন্স করতে পারার ব্যাটারা চিনির দানা খুঁজেই গেলো। 

এসব নিয়ে আমরা খুব বেশী ভাবি তা না, করুক যা ইচ্ছে, ইচ্ছে থাকলে পৃথিবীটা বাঁচিয়ে নেবে সবাই মিলে না হলে মরে যাবে এই তো কথা! আমাদের অনেক অন্য জায়গা আছে, সেখানে ফের নতুন করে সব শুরু হবে। হ্যাঁ কোনো প্রজেক্ট এর সাপোর্ট বন্ধ হয়ে গেলে খানিক কর্মশূন্যতা তৈরী হয় বটে, উপরের কর্তাদের কিছু চাপও হয় কিন্তু আমাদের রিসোর্স অনেক, আমরা জানি কিভাবে ফের রিইনভেন্সটমেন্ট করে নিতে হয়। তাই আমরা কেউ চাপ নিই না। খালি আমি,  আমি তো ওদের মতো হইনি, ফলে এই হেরো লোকগুলোর উপর আমার আলতো একটা মায়াও আছে, বোকাগুলোর উপর রাগ যেমন আছে তার সাথেই। 

তোমরা যখন একটা বাড়ি ছেড়ে কোথাও যাও অন্য শহরে, কেমন মায়া মায়া চোখে দেখো না সব? এটাও আসলে ইনহেরিটেন্স,অল্প করে মায়া ব্যাপারটাও দিয়ে দেওয়া হয়েছিলো। তোমাদের এ গল্প শোনাচ্ছি কেন? আমার মনে হয় তোমরা যারা এ গল্প পড়ছ তারা হয়তো একটু আলাদা, পড়াশোনা বা খেলাধূলো বা গান বাজনা এসব কোনো কিছুতে সেভাবে দাগ কাটোনি কখনোই, খারাপ কাজও খুব বেশী করতে পারোনি যেমন ভালো কাজও করোনি। তোমরা আসলে আমার তৈরী মানুষ, সবাই না, যারা এসব কিছুর মানে খুঁজে পাওনা, কোনো জায়গাতেই থাকো না যেন তারা।  বাকিরাতো এ গল্প শুনতে পাবে না। তোমাদের মন খারাপ হয় না? এমনি এমনি মন খারাপ? জানি তো আমারও হয়। কী করবে তখন? আমি জানিনা। বরং তোমাদের বলি আমি সারাদিন কেমন সব লোক দেখি। 

ওই দেখো বাইকে করে দুটো লোক যাচ্ছে। একটা গুঁফো লোক যে চালাচ্ছে বাইক আর একটা দেড়ো লোক যে বাইকের পিছনে। কেমন নিস্পন্দ মুখ দেখো, এ নির্ঘাত নিজের কাজের জায়গায় খুব ভালো, আপিসের পর আড্ডা মারে, বাড়ি এসে বারমুডা কিংবা পাজামা পরে খালি গায়ে টিভি দেখতে বসে, মাঝে মাঝে বগল চুলকে নেয়, তারপর রাত বাড়লে এক থালা ভাত খেয়ে সিগারেট খেয়ে ঘুম যায়।
আচ্ছা ওই লোকটা দেখো, ফর্সা, ট্রিম করা দাড়ি, ব্রান্ডেড চশমা, গেঞ্জি, ফোন। এরও কেমন নিস্পন্দ মুখ। এও ওই রকমই করে, গান শুনতে শুনতে আপিস যায়, আপিসে কাজ করে তামাশা করে, শুক্রবারে বাইরে রেস্তোরাঁয় যায়, রাতে ল্যাপটপ কিংবা ফোনে থাকে খানিক তারপর ঘুম যায়।

বোরিং মনে হচ্ছে? তা তো হবেই এরা সব কটাই বোরিং, আচ্ছা চলো তোমায় একটু দূরে নিয়ে যাই। কোথায় যাবে? পাহাড় না সমুদ্র? সমুদ্র? তা বেশ, ওখানে লোক বেশী পাবে  বটে। ওই দেখো,  দুজন লোক তাদের বউ মেয়ে নিয়ে এসেছে। দুটো পাপড়িচাট কিনে শেয়ার করছে, লোকটার আরেকটু খেতে ইচ্ছে করছে, কিন্তু বউটা খাবে বলে কম কম করে খাচ্ছে দেখছি। আবার বউটা কম কম খেয়ে মেয়েটাকে আর অন্য বউটাকে একটু দিচ্ছে, সে আবার একটু খেয়ে পাশের জনকে.......বড় মায়া হে বড় মায়া। 

আচ্ছা শামুক দেখবে? ওই দেখো, একটা শামুকের পিঠে একটা পিঁপড়ে চড়ে কেমন গল্প করছে। আমি ওদের নাম জানি, ওদের গল্প ওরা নিজেরাই এসে বলে যাবে খন। এদিকটা বড় ভীড়,  চলো একটা গান ভেসে আসছে ওই দিকে বালিয়াড়ির ওদিকটা থেকে। আমি গাইতে পারিনা বটে কিন্তু শুনতে ভালোবাসি বেজায়। তোমরা শুনতে পাচ্ছোনা না? স্বাভাবিক, জোরে জোরে তো গাইছে না কেউ। হাওয়ার সুর, ঝাউগাছের বাজনা সমুদ্রে ভোকাল...লিরিক্স? ওই যে মাছ গুলো ঘাইমারছে, আর লাল কাঁকড়া গুলো হুটোপুটি করতে করতে কি সব বলছে শোনো.... 
ওই দেখো একটা মেয়ে একটা পাখির ছানাকে কোলে করে তুলে নিয়ে গেল, ওইই দেখো বুড়ো মাঝি ভালোবেসে ছেলেটাকে কাঁকড়া দিচ্ছে একটা বেশী.....

তোমাদের উচ্ছন্নে যেতে আরো কিছু বাকি আছে মনে হয়। তোমাদের গোলকের এখনো কিছুদিন আয়ু আছে দেখছি।

Tuesday, August 14, 2018

সেই গল্পটা.….

এই ছবিটার গল্প আছে একটা।  
সে অনেকদিন আগের কথা। গাছ গুলো বলেছিলো তারা হবে প্রহরী। সমুদ্র যেন তাদের টপকে এগোতে না পারে। তারা হবে সীমানা। 

শুকনো ডাঙা আর ভেজা মাটির মাঝে মধ্যস্থতা করতো তারা, সার দিয়ে দিয়ে। কিন্তু ওই যা হয়, দীর্ঘদিন পাশে থাকতে থাকতে সব কঠিনও ক্রমে নরম হয়ে যায়। সমুদ্রের সাথে রোজ ছোঁয়াছুঁয়ি হতে হতে গাছটা যেন বুঝতে শুরু করে দিলো সমুদ্রকে। আর সমুদ্রও সারা দুনিয়ার ঢেউ এর গল্প এনে দিতো গাছটাকে। গাছটা বলতো ওপারের শুকনো ডাঙার গল্প, আকাশের পাখিদের গল্প, মেঘেদের গল্প অবশ্য দুজনেই জানত। 

গাছটা আরো বলত শিকড়ের গল্প। সমুদ্র এই একটা জিনিস একেবারেই বুঝতনা। সে অতল বোঝে, সে ভাঙচুর বোঝে, সে ডুব বোঝে কিন্তু আঁকড়ে ধরে পড়ে থাকা? কেন? সমুদ্র বলত তুমি চলো আমার সাথে,  দেখবে কত অজানা দেশ, দেখবে কেমন গভীর জলের স্তব্ধতা, ঝড়ের হাওয়া উন্মাদ নাচ, উথালপাথাল আনন্দ, এখানে এই শুনশান জায়গায় কেন পড়ে আছো? কিই বা আছে এখানে? গরু, মানুষের আবর্জনা আর কখন আমি গল্প শোনাবো সেই অপেক্ষা!

গাছটা হাসতো। তা যে হবার নয়, সমুদ্রের ছটফটানিতে, অস্থির ঢেউ ছোঁড়ায়, আর তারপরেও ফিরে ফিরে আসা দেখে মিটমিটিয়ে হাসতো সে। তারপর একদিন সমুদ্র হলো বড় অবুঝ, সে উপড়ে নিয়ে যাবে গাছকে, দেখাবে সারা দুনিয়া, এতো কিছু দেখে, জয় করে গাছ নির্ঘাত বুঝবে কিই বোকামিই না করেছে এতোদিন। গাছ সমুদ্রের কথা শুনে ফের হাসে,  বলে বেশতো, কাল এসো সকালে।

সকালে আলো ফোটে, কিচিরমিচির করে পাখিদের কাজকর্ম শুরু হয়, হন্তদন্ত হয়ে সমুদ্র আসে, আজ সে গাছকে রাজী করিয়েছে, নিয়ে যাবে। এসে দেখে সোজা সটান গাছটা,  সোজা হয়েই অপেক্ষা করছে কিন্তু চুপ করে শুয়ে। মুখে তার হাসিটা তখনও লেগে। সমুদ্র ডাকে খুব ওঠো,  কথা বলো, এভাবে নিয়ে যেতে তো আসিনি আমি। সমুদ্রের কান্নায় বাতাসে নোনা হাওয়ার ঝড় বয়, তবুও গাছ আর ওঠে না।

সেই থেকে সমুদ্র এসে রোজ দেখে যায় তার প্রিয় গাছকে, ফিসফিসিয়ে বলে রোজ,  তোমায় নিয়ে যাবো একদিন, এভাবেই নিয়ে যাবো দেখো, তারপর দেখবো কেমন করে আমার সাথে কথা না বলে থাকো। তোমার আমি দুনিয়া দেখাবো, দেখবে   নীল মাছেরা যখন তোমার পিঠে চড়ে লাফাবে, তুমি আবার জেগে উঠবে। তোমার শিকড় তো আমি বুঝেছি গাছ,  সেই শিকড়েতো ভালোবাসাই আসল,  তবে আমার ভালোবাসায় নতুন শিকড় গজাবে না কেন? নতুন করে,  নতুন ভাবে?  

গাছ চুপ করে শুয়েই থাকে, সোজা সটান।  আর সমুদ্রটা রোজ বলেই যায়।


Wednesday, August 8, 2018

হিজিবিজি আঁকিবুঁকি


তো যা বলছিলাম, আমার আবার একটু নদী, জল এসব প্রীতি একটু বেশীই। বহুদিন আগে গাল্ফেরেনের সাথে টাকি গেছিলাম, সে নিয়ে বিস্তর ফ্যাচফ্যাচও করেছিলাম, ইয়ে মানে লিখেছিলাম। এক জ্ঞানী লোক বলেছেন, গাল্ফেনের সাথে ঘোরা জায়গা গুলো বউ এর সাথে ঘুরে দেখলে অভিজ্ঞতা বাড়ে। গত সপ্তায় গাদিয়ারা আর তার আগের সপ্তাহে কোলাঘাট, বোম্বে রোড ধরে খুবই স্মুদ যাওয়া হয়েছিলো কিন্তু আবার বম্বে রোড না ধরে অন্য কোনো রাস্তায় যেতে মন করছিলো। তাই সে জ্ঞানী মানুষের পরামর্শ মনে রেখে, ফের টাকি।

ভেবেছিলাম, আজকাল রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে চুরুট খান যখন, নিশ্চিত ভাবে রাস্তা গুলো বেশ মাখন এর মতোই হবে। তবে আমার ভাবাটাই ভুল ছিলো, মাখনে কি ভালো করে দাঁড়ানো যায়? অমসৃন তলা না হলে হবে? পিছলে যাবে না চাকা? তাই বারাসাত পেরোতে না পেরোতেই দেখি গাড়িটা বেশ দুলকি চালে চলছে। আহা একই সাথে গাড়িও চড়ছি নৌকাতেও যাচ্ছি এ কি কম নাকি! গান চালালাম তাড়াতাড়ি, এ মুহূর্ত টার মানাসই, 'সাগরে উথালপাথাল বুকেও এই নৌকা চলে'।

সেই বাণে বাণে অন্ধকার দেখতো কুরুক্ষেত্রে সবাই, মনে আছে? খানিকপর আমিও দেখলাম, ইয়ে বাণে বাণে না, ধুলোয় ধুলোয়। তোমার ওই ধূলায় আমি ছিলেম, না কি যেন গান আছে না? কাচ তোলা বলে আমি ধুলো খাচ্ছিনা, কিন্তু উইন্ডস্ক্রীনটা বেশ রঙ বদলে গেছে।এরপর হলো বৃষ্টি শুরু, তেড়েই হলো। আমিও আর গর্ত গুলো একেবারেই বুঝতে অপারগ হয়ে নেচে নেচে চললাম। এরপর একবার থেমে দেখি বাহ বাহ, তেনার চ্যায়্রা ছবি বেশ খোলতাই হয়েছে। কাদার আঁচল দিয়ে গা মাথা ঢেকে চলেছেন।

তবে রাস্তায় চলার মজা হলো, খানিক জীবনের মতো, যখন একেবারেই হাল ছেড়ে দেওয়া গেলো, আর কিছুই পাবার নেই, আশা করার নেই তখন বেশ চমক মেলে। এই যেমন দেখছি রাস্তাটা বদলে আস্ত পিচের রাস্তা হয়ে গেলো, ওই দেখ না দেখ কেমন দুধারে মস্ত মস্ত গাছের ছায়া দিয়ে দিয়ে জুড়ে রেখেছে। জুড়ে থাকাই দরকার বড়, চোখ তুলে তাকাও একবার। ছায়া ছায়া রাস্তা শেষ কিন্তু রাস্তা এখনো গোটাই, ওই দেখো কেমন মাঠ পুকুর এক হয়ে গেছে সব, সারি সারি পাট শুকুচ্ছে রাস্তার দুপাশে, প্যাঁকাটি শুকোতে দিয়েছে।

রাস্তার দুধারে কত নতুন নতুন বাজার, জমকালো সব নামের জায়গা। মিষ্টির দোকান গুলো এসব গাঁ গঞ্জ জায়গায় যেমন হয় তেমনই, সার সার রসগোল্লা আর পান্তুয়া আর দানাদার। ভোঁ ভোঁ মৌমাছি। মিষ্টি গুলোর চেহারা এক্কেবারে আশপাশের সাথে মানানসই, তেমন ভালো দেখতে হয়তো না, খেতেও গরীব মতোই । ইছামতীর কাছে পৌঁছতে চাই এবার। বেলা আড়াইটা বাজে, সেই কখন বেরিয়েছি!

আগেরবারের মতোই এবারেও দেখি সেই একগাদা লোক, বলে মিনি সুন্দরবন গোলপাতা জঙ্গল, ভূমিকন্যার শ্যুটিং, হ্যানাত্যানা যেতে। দুশো আড়াইশো ইত্যাদি ইত্যাদি। আমি কোত্থাও যাবো না। কিংবা যেতেও পারি, এতো ঠিক করে তো আসিনি। আপাতত একটু চরে বেড়াই নিজের মতো। নদীর ধার দিয়ে খাবার জায়গা, ফেরিঘাট পার হবার পর খানিক হাঁটলে একটা মাচা বাঁধা দেখলাম। নিকুচি করেছে কোথাও যাওয়া, মাচায় লম্বা হয়ে নদীর হাওয়া খাওয়ার থেকে আর কিছু আমি চাইনা মোটেও। ওই দূরে ওপারের গাছগুলো বাংলাদেশের। আচ্ছা বাংলাদেশের গাছেদের সাথে ভারতের গাছেদের কথা হয়? ওদের তো টেলিপ্যাথিতে কথা, শিকড় দিয়ে দিয়ে, পাখি দিয়ে দিয়ে, কি বলে? "কিরে ব্যাটা আজ পাসপোর্ট ছাড়া কথা বলিস? হাহাহা, মানুষ গুলো পারেও বল? হ্যাঁ, এদ্দিন ধরে আমাদের দেখে তাও কিছু শেখে না রে উজবুক গুলো? এতো এতো ছানা পোনা তো মাছেদেরও হয়না, সে বুদ্ধি নেই, তারা কাঁটাতার দিয়ে সমাধান খুঁজবেনা তো কি?"

নদীর ধারে মানুষ আসে বোঝাই যায়, একগাদা নোংরা প্লাস্টিক, থার্মোকল ফেলা! সাড়ে চারটে বাজে, দেখি কিছু খাওয়া যাক, নাকি? নদীর ধারে একটা হোটেলে দেখি লেখা, ছাদে বসে খাবারের সুব্যবস্থা আছে। কিন্তু তাদের আবার খাবার নেই। বলল আচ্ছা ওই পাশের দোকান থেকে কিনে উপরে গিয়ে খাও না হয়। বেশ বেশ। আমার তো শীত গ্রীষ্ম বর্ষা ডিম পাঁউরুটি ভরসা। ডিম পাঁউরুটি নিয়ে ছাদে গিয়ে দেখি মোটাসোটা এক হুলো মনে আনন্দে মাছের কাঁটাকুটো খাচ্ছে। ওদিকে নদীর বুকে মেঘ করেছে কালো হয়ে, ওইই দূরে বাংলাদেশে ভেড়ী দেখা যাচ্ছে। নদীতে ইতস্ততঃ মাছ ধরার নৌকা। ঝিরঝিরে হাওয়া দিচ্ছে। সমস্তটা যেন একটা হাতে আঁকা ছবি। পড়ন্ত সূর্যের আলোয় কাঁপতে থাকা জলে ভাসা নৌকা, কালো মেঘ, হাওয়ার টানে ভেসে আসা কোনো চিৎকার সবটা যেন এই পুরোটা কমপ্লিট করছে, একটুও বেচাল নেই, আবার কোনো একটা না থাকলেও কিচ্ছু অসম্পূর্ণ হবে না! এই আমি আছি এখানে রেলিঙে হেলান দিয়ে, এটাও যেন এই ছবিটার অংশ আবার না থাকলেও ক্ষতি নেই। বোঝাতে পারলাম মনে হয়। এ আমার হিজিবিজি ভাবনা।

অনেক্ষণ পর নীচে নেমে গাড়িতে উঠেছি, তিনি এলেন, টপটপ করে করে বড় বড় ফোঁটায়। একটু পরেই অঝোরে। ফেরার রাস্তায় দেখি মালঞ্চ হয়ে কোলকাতা যাবার দিক নির্দেশ। বেশ তো যাওয়া যাক না। নতুন রাস্তা দেখতেই তো বেরোনো। এই রাস্তাটা সত্যিই ভালো, খুব বৃষ্টি তাই কাচ নামানো যাচ্ছেনা, কিন্তু ঝাপ্সা কাচে দিব্যি দেখাশোনা যায়। ওই যে দুধারে আদিগন্ত ভেড়ী। আরে একটা ভেড়ীর মাঝখানে একটা একলা গাছ কেমন দাঁড়িয়ে দেখ, আরেকটু এগোতে দেখি একটা আধভাঙা নৌকা শুয়ে। এই রাস্তাটাও বেশ ভালো, গাছগাছালিও বিস্তর। একটা মোড়ে দেখি খুব করে চপ, বেগুনি ফুলুরি, পিঁয়াজি ভাজছে। ঝমঝম করে বৃষ্টিতে চারধার শুনশান প্রায়। মাথায় ছিট থাকলে যা হয়। গাড়িটা সাইড করে, ওই ঝমঝমে বৃষ্টিতে হেঁটে হেঁটে চুপ্পুস ভিজে মুড়ি কিনতে গেছি। চুল বেয়ে জল নামছে, এহেহে চশমাটা গাড়িতে রেখে আসা উচিত ছিলো। 
- কাকা দু টাকার মুড়ি দুটো পিঁয়াজি, দুটো আলুরচপ দাও দেখি, আর দুটাকার ছোলা সেদ্ধ হ্যাঁ? 
কাকা গজগজ করে, 'কি সব ছেলেপুলে আজকালকার, এরকম ভিজে কেউ আসে, তাও খাওয়া দেখো! আমাদের ছেলেরা এর তিনগুন খাবে বুঝলি, সব খালি কল্লামি করা, বৃষ্টিতে ভেজার নকশা খালি।'

কিই বা বলি সত্যিই তো এ আমাদের শখের খাওয়া, আমাদের গ্রামের বাড়িতে জমি চাষ করতে আসতো যারা তারা মুড়ি খেতো এক একজন একটা ইয়াব্বড় গামলা ভর্তি করে, থাবা দিয়ে দিয়ে খেতো। চা এর দোকানে কত সময় দেখেছি, এক কাঁসি মুড়ি নিয়ে এক হাতা ঘুগ্নি আর জল দিয়ে মেখে খেতে। যাকগে শখ আহ্লাদও থাকার দরকার বটে, না হলে জীবন বড় গোদা হয়ে যায়।সে কারোর জমিতে চাষ করেও হতে পারে কারোর শেয়ার মার্কেট কিংবা প্রমোশনের গোলোকধাঁধাতেও হতে পারে। শখ জরুরি হ্যায়।

ভেজা গেঞ্জি পরে এসিতে বসলে বাড়ি পৌঁছবার আগেই মরে যাবো, তাই খালি গায়ে বসে স্টিয়ারিং ধরেছি, ব্যাস আমি এখন আমার সেই স্বপ্নের ট্রাক ড্রাইভার। সুতরাং সমস্ত জল জমার উপর দিয়ে দিয়ে ইচ্ছে করে অ্যাক্সিলারেট করে ঝরনা বানাচ্ছি, দুধারের বাইক, গাড়ি সব ভিজিয়ে ভিজিয়ে। হ্যাঁ এবার বলতেই পারো, 'ও আবার কি! এ তো অসভ্যতা। অমন কেউ করে! তোমায় করলে কেমন লাগতো?' ইয়ে খুবই খারাপ লাগতো বটে। খিস্তিও করতাম, কিন্তু ইয়ে আশেপাশে লোককে ভেজাইনি সত্যি বলছি। মাক্কালি। আহ অত কূটতর্ক করার কি নাস্তিক তো কি? তুমি তো মানো তবে?

মালঞ্চ বলে জায়গাটার নাম যেমন সুন্দর তেমন ওর একটা নদী আছে। কি নাম নদীর কে জানে! বাসন্তী হাইওয়েতে উঠেছি যখন ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টি থেমে গেছে। কোলাব্যাঙের কটরকটর, ঝিঁঝিঁর ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। অদ্ভুত লাগছে। আজ রবিবার বলেই না বৃষ্টির দিন বলেই কে জানে গাড়িও খুব কম। এক জায়গায় পাশের দিকে খানিক জায়গা আছে দেখে দাঁড় করিয়ে আলো টালো সব নিভিয়ে দিয়েছি। বিপজ্জনক কাজ অবশ্যই। কিন্তু ওই পোকা নড়া কেস!

এমন অন্ধকার বহুদিন ফিল করিনি, সে অন্ধকার যেন ধাক্কা মারা যায় এমন জমাট। ব্যাঙের ডাক, ঝিঁঝিঁর আওয়াজ যেন আরো তীব্র। সে অন্ধকার যেন কথা বলে উঠবে এক্ষুনি। আমি শুনতে পাচ্ছিনা খালি, শুনতে আমি কিছুই পাইনা, গাছ, ব্যাঙ, ঝিঁঝিঁ, নদী, ভেড়ি আকাশ, এই অন্ধকার, এই আলো, এমনকি আমার গাড়িটাও কত কি বলে নিজেদের মধ্যে। আমি কিচ্ছু শুনতে পাইনা, বুঝতে পাইনা, খালি দেখে যাই, ছুঁতে চেষ্টা করি নিজের মতো করে.....

যদ্দিন না এ ভাষা বুঝি আমার নিস্তার নাই...বারবার বেরোতে হবে।


Saturday, July 28, 2018

বিরিয়ানির ডিম ও প্রেম

- ওটা কী এমন পাঠালি যে মেসেজ ডিলিট করতে হলো?
- আহা, ওটা ভুল করে ব্ল্যাংক রেকর্ড হয়ে গেছিলো তাই।
- বাজে কথা বোলিসনা। কিছুই না যদি ডিলিট করলি কেন?
- কি মুশকিল! খামোখা ফোনে জায়গা খাবে তাই।
- কত জায়গা খেত ব্ল্যাংক রেকর্ড হলে? 
- ধোর বাবা। কথা না বল্লেও সাইজ তো থাকে নাকি?
- তোর ফোনে এতো জায়গার অভাবই বা কেন? 
- পানু রাখি? খুশ?
- বিয়ে করে নে। রিসোর্স ইউটিলাইজেশন কর বরং।
- বেশ তো করা যাক। করবি নাকি বিয়ে?
- অ্যা!! এইটা তোর প্রপোজ ছিলো?
- ইয়ে হ্যাঁ মানে সেই কলেজে পড়ার সময় থেকেই তোকে পছন্দ আসলে বলতে পারছিলাম না। 
- মানেটা কি হ্যাঁ!! আমার জন্য ছেলে দেখা হচ্ছে, আমি তাদের, তারা আমায়, অপছন্দ করছে, এদ্দিন তো বিয়েও হয়ে যেতে পারতো নাকি?
- তা সারাক্ষন অমন ভয় দেখালে আর ভরসা পাই কি করে। তাছাড় তোর মাও বেশ ইয়ে যাকে বলে ওই আর কি, থাক হতে পারে শাশুড়ি কিনা কিছু বলছি না।
- জুতো খুলে পিটবো শালা। তা এখন হঠাৎ সাহস গজালো কি করে শুনি?
- লাস্ট বারের ছেলেটা তোকে বেশ মুগ্ধ নয়নে দেখছিলো, তোর ছড়া পাঠটা গান বলে ভুল করলো, তা রিস্ক নিয়ে নিলাম আর কি 
- ওরে অলম্বুষ এর পরেও আশা করছিস তোকে আমি হ্যাঁ বলব? আমার গানটা ছড়া পাঠ? 
- তা না করতে পারিস। তবে আমার লজ্জা ভয় দূর হয়ে গেছে কিনা, যে ছেলেই তোকে পছন্দ করবে তার কাছেই ভাঙচি মেসেজ যাবে, এই মেয়েটি খুবই ভালো, খালি আবেগঘন মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারেনা।
- হতভাগা! মিথ্যে কথা বলে ভাঙচি দিবি? 
- ওরে মিথ্যে কেন হবে বল। তোর ওজন সত্তর, তাও বিরিয়ানি পেলে দেড় প্লেট মেরে দিস, সুগার আছে তাও সরভাজা, জিলিপি পেলে হিতাহিত ভুলে যাস। এগুলো নাকি তোর আবগে, তাহলে আমি ভুলটা কি বললাম?
- ওজন সত্তর না আশী বোঝাবো রে বিটলে, বিয়েটা হতে দে।
- ইয়ে এডাল্ট কথাটার মানে তো তুই হ্যাঁ বলছিস নাকি রে?
- হ্যাঁ রে কুট্টিমদারু এডাল্ট গল্প না হরর গল্প বোঝাবো, বিয়েটা করছি সে কারনেই।
- এ কারনেই করনা, করছিস তো ব্যাস। ইয়ে শোন তোর বাবাকে গিয়ে না হয় বলব আমি, কিন্তু ওই ভদ্রমহিলাকে তুইই বলিস। হয়তো গেলাম বলতে, বিয়ে নিয়ে তুলনামূলক প্রবন্ধ লিখতে বসিয়ে দিলেন। 
- শোন, আমার মা তোকে আট বছর ধরে দেখছে, তুই কি জিনিস জানে। প্রবন্ধ দিলে হয়তো দুপুরে বিরিয়ানি খেতে চাইবি পারিশ্রমিক হিসেবে। বাজে না বকে, নিজের বাড়িতে আজ বল আর কাল আমার বাড়িতে আয়।ঝামেলা মিটিয়ে নেওয়া যাক, তোর বদামি ঘোচাচ্ছি দাঁড়া না।
- ইয়ে কালকের মেনুটা কি? মানে সেই বুঝে যেতাম আর কি। আসলে কাল ওই সুরভীদের বাড়িতে ইলিশ বিরিয়ানি হচ্ছে শুনলাম কিনা...
- আবার!! আবার তুই খচরামো শুরু করেছিস? 
- আহা মানে জেনে নিলে ভালো না? বিদেশী দুর্গে হানা দেওয়ার আগে সব জেনেশুনে এগোনোই উচিত না কি?
- উফফ। কাল মাটন বিরিয়ানিই বানাবো, খুশ? এবার এসে বলে যা, আমারই সব জোটে!
- হ্যাঁ হ্যাঁ, আর শোন কালকের স্পেশাল ত্যাগ, তোকে আমার থেকে বিরিয়ানির ডিমটা দিয়ে দেবো।
- হুঁ এইবার একটা প্রপার কারন পাওয়া গেলো, বাবাকে বলার, তাহলে ওই কথাই রইলো হ্যাঁ, বিয়ের মন্ত্র এরকম হবে কেমিন, 
'যদিদং বিরিয়ানির ডিম মম....'

Sunday, July 22, 2018

ভুটে আর ছোটকা

চল ভুটে আজ তোকে ডুব সাঁতার শেখাবো।
- সত্যি বলছ ছোটকা? 
- হ্যাঁ রে। চল না। যা ছোটবৌদির থেকে গামছা চেয়ে নিয়ে আয়। 
- কিন্তু ছোটকা আমার যে দম থাকে না, সবাই যে বলে আমি নাকি ল্যালা। ফুটবলে, ক্রিকেটে কোথাও আমায় নেয়না।
- নেয়না তো নেয়না। সাঁতার কাটা শেখাবো তোকে আজ, তারপর নিয়ে যাবো আমতলা হয়ে দক্ষিনবাড়ির মাঠে। গাছ চেনাবো, গাছেদের সাথে কথা বলা শিখিয়ে দেবো। তখন কে পরোয়া করে কে দলে নিলো না নিলো। 
- আমার যে খেলতে ইচ্ছে করে ছোটকা। কাদা মেখে, বৃষ্টিতে ভিজে খেলে পুকুরে সবার সাথে ঝাঁপাতে ইচ্ছে করে যে। 
- জানিস ভুটে তোর বয়সে, আমি ভারী দুবলা ছিলাম, তোর মতোই বা তোর চেয়েও বেশী। আসলে দুর্বল শুধু শরীরে না মনেও ছিলাম। একদিন বসে আছি জানারডাঙা পুকুরের ঘাটে। শুনশান দুপুর, কেউ কোথাও নেই। আমি খুব মন খারাপ করে বসেছিলাম, আমার পরীক্ষার রেজাল্ট ভালো হয়না, খেলতে পারিনা, ভয় পাই, কুইজ এর উত্তর মুখস্থ থাকে না, কিছুই পারিনা তাই বাড়িতে বাইরে কেউ কোথাও আমায় পোঁছে না। 
একটা কাগজের নৌকা বানিয়ে আলতো করে জলে ছেড়েছি। কাগজ দিয়ে বাকিরা কত কি পারে, আমি খালি নৌকা আর এরোপ্লেন বানাতে পারি।নৌকাটা ছেড়ে ফিস্ফিস করে নিজের মনেই বলেছি, "এই আমার পাল তোলা জাহাজ, রাজকন্যা ঘুমিয়ে আছে অনেক অনেক নীচে, নৌকাটা গিয়ে ঘুম ভাঙিয়ে দেবে"।

একটা পেন্সিল আর একটা পেন রেখেছিলাম, আমার সোনার কাঠি আর রূপোর কাঠি। তারপর পুকুরপাড়ে বসেই জানিস পৌঁছে গেলাম সাত সমুদ্দুর পাড়,ডাইনী বুড়ির সাথে লড়াই হলো। যত যা রূপকথা পড়েছিলাম, সব কটা তো বীর রাজপুত্র, আমি তো বীর ছিলাম না তাও আমার রূপকথায় আমি আমাকে জিতিয়ে দিলাম, একটা ভীতু দুর্বল ছেলেই কেমন করে যেন সব বাধা কাটিয়ে জিতে গেলো। সেদিন বুঝলি ভুটে, সেদিনই আমি জেনে গেছিলাম, আমার জন্য অন্য পৃথিবী আছে, সেদিন থেকে দুপুরে চিলছাত, ভাঙা তোরঙ্গ, নির্জন পুকুরপাড়ে আমি নিজের সাথে দেখা করতাম।

আমাদের সবার আলাদা আলাদা গল্প আছে জায়গা আছে, এ বিরাট পৃথিবীটা এরকম ল্যালা ছেলেদেরও, খালি তোকে খুঁজে নিতে হবে। চল ওঠ। সাঁতার শেখাবো, আমি তো চলে গেলাম তাই দেখা হলো না, দেখিস তো পুকুরের নীচে কোনো জাদুকরী তারের বাজনা পাস কিনা, সেই বাজনাটা শুনলেই সবার ঘুম ভেঙে যাবে।

- অমন বাজনা আছে ছোটকা? পুকুরের নীচে?
- কোথায় আছে কে জানে! খুঁজতে খুঁজতে হয়তো হীরের পাহাড় পেয়ে গেলি! 
- আমি গামছাটা নিয়ে আসি হ্যাঁ? তোমায় একটা জিনিস দেখাবো, আমি গামছা দিয়ে ঘুষোমাছ ধরতে পারি।
- আরিব্বাস! তাহলে! আমি ওসব পারিনা আবার। খামোখা মন খারাপ করছিলি দেখ। চল আজ পুকুরে রোদ ধরে আসি। 
- সে আবার কি ছোটকা?
- দেখিসনি একেকদিন রামধনু কেমন পুকুরের মাথাতেই ওঠে? জানিস তো রামধনুতে চেপে মেঘে চড়া যায়? আমি বহুবার চেষ্টা করেছি ধরতে বুঝলি, খালি পিছলে পালায়৷ চল দেখি দুজন মিলে পারি কিনা। না পেলে ডুব সাঁতার প্র‍্যাক্টিস হবে আর পেলে রাজা হয়ে যাবো! 
- পেয়ে গেলে বাড়ি ফিরবো না ছোটকা? 
- আরে দূর পাগলা, বাড়ি তো ফিরতেই হবে রে, রামধনুটার সিঁড়ি বেয়ে উঠে গল্প কুড়িয়ে নেমে আসতে হয় তো। না হলেই চিত্তির। তাছাড়া দুপুরে কচি পাঁঠার ঝোল , তাকেও তো উপেক্ষা করা যায়না। চল চল, না গেলে তো আর ফেরা যাবেনা।

Wednesday, July 18, 2018

দিনের শেষে

ওইইই গুড্ডু, গুড্ডুউউউ জামাটা ভিতরে তুলে "রাখ, দক্ষিণ দিকে খুব মেঘ করেছে।"
মেঘ সত্যিই করেছে বটে, দুপুর বেলায় সন্ধ্যে বেলা নেমে এসেছে। বুড়ো কত্তা নরেন গোয়ালাকে দি গাই দোয়াচ্ছে। "তাড়াতাড়ি টান রে শালা, বিষ্টি এলো বলে"।

এবারে জৈষ্ঠ্য মাস মল মাস পড়েছিলো, কালীপুজো পিছিয়ে পিছিয়ে আষাঢ়ের রথে। গাছপালা ঘেরা ঝিমোনো ঘাট-ভাঙা পুকুর পেরিয়ে বুড়ো বাড়িটায় এক পশলা উৎসবের রঙ। উৎসব মানে ছড়িয়ে পড়া আনাচকানাচ থেকে ছেলেপুলের দলের বাড়ি আসা, কোন কালে বিয়ে হয়ে যাওয়া মেয়েগুলোর একে অপরের মুখ দেখা। অনেক আলোকবর্ষ পেরিয়ে খুড়তুতো ভাই বোন একসাথে ফের উপোস করা। ছোটকাকিমা চা করে কখনো উপোসী ছেলে মেয়েগুলোর জন্য সেজ জ্যেঠিমা হয়তো ডাব কেটে দেয় অসুস্থ শরীরে।

অচেনা তুতো ছেলে মেয়ে গুলো ঠাকুরতলায় ভীড় করে, কারিগর এক মনে তুলি বুলোয়, এক এক আঁচরে কেমন মাটির তাল থেকে প্রনম্য কেউ হয়ে যায়। 
- কোন ক্লাসে পড়িস তুই?
- ফাইভ। তুই?
- সিক্স।আমি তোর থেকে বড়।.....
আলাপ বাড়ে, খেলা বাড়ে। ওদিক মেঘ গুলো দিয়েও কোন কারিগর যেন মূর্তি গড়ে। ওই দেখ না দেখ মাথা চাড়া দেয় ড্রাগন, কারিগরের পছন্দ হয়না। এমন আদিগন্ত মাঠ, সবুজ সবুজ আবহ, ড্রাগন হয়ে যায় ক্ষুদে এক ছাগলছানা। তিড়িংবিড়িং করে লাফাতে লাফাতে যেতেই বৃষ্টি হয়ে ঝরে পড়ে। 
বর্ষায় পুকুরে মাছেদের ঘাই মারা ছাপিয়ে এক ঝাঁক কিশোরীর উচ্ছ্বাস, সাঁতার, চুলের পরিচর্চা অকারণ হাসি। 
" রিল্টু কবে এলি? একটা নারকেল নাড়ু খাবি? ওই তিস্তা তোর মামাকে একটা নাড়ু দে দেখি"।
"ও ছোট, মাছগুলো কোথায় রাখবো?"
"মৌ তোর বাবা কই রে?"
"ও সেজমা ছাদে যে জামাকাপড় মেলা আছে তোমাদের, বৃষ্টি আসছে।"
ছিটকে ছিটকে যায় হাঁকডাক, ভালোবাসা আর বুড়ো ঝিমিয়ে পড়া বাড়িটার আড়মোড়া ভাঙে একটু একটু করে। সেইইই কবেকার বর্ষাকাল মনে পড়ে তার, যখন গমগম করতো এ বাড়ি। নীচের কোনো ঘরে যখন বউদের ব্যস্ততা হতো, উপরের কোনো ঘরে ফুলদিদি, খুকুদিদি, মেজদাদা, ছোড়দাদা,বড়দাদা এসব ডাক শোনা যেত।

গাছ ভরা তাল ধুপ ধুপ করে পড়ে এ উৎসবে সামিল হতে যায় যেন, কিন্তু কেউ যায়না ছুটে তাল কুড়োবার জন্য। গাছটা ঘাবড়ে যায়, ইতিউতি চায়, তাল কুড়োতে লোক নেই কেন? তার কি তবে ভুল হচ্ছে? বাড়িটায় তো লোকের আওয়াজ শোনা যাচ্ছে। 
- ও বড়দা, ও বড়দা, তোমার তো খুব ব্যস্ততার দিন গো, কই এদিকে কেউ আসছে না কেন?
- আহা সব পুজোয় এসেছে রে। তুই কি ভাবলি ফের সব থাকতে এসেছে!
- আসেনি? ও।
চুপ করে যায় সে, হাওয়ায় হাওয়ায় শ্বাস বইয়ে দেয়, কেউ থাকবে না, ফল লাগবে না কারো....

তবুও সে তারমতো আরো সব গাছগুলো অপেক্ষায় থাকবে, ফল ফলিয়েই যাবে যদ্দিন না বুড়ো হয়....কেউ যদি আসে মন খারাপ করে, ফিরিয়ে দেবে নাকি! গাছেদের অমন স্বভাব-ধর্ম না। তাছাড়া ওরা জানে, ফিরতে একদিন হবেই....

Monday, July 9, 2018

বাগচি আর লুচি

বস পাশের টেবিলের মেয়েটাকে দেখলে? বাঁ হাত দিয়ে চুলটা মাঝে মাঝে সরিয়ে দিচ্ছে। ওহ আমাদের ক্যান্টিনে এতো ঝাল দেয়না ,বেচারী নাক মুছবে না খাবে বলোতো।

- নিজের রুটি আর ঢ্যাঁড়শের দিকে কন্সেন্ট্রেট কর বাগচি, ও মেয়ে তোর জন্যে না।

-মানে!!! গুরু এরকম করলে কিন্তু খেলবো না, আমি দেখালাম আর আমাকে ডজ করছো! তোমার বৌদি হয় কিন্তু।

- থার্ড ফ্লোর, ডান দিকের কোনের ওডিসি। ছোট টিম, বটসওয়ানা যাচ্ছে শিগিগিরি, পিএল এর বয়স পঞ্চান্ন হবে কিন্তু বলে পঁয়তাল্লিশ । থাকে যাদবপুরের মেসে, এন্ড স্টিল সিংগেল।

- আ্যঁ মানে তুমি আগেই দেখেছো! গুরু তোমার পছন্দ বলবে তো।

- পছন্দ হলে পাশের টেবিলে বসতাম?

- তাহলে ? ওহ অনসাইট যাবে বলে সাবধান করছ? আহা বেশীদিন না তো তাছাড়া বিরহ তো প্রেমের পার্ট.....আমি ভিডিও কল করতে করতে বলব, "আমি তোমারো বিরহে....

-চোপ। হেঁড়ে গলার গান অন্য কারোর জন্য গাস। জানিস কি এই মেয়ের বাড়িতে ব্রেকফাস্টে চারখানা লুচি অফার করে খালি,তাও আটার কি না হেলথ ইস্যু, তাও আবার লালচে!!! ইলিশ এক পিস খেয়ে হাত গুটিয়ে নেয়!!! একে তোর বাড়িতে এন্ট্রি দিবি!! ভেবে দেখ এখোনো।

-- গুরু বাঁচিয়ে দিলে দাদা তুমি। চারটে লুচি! আটার! লাল লুচি!!! সামনে রাখী আসছে দেখি একটা কিনে আনবোখন।

- ইম্পসিবল। ও বাড়িতে ভাইফোঁটার নিমন্ত্রন খেতে গেলেও লস। যা বরং চারটে বেকড রসগোল্লা নিয়ে আয়,মেজাজ ভালো হবে।

Sunday, July 8, 2018

ঠিকানাহীন বেনামী চিঠি

কেমন আছো? ভালো নেই মনে হয়, কেমন করে জানিনা আমি বুঝি।
একটু তফাৎ থেকে দেখলে সব কিছুরই রঙ রস বেশ ধরা পড়ে। এই যে বর্ষায় এমন ঘাস বনের আগাছা বেড়ে বেড়ে আধ হাঁটু সমান হয়েছে ,এলোমেলো গাছপালাদের চনমনে ভাব এসব এর মধ্যে দিয়ে হাঁটলে হয়তো চোখে পড়তো না, গাড়ি থেকেও পড়ে না, তখন খালি স্পীড, হাওয়া এসব ধরা পড়ে। অটোয় বসে দিব্যি দেখতে পাচ্ছি ঘাসফুল ফুটেছে কেমন। আগাছা গুলো জাপ্টে ধরেছে ফেলে দেওয়া মেট্রোর লোহার বিম। আশ্চর্যজনক ভাবে আমার এই দৃশ্যটা বড় ভালো লাগে, এই যে পুরোনো ঘর ,বাড়ি বা পরিত্যক্ত লোহার, সিমেন্টের বিম , থাম এসব গুলো ঘিরে যখন ফের গাছ , ঘাস জঙ্গুলে আবহাওয়া গড়ে ওঠে। মনে মনে হয়তো আমি এই সভ্যতা ধ্বংস হোক চাই.....কিই জানি!

আমার গাড়িটা সেদিন বাইরে পার্ক করেছিলাম, আর পাখিরা তাদের সুলভ শৌচাগার বানিয়েছিলো, খুব আমোদ পাইনি বলাই বাহুল্য তবে অবাক ব্যাপার এই যে আমি খুব রেগেও যাইনি পাখিদের উপর। সুযোগ পেয়েছে করেছে কিই বা বলার! অফিসে পা ঘষে ঘষে ঢোকার সময় আমি চারদিক যেন আরো বেশী করে দেখে নিই সব, বেঁটে গাছেদের নীচে কয়েকজন লোক বসে বিশ্রাম নেয়, আমি হ্যাংলা ছেলের মতো দেখি, বিকেলে চা খেতে যাবার সময় দেখি বাগানে খুরপি চালাচ্ছে এক মনে বুড়ো আমি ভাবি আমার কোনো বিকেল নেই, গাছ নেই।

অফিস বাসটা বেরোয় যে রাস্তা দিয়ে সেটা ভারী অন্ধকার একটা রাস্তা, দুটো চা দোকান আছে কেন কে জানে! অন্ধকার হলে চেনা রাস্তাও কেমন অচেনা হয়ে যায়, ডোবার জল চকচকে মনে হয়, গাছ গুলোকে মনে হয় রহস্যময় । আমার খালি মনে হয় রাত হলে এদের আড্ডা বসে সবাই মিলে। তখন ওরা আমাদের নিয়ে তামাশা করে, কেমন আমরা আসল জিনস ফেলে নকল দিয়ে শহর সাজাই....

শহরে ঢকার মুখে ঝাঁ চকচকে সাজানো গাড়ির শো রুমের পাশেই একটা মুদীর দোকান, খালি গায়ে লোকটা জিনিস মেপে মেপে দেয় আমি দেখতে পাই, ওর জানলায় কাপড় কেটে ঝোলানো পর্দা ওড়ে আমি দেখি একটা খোকা পড়তে বসেছে। গেরস্থালীও ভালো আবার ওই রহস্যময় গাছপালা দের আড্ডাও আবার এই ঠিক বাড়ির সামনেই একটা ভবঘুরে পাগলা এসে জুটেছে ফুটপাতে সেও ভালো।আমায় সবকিছুই সমান টানে...তবে একটু তফাতে থেকে, কাছে গেলে আমি জানি ওই ঘাসের ঝোপ থেকে পিঁপড়ের সার কিংবা গোবর আমায় বিরক্ত করবে। ওই এক চিলতে ঘরে হাজারটা অভাব আমায় বিব্রত করবে। ওই ফুটপাতে আনমনা হয়ে বসে থাকতে গেলে আমি স্বাচ্ছন্দ্যবোধ করবো না।

আসলে একটু দূর সব কিছুতেই ভালো হয়ত। ভালো থেকো।

---

Saturday, July 7, 2018

ডিম্ভূত

সেইবার একটা ডিম ভূত হয়েছিলো। সব ডিম কিন্তু ভূত হয় না। যেমন যারা ফ্রিজে থেকেও পচে যায় তারা আবার এস্কিমো ডিম ভূত হয়। যারা সিদ্ধ হয়ে টিফিন বক্সে যায় কিন্তু শেষ অব্দি পেটে পৌঁছয়না তারা মরুড্ডিভূত হয়। এরকম নানান ব্যাপার আছে।মরে যাবার পর মুরগিদের সাথে আর কোনো ডিমের ভূত জগতে দেখা হয়না বলব না, হয়, তবে তারা ওখানে কেউ নিজেদের বংশ পরিচয় ইত্যাদি নিয়ে মাথা ঘামায়না। ওখানে সবাই আলাদা এন্টিটি, অর্থাৎ নিজের পরিচয়েই বাঁচে।

এবার মানুষ ভূতেদের যেমন আলাদা জায়গা আছে ডিম্ভূতেদেরও আলাদা জায়গা। এমন না চাইলেই একটা মানুষ ভূত গিয়ে একটা ডিম্ভূত তুলে এনে কপাৎ করে খেয়ে নিলো। এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে ট্রানজিট পাস লাগে। তবে খুব জটিল পদ্ধতি কিছু না। যে ভূতের ডিম খাবার বা চিকেন তন্দুরি খাবার ইচ্ছে হবে তারা একটা রিকোয়েস্ট পাঠাবে, এখন তো ক্লাউড এসে গেছে ভূতেরা তাইই ব্যাবহার করে, তার আগে অন প্রিমাইসেস হার্ডোয়ারের ব্যাপার ছিলো তারও আগে ভুতুরে কালি। যাই হোক একটা রিকোয়েস্ট পাঠাবে, ভৌতিক পদ্ধতিতে তা প্রায় সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে, যে ডিমের একটু চেঞ্জ এর ইচ্ছে ছিলো তাকে অগ্রাধিকার দিয়ে পাঠানো হবে। ভূতের খাওয়া হলে ডিম স্বাধীন, চাইলে একটু অক্টোপাস হয়ে বাইরের দেশে ঘুরে এলো কিংবা ডিমই হলো ফের। যা ইচ্ছে। তবে ওই যার ডাক পড়বে তাকে আসতেই হবে। অনেক সময় কি হয় ঠোকাঠুকি খেলছে হয়ত চারটে ডিম, মানে কে কাকে ঠুকে ভাঙতে পারে চোখ বুজে, এবার খেলার মাঝেই ডাক এলো। এবার কোনো এক ডিম হয়ত তেড়েল মানুষ বাড়িতে অনেকদিন ছিলো তার স্বভাব পেয়েছে। বলল এখন যাবো না। ব্যাস। ওতেই ডিমের নরক প্রাপ্তি ঘটে। ভূতের কাছে যেতে তো হবেই সাথে তারপর সে আর ফিরতে পারবে না ডিম ভূত সমাজে সহসা। তাকে লাউ হয়ে যেতে হবে। সে বড় ভয়ানক শাস্তি। তাই পুরোনো কোনো ডিমই এরকম মানুষামো করে না।

তা যাই হোক আমি এসব যার মুখে শুনেছিলাম সে একজন জাতিস্মর ডিম। ডিম জন্ম লাভের আগের ডিম ভূত জন্ম ছিলো যখন তখনকার কথা কিছু কিছু মনে ছিলো তার। সেদিন ছিলো ভয়ানক গরম, ঠাকুর দেখে ফিরেছি, সারা গায়ে আইস্ক্রীমের ফুচকার ঘামের রসে গন্ধে ম ম করছে। চান টান করে একা একাই বেশ ক্যান্ডেল লাইট ডিনারে বসেছি এমন সময় কে বাংলায় কথা বলে উঠলো!! সত্যি বলতে কি ঘাবড়ে আমি গিয়েছিলাম, "একটা ডিম যদি বলে আরে কাকা খাবে দাঁড়াও একটু আড্ডা হোক এত তাড়া কিসের?" তাহলে চমকানোটা কর্তব্যের মধ্যেই পড়ে। তবে আজকাল এতো রকম চমকানোর ব্যাপার ঘটে আমার অভ্যেস হয়ে গেছে, আমি অজ্ঞান টজ্ঞান হইনি। এখানে একটা কথা বলার আমি গাঁজা মদ কিচ্ছু খাইনি, নেশায় কানে বেশী দেখেছি এমন না। ঘটনা হলো এটাই যে আমাদের আশে পাশে সবাইই কথা বলতে পারে, আমরা খালি শুনতে পাইনা এই যা। আসলে ওদের ওয়েভ লেনথ আলাদা আমাদের রাডার ধরতে পারেনা। সেদিন গরমে অ্যান্টেনা একটু বেঁকে অন্য ফ্রিকোয়েন্সি ধরতে পেরেছিলো বলেই শোনা গেছিলো।

সেই জাতিস্মর ডিমটা ছিলো, বিরিয়ানির এর ডিম। ভারী ভালোডিম, খুব আড্ডা জমেছিলো বটে সেবার। তখনই এই সব গোপন খবর পাই।

সেইই বলল ওহে, এখন যা যা খাচ্ছো তার একটা ছাপ কিন্তু পড়ছে ভূত জন্মে। তা জানো কি? উল্টোপাল্টা মানে ঢ্যাঁড়শ , থোড় পনীর খেলে কিন্তু প্রপার ভূত হতে পারবে না তাহলে সমুদ্রের সাত তলায় ডুবে নীল মাছের শুড়ে বসে পা দোলাতেও পারবেনা।
নীল মাছ তার শুঁড়!! ভূত হয়ে গাঁজা খাও? খুবই খারাপ ব্যাপার মশাই। 
আরে আছে রে বাবা এসব। ডিম্ভূত হওয়া কি মুখের কথা। মাছের ডিমের ভূত হলেই ওখানে এক্সেস পায়, কিন্তু আমার একটা ভালো বন্ধু ছিলো তাছাড়া এমনিতে আমার গায়ে একটু কালচে দাগ ছিলো বলে আমি একটু ভালো ভূত হিসেবে গন্য হই। ফলে টুক করে ডুব দেওয়া গেছিলো। সে এক অদ্ভুত দেশ বুঝলে ভায়া, ভাসছি না ডুবছি তুমি তফাৎ করতে পারবে না। আর ওই শুঁড়ওলা মাছ শুনে তুমি গাঁজার কথা বলছিলে তো? তবে শোনো ওখানে শিংওলা অক্টোপাস আছে, ডানাওলা তিমি আছে। আরে তুমি সেদিনের ছোকরা , এসব জানবে কি করে হে।

এদিকে আমার বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে, বিরিয়ানির ডিম বকেই চলেছে। মহা যন্ত্রনা হলো দেখি। গল্পের লোভে না থামালে মুশকিল, এদিকে থামালেও মুশকিল। সমস্যাটা বললাম ব্যাটাকে। খ্যাক খ্যাক করে হেসে ব্যাটা ডিম বলে, "পেটুক মানুষ তুমি , গল্প শুনবে ধৈর্য্য নাই তাই তো?" 
আমি আর কী করি, বললাম, হেঁ হেঁ মানে বিরিয়ানির সামনে বুঝতেই পারছো....

বেশ তুমি এক কাজ করো , তুমি আমায় লাস্টে খেও, তাহলে আমিও মুক্তি পেয়ে যাবো ,তোমড় গল্পও শোন হবে আবার বিরিয়ানিও ঠান্ড হবে না। কী বলো? 
আরিব্বাস বলে কি !! এতো বুদ্ধি যার তাকে সহজে ছাড়ি কি করে! বললাম , সে আমি লাস্টে খেয়ে মুক্তি দিতেই পারি, কিন্তু ইয়ে তোমার মতো সেক্রেটারি আমার ভারী দরকার, মুক্তি পেলে কি লাভ হবে বলো, সেই তো ক্লাউড হয়ে রাত দুটোয় ডেটা প্রসেস করবে, তার চেয়ে ফের ভূত হয়ে যাও না কেন? তোমার বন্ধু দের সাথে মোলাকাত হবে ফের, আমার একবার জন্মাতেও পারবে ডিম হয়ে, আমায় মাঝে মাঝে শলা পরামর্শ দিতেও পারবে, কী বলো?

কুসুমটা একটু ঘুরপাক খাইয়ে ব্যাট বলল , "মন্দ বলোনি, ইনফ্যাক্ট ভূত অবস্থায় একটা ডিমনি ভূতের সাথে আমার বেশ ইয়েও হয়েছিলো । তাহলে এক কাজ করো তুমি, আর্ধেকটা ডিম ভালোবেসে কাউকে দাও, আহা আজ রাত হয়ে গেছে কালই দিও, তাহলে আমি বেশ পূন্যাত্মা ডিম্ভূত হবো ! "

ভূতেদের কথা অমান্য করা ভালো না, ডিম্ভূতদের কথা তো আরোই না, তাতে পেটে বায়ু হয়। সুতরাং পরদিন , আমি খোঁজ লাগালাম, ভালোবেসে ডিমের আর্ধেক কাকে দেওয়া যায়, তারপর.....তারপর তো অন্য গল্প বড়দের গল্প।

ডিম্ভূত আসে মাঝে মাঝে, ভালো পরামর্শ দেয়, গল্প টল্প করে, তোমাদের কারো কিছু জানার থাকলে বোলো খন, জানাবো তাকে।

Thursday, June 21, 2018

আইটি পুতুল আর মাটির পুতুল

আমাদের আপিসের সামনে বিকেলবেলা মেলা বসে যায়। চিংড়ির চপ চিকেন ভাজা থেকে লিট্টি, ভাঁড়ে চা থেকে মকাইবাড়ি চা, পরোটা কচুরি থেকে চাউমিন যা চাইবে তাই, মায় গেঞ্জি অব্দি বিক্রী হয়। তা এসবের ভীড়ে কিছু মলিন মুখের ছেলেও ঘোরাঘুরি করে, যাদের ক্রেডিট কার্ডের টার্গেট মিট হয়নি, কিংবা বিষন্ন পেয়ারাওলা যার আজ অনেক পেয়েরাই বেঁচে গেছে। এসব পেরিয়ে একটু তফাতে গেলে একটা চপ মুড়ির দোকান পরে, আইটি কুলিদের ভীড় কম এখানে, কারন চার পা বেশী হাঁটতে হয় ফলে দু পা হাঁটার জায়গায় ভীড় বেশী হয় তাদের। আর এখানে ওই ক্রেডিট কার্ড বিক্রী, সিকিউরিটি গার্ড, সাইকেলে(কেতের সাইকেল না পাতি লজঝড়ে সাইকেল) কাজ করে ফেরা লোকেদের ভীড় বেশী। তাই এখানে এখনো দুটাকার শুকনো মুড়ি ঠোঙায় দেয়, চপ পিঁয়াজির সাথে। আমি আবার একটু ভীড় দেখলে ভয় পাই, দুপুরে খেতে যাবার সময় সহকর্মীদের এই যে এইটা করে যাবো বলে কাটাই, বিকেলে চা খেতে নামার সময় কাটাতে না পারলে ওই খাদ্যমেলায় হারিয়ে যাই। আমার সারাক্ষণ কথা বলতে ভাল্লাগেনা। তাই আমি আলো কমে আসা বিকেলে পায়ে পায়ে এগিয়ে যাই, ঠোঙা করে কেমন মুড়ি নিয়ে একটা চপ দিয়ে থাবা মেরে মেরে খায় আমি মন দিয়ে দেখি, আমার গ্রামের কথা মনে পড়ে যায়। আমাদের গ্রামে সকালের জল খাবার খায় না, বলে সকালে, মুড়ি খাওয়া হয়েছে? আর ওসব শৌখিন মুড়িমাখা না, এক থাবা ঘুগনি কি আলুরদম কি একটা আলুরচপ দিয়ে এক ধামা মুড়ি খায় সব। যার মুড়ি বেশী সে জল ঢেলে নেয়, কমে ছোট হয়ে যাওয়া মুড়িতে অল্প চপ, কি তরকারি দিব্যি কুলিয়ে যায়। যেমন ভাতে তরকারি কম হলে খাওয়া হয় তেমন আর কি।

স্মৃতি ভারী অদ্ভুত না? গ্রামের কথা, মাঠের কথা এতো মনে পড়ে অথচ আমি আমার ছোড়দির জন্য পুতুল আনতে যেতাম কুমোরবাড়ি থেকে মনেই ছিলোনা। সেদিন নন্তের সাথে কথা বলতে গিয়ে মনে পড়লো। নাক বোঁচা থ্যাবড়া মাটির পুতুল। কুমোরবৌটা মাটির চাকে সরা হাঁড়ি তৈরী করতো, কোনোকোনোদিন গরুকে জাবনা দিতে যেত। আড়াই টাকা করে দাম হতো মনে হয় পুতুলগুলোর, আমার দিদি ওগুলোকে শাড়ি পরাতো আর কি কি করতো।মনে পড়ছে না, কিন্তু ওই ছবিটা দিব্যি মনে পড়ছে, আমি আর ছোড়দি গিয়ে দাঁড়িয়েছি, ওদের মাটির দোতলা বাড়ি ছিলো, সেইটাই একটা বিস্ময় ছিলো আমার কাছে, সিঁড়ির বদলে মই বেয়ে উপরে উঠে যেতে হতো, তারপর খড় চাপা ঝুড়ি থেকে বের করে আনতো। পুতুল পেয়েই আর দাঁড়াতে চাইতো না ছোড়দি আর আমি ভাবতাম ওই মাটির চাকে আমায় একটু মাটি দিতে দেবে? হাঁড়িটা শেষ হওয়া অব্দি দেখতে চাইতাম আর ছোড়দি ছটফট করতো।

সকাল বেলা লু লাগা শহরে গরমকালের ছোটবেলা এমন থাবা মারে কেন? আচ্ছা কুমোরপাড়া কি আদৌ আছে? এখনো কোনো গ্রামে এরকম সস্তার পুতুলের বায়না করে কেউ? গরমকালে সকালে লু এর বদলে আমগাছের হাওয়া দেয়? কি জানি হয়তো সেই কুমোর এখন মুদীখানা করেছে, আচ্ছা মাটির দোতলা বাড়ির সেই রহস্যময় সিঁড়িটা আর নেই না? এহে ওই সিঁড়ি দিয়ে উঠলেই গুপ্তধন এর খোঁজ পাওয়া যেত যে, সিঁড়িও নেই গুপ্তধনও...

Saturday, June 16, 2018

ঘুম পেলে কত কি হয় ...


রাতগুলো কেমন গম্ভীর টাইপ হয়না? অনেক রাত এখন বুঝলে? আমার হিসি করা, জল খাওয়া ওষুধ খাওয়া হয়ে গেছে আলো নিভিয়ে শুতে যাবো কী মনে হলো বারান্দায় গেলাম। সন্ধ্যেবেলা এক পশলা বৃষ্টি হয়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটাও লোক নেই রাস্তায়। তিনটে কুকুর খালি শুয়ে, একটা আবার পা গড়াগড়ি খাচ্ছে আর ঠ্যাং উঁচিয়ে আহ্লাদ করছে। ঝাঁকড়া গাছটার নীচে একটা টিউবলাইট দপদপ করছে দেখি। দূর থেকে একটা সাইকেলে অলস প্যাডেলে কে যেন আসছে, আমি দেখছি চেয়ে কুকুরগুলোর রিয়্যাকশন কী হয়। হতভাগা বিটলে গুলো কিচ্ছু করলো না! আমি হলেই খ্যাঁচম্যাচ লাগাতো। ওদিকে দূর থেকে চৌকিদারের বাঁশি শোনা যাচ্ছে, এর জন্যই লেখা হয়েছিলো, "তারে আমি চোখে দেখিনি, তার অল্প অল্প বাঁশী শুনেছি"। চারদিকে সব বাড়িতে আলো নেভানো, এমনকি পাশের বাড়ির নতুন বিয়ে হওয়া ছেলেমেয়ে দুটোর হাসির আওয়াজও শোনা যাচ্ছে না। এসময়টাই ভূতেদের উপযুক্ত সময় বটে। কুকুরটাকে গালাগালি দিলাম অলম্বুষ গেঁড়ি গুগলির ঝাঁক বলে, ফিরতে যাবো দেখি আমাদের বারান্দার গ্রিলটা এসিরর সাথে কথা বলছে।
"কিরে আজ তোর নাইট নেই?" 
" না রে, আজ বৃষ্টি হয়েছে কিনা, ছেলেটা আবার শীতকাতুরে খুব, হাহাহা।"
"হ্যাঁ রে তোর খুব কষ্ট হয় না রে? রোজ রোজ অত গরম হাওয়ায় গা ডোবাতে হয়? 
- আরে ছাড় তো, প্রফেশনাল হ্যাজার্ডস। আমার জন্য তো তোকেও কষ্ট পেতে হয়, গরম হাওয়া তো তোর গা বেয়েই যায়!
- আরে না রে সেটা বলার জন্যই তো, আজ জানিস হাওয়াদা ফ্রিজের থেকে আইস্ক্রীমের ভাপ এনেছে জামার পকেটে করে। চল গায়ে জড়িয়ে খেয়ে নিই। তোর আজ ছুটি ভালোই হলো। কি বলিস?

তারপর আর আমি জানিনা কি হলো। এসব অশৈলী কাণ্ডকারখানা দেখে বেজায় ঘাবড়ে গেছিলাম তাই হেঁচে ফেলেছিলাম। ওমা তাতেই দেখি চারধার সব নিশ্চুপ।

রাতগুলো শুধু গম্ভীর না বেজায় সিক্রেট পকেট হোল্ডারও দেখছি হ্যাঁ। ^_^