খুব সকালে ঘুম ভেঙে গেল, চোখ মেলে দেখি আকাশ লাল হয়ে আছে। মেঘ সরে গিয়ে নীচের শহর, গাছপালা জঙ্গল সব দেখা যাচ্ছে। গরম পোশাক পরে বাইরে এসে টের পেলাম সবাই আমার আগেই জেগে গেছে। পাখিরা কিচিরমিচির লাগিয়েছে, গাছপালার শব্দ হাওয়া না বইলে শোনা যায় না মনে হয় বটে, কিন্তু চুপ করে অনেকক্ষণ দাঁড়ালে হাওয়ার শব্দে, পোকার শব্দের সাথে গাছেদের কথাবার্তাও শোনা যায়। সে ভাষা জানিনা বলে বিশদে বোঝা যায় না। কিন্তু খানিক সময় দিলে একটু একটু বোঝাও যায়। ছাইছাই হোঁৎকা হুলোটা টহল দিয়ে গেল। ছাতারের মতো দেখতে কিছু পাখি খুব ব্যস্ত। "চল চল, আজ রোদ বেরিয়েছে, ওই বাঁশের বনে পোকা মিলবে। উফফ আমাকেই সব দিকটা দেখতে হচ্ছে, কই গো তোমার সাজগোজ শেষ হল? একটু পরে আবার বৃষ্টির প্রেডিকশন আছে, বাজারপত্র করতে হবে তো নাকি? আহ ছেলেমেয়ে গুলোও হয়েছে, কোথায় এদিক সেদিক ঘুরে বেড়াবে এমন সুন্দর সকাল এ পাড়াতেই ঘুরঘুর করছে। অ্যাই আগের সপ্তাহে তোকে যে ডাইভটা শিখিয়েছিলাম, পোকা ধরে সাঁৎ করে চলে যাওয়ার কায়দাটা দেখা দেখি"। এই সব কথাবার্তা চলছে তাদের। চা বিস্কুট খেয়ে আমরাও বেরিয়ে পড়লাম হাঁটতে। আজ বাঁয়ের পথ নিয়েছি। চারদুকান এর উল্টোপিঠ। চারদুকান মানে চারটে দোকানই হওয়ার কথা ছিল কিন্তু পাঁচটা আছে মনে ভুলে। কাল ওখানে একটা দোকানে চমৎকার একটা চিজ বান ওমলেট খেয়েছিলাম। লাল টিব্বার দিকে রাস্তাটা বেশী ফাঁকা। যদিও সেটা সকাল বলেই। একটু পরেই ইন্সটার দৌলতে কোটি কোটি গাড়ি আর স্কুটি চলে এসে রাস্তা জুড়ে দাঁড়িয়ে পড়বে। আপাতত সকাল সুন্দর। ট্যাংগো আজ আসেনি আমাদের সঙ্গে। ব্যাটা নির্ঘাৎ ঘুমুচ্ছে আয়েস করে। খানিক হাঁটতে দেখি বরফঢাকা পাহাড় উঁকি মারছে। লালটিব্বার এখান থেকে সিস্টার্স বাজার অব্দি সঙ্গে সঙ্গেই চলবে। এদিক থেকে নন্দাদেবী, গঙ্গোত্রীর রেঞ্জ ইত্যাদি সব দেখা যায়। একটা দুটো লোক রাস্তায়, প্রাত:ভ্রমণে বেরিয়েছে। বৃষ্টির পর পর বলেই কিনা কে জানে, চারদিকটা একেবারে ঝকঝক করছে। সবুজ পাহাড়,তারপর বাদামী পাহাড় তারপর সাদা পাহাড়, ঠিক যেন পিকচার পোস্টকার্ড। লালটিব্বায় উঠতে গেলে টিকিট কাটতে হয় আর সেটাও ক্যাশে। সাত সকালে চা মানিব্যাগ মনে করে বেরোলে তো হয়েই যেত! পাশেই একটা ভাঙা বাড়ির সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখি বেশ অনেকটা দূর অব্দি দেখা যাচ্ছে বটে! ওদিকে এক কান্ড হচ্ছে তখন। এ অঞ্চলে বাঁদরের উপদ্রব খুব বেশি। একজন স্পেশাল চাইল্ড বাপ মা এর সাথে এসেছে, হাতে তার ফ্রুট জুস বা ওই জাতীয় কিছু। একটা বাঁদর সাঁ করে এসে ছিনিয়ে নিয়েছে সেটা। সে বেচারা এমন আকস্মিক হানাদারিতে হতভম্ব। অমনি ওখানে একটা কুকুর শুয়ে ছিল, সে কুকুর নিজেও তেমন সুস্থ না, চার নাম্বার পায়ে চোট লেগেছে বা কিছু হয়েছে। সে ঝিমুনি কাটিয়ে সোজা এগিয়ে গেল, বাঁদরটাকে ধমকে বকে দূর করে দিল।
সত্যিই লড়াই করার জন্যে গায়ের জোরের থেকে বেশী মনের জোরটাই লাগে।
আমরা এগিয়ে চলতে চলতে দেখি পাহাড়ের গায়ে মিশে একটা ভারী সুন্দর বাড়ি দাঁড়িয়ে। জঙ্গল পাহাড়ের সাথে একেবারে মানানসই। কোথাও উচ্চকিত বড়লোকি নেই আবার কোথাও অভাবী ভঙ্গীও নেই। গাছের পাতার ফাঁক দিয়ে রোদের আলপনা মাখা সে রাস্তায় সে বাড়িটা এক পরিচিত বাঙালীর। সে বাড়ি পার করে একটু এগোলেই সমাধিক্ষেত্র। কতদিনের পুরোনো সময় শুয়ে আছে পাথর মাটির তলায়। বেশীরভাগই পৃথিবীতে মিলে গেছে ফের। ডি ডের দিন ডাকাডাকি করলে উঠে আসবে হয়তো মৃতদেহ থেকে জন্ম নেওয়া হাজার হাজার নতুন কীটপতঙ্গ, গাছের শেকড়। কোথাও কোনো আওয়াজ নেই। সকালবেলা বলে গাড়ি বাইকও নেই। শান্ত এই পাহাড়ের বুকে শুয়ে থাকাটা মন্দ নয় মোটেও। চুপ করে দাঁড়িয়ে থাকতে থাকতে গাছের আওয়াজ কানে পৌঁছয়, পোকামাকড়ের ডাকও পৌঁছয়৷ আশ্চর্যজনক ভাবে আমি গাছেদের গন্ধ পাইনি এখানে। অথচ না পাওয়ার কারণ নেই।নাকটা একেবারেই গেছে মনে হয়। হাঁটতে হাঁটতে কেলগ চার্চের কাছে পৌঁছে দেখি কোন বেচারার সাধের কেক থাবা মেরে কেড়ে নিয়েছে বাঁদরের দল।
বাড়ি ফিরে ফের বেরিয়েছি। এতক্ষনে চারদুকানে ভীড় শুরু হয়ে গেছে। আমরা হেঁটে হেঁটে মুসৌরি যাব। কিছু বিশেষ কোথাও যাওয়ার প্ল্যান নেই। জর্জ এভারেস্ট পিক এর হাইকটা করার ইচ্ছে আছে এই অব্দিই। আর হ্যাঁ গাঢ়ওয়ালি থালি খেতে হবে। রাস্কিন বন্ডের বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে থমকে দাঁড়িয়ে আন্দাজ করি, বৃদ্ধ লেখক কোন ভাবনায় ডুবে আছেন নিজের মনে হয়ত। রাস্তায় ইতিমধ্যে গাড়ি বেড়ে গেছে। উইকেন্ড "মানাতে" পরপর গাড়ি, স্কুটির মেলা। ল্যান্ডোরে এত ভীড় হয় ইন্সটায় ছবি দেবার জন্যে, কিন্তু ল্যান্ডোর তেমন জায়গা নয়৷ এখানে পায়ে হেঁটে ঘুরতে হয় বা বসতে হয় প্রাচীন গাছের সামনে নিশ্চুপে। পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে নেমে ক্লক টাওয়ার এর আগে একেবারে কী বলি, মাখামাখি অবস্থা। হেঁটে অব্দি গলার জো নেই এমন হাল। এরই মাঝে দেখি একটা বেশ প্রাচীন খাবারের দোকান। গুড়ের চা খাওয়া গেল পেতলের পাত্রে। তারপরেই অপরজনের চোখে পড়ে উলটো দিকের দোকানে লেখা দেড়শ বছরের কাছাকাছি বালগোপাল মিষ্টি বিক্রি করে। এবার কথা হল আমি মিষ্টি ভালোবাসি বটে, তবে অবাঙালি মিষ্টি তেমন না। পাহাড়ী মিষ্টির দোকান গুলো বেশীর ভাগই আজেবাজে মিষ্টিই মেলে। রাবড়ি যে দোকানে বিক্রি হয় সেটা আলাদা ব্যপার। তাও একবার তো ঢুঁ মারতেই হয়। খানিকটা কড়াপাকের মিল্ককেকের মতো খেতে ব্যপারটা। তবে এর উপরে হোমিওপ্যাথির মিষ্টি গুলি গুলো দেওয়া থাকে। আমরা অবশ্য বিনা গুলির ভার্শনটাই খেলাম। প্রথমে একটা, তারপর দুটো, তিনটে...শেষে আড়াইশো মতো প্যাক করে নেওয়া হল৷ দোকানদারের ব্যবহার ভারী ভালো। মিষ্টি জল খেয়ে দাম দিতে গিয়ে দেখি আরে কিছু মিষ্টি এমনিই খাইয়েছেন! বলছিই তো, রাস্তায় বেরোলে ভালোবাসা এমনিই জড়িয়ে মড়িয়ে ধরে চারদিক থেকে এই ঘেন্না ছড়ানো সোশ্যাল মিডিয়াটাই অলীক মনে হয়।
ফের এই স্কুটিকে ডজ করে ঐ গাড়ির ফাঁক গলে পিকচার প্যালেস অব্দি পৌঁছে লাইব্রেরি বাজারের দিকে হাঁটছি। আবার আটকে গেলাম। একটা দোকানে কী ভীড় কী ভীড়। লোকে লাইন দিয়ে সিঙারা, রাবড়ি গরম জিলিপি খাচ্ছে৷ রাবড়ি জিলিপিকে উপেক্ষা করে চলে যাওয়া যায় না। দোকানটা ছোট্ট একফালি। ফুরসত পাচ্ছে না দোকানি তিনজন। রসো রসো, দিচ্ছি রে বাবা দিচ্ছি। এই তো ভাই তোমাকেই দেব। নানান ভাবে বুঝিয়ে না বুঝিয়ে চলছে দোকানিদারি।
আজ আমাদের খাদ্যদিবসই বলা যায়। আরো খানিক এগিয়ে কেলসাং এ ঢুঁ মারা গেল। সেখানে আবার লাইন পরেছে। লাইনে দাঁড়িয়ে এক হাসিখুশী মোটাসোটা ভদ্রমহিলার সাথে আলাপ হয়ে গেল। এখানেই থাকেন। ছুটির দিনে সপরিবারে ঘুরতে বেরিয়েছেন। আমাদের অবশ্যই করে কটা দোকানের নাম বলে বললেন যেতে। এই দোকানটার পাশেই সেই বিখ্যাত দোকান যেখানে রাস্কিন বন্ড প্রতি শনিবার আসেন সুস্থ থাকলে। মুসৌরির মল রোড সিমলার মতো সুন্দর না হলেও হাঁটতে মন্দ লাগে না। লোকজন, অদ্ভুত নামের হোটেল, যত্রতত্র সর্বত্র বিরাজমান রীল ক্রিয়েটর সব কিছু মিলিয়ে হাঁটি। পাহাড়ের ঢালে তখনো দিব্যি রোদ, বৃষ্টির প্রেডিকশন উড়িয়ে দিয়ে। চার্চের চাতালে একটা মা কুকুর আর একটা এইটুকু ক্রীম রঙের কুকুর। জিভ দিয়ে সামান্য আওয়াজ করতেই সে তুড়ুক করে চলে এসেই মনে হয়েছে, "এখন তো দুপুরবেলা, মা বলেছে দুপুরবেলা ঘুমোতে আর অচেনা লোকেদের কাছে না যেতে।" মনে পড়তেই, সঙ্গে সঙ্গে মা কুকুরের দিকে তাকালো। মা হল যাকে বলে কড়া মা। একবার চোখ তুলে তাকিয়ে ফের ঝিমোতে গেল। কিন্তু ওই তাকানোতেই ছানাটার হয়ে গেছে। পাঁইপাঁই করে ছুটে ফিরে গেছে। "ওরে বাবা মা খুব বকবে। আচ্ছা একবারও কি যাওয়া যাবে না। থাকগে, বলেও লাভ হবে না। মা কিছুতেই পারমিশন দেবেই না। ওই যে আমার বিছানা, আমি বাবা ঘুমোই "। মন খারাপ করে শুয়ে পড়লে কী হবে, মোটেও ঘুমোয়নি, একবার করে দেখছে আমাদের ফের মাথা নামিয়ে নিচ্ছে।
জিতের দোকানে গাঢ়ওয়ালি থালি আসে। রাগির রুটি, ঢেঁকি ছাঁটা চালের ভাত, দেশী ঘি পাহাড়ি ডালের বড়া, পাহাড়ি রাজমা, স্থানীয় শাক, ছাঁস, জিঙ্গোলার (মিলেট জাতীয় কিছু) পায়েস স্বাস্থ্যকর ব্যপার স্যপার। এইবার আমাদের যাবার কথা যেখানে সেটা এখান থেকে পাঁচ কিলমিটার কিলোমিটার দূর। এতটা হেঁটে আর হাঁটা যাবে না। এদিকে আমায় স্কুটি ভাড়া নিতে দিচ্ছে না। ভরসা নেই! হায়রে, একসময় এ শর্মা, পালসারে করে কাঁহা কাঁহা মুলুক ঘুরে বেড়াত। একদিনেই তো সে পোক্ত হয়নি, বেশ মনে আছে প্রথম প্রথম টলমল করতে করতে চালাতাম। মাকে নিয়ে যেবার প্রথম চালাই, তখনও হাত পাকেনি তেমন...যাই হোক, "তুমি আর কোথায় পেলে সেই আমাকে"। স্কুটি না নিলে উপায় হল গাড়ি। গাড়ির দাম স্বভাবতই বেশী কিন্তু সমস্যা হল এই সব খাওয়া আর দাঁড়ানোতে বিকেল গড়িয়ে এসেছে। হাইক করতে একটু সময় নিয়ে যাওয়াই ভালো। সুতরাং কাল যাব খন।
সন্ধ্যেবেলা ঘর অন্ধকার করে বসে থাকতে থাকতে কেমন অদ্ভুত ঘোর তৈরী হয়। আমি একটু চোখ মেললেই আশ্চর্য সব জিনিস দেখতে পাই। বাথরুমের দেওয়ালে, আকাশের মেঘে। জানালার কাচে তাকাতে দেখি, নীচে একটা সমুদ্র, প্লেন থেকে নামার সময় সমুদ্রে যেমন নৌকা দেখা যায় সেরকম সব বাড়ি গুলো আলো জ্বেলে হাউসবোটের মতো হয়ে গেছে। আবার একটা দুটো বাড়ির আলো নিভে গেলে দৃশ্যপট বদলে একটা পাহাড়ি লেক হয়ে গেল, বাড়ি গুলোর ছায়া পড়ছে যেন। ফোন, ক্যামেরা, এআই কিচ্ছুতে এসব তোলার উপায় নেই। এ দৃশ্য তৈরীই হয় আমার জন্যে খালি। গোপনে গোপনে পৃথিবী তৈরী করে এমন আশ্চর্য সব মায়ারূপ। কী অজ্ঞাত কারনে প্রকৃতিকে এক ফোঁটা না জেনেও, না বুঝেও তার প্রেম, তার ভালোবাসা পাওয়ার যোগ্য হয়েছি কে জানে! ভালোবাসা প্রেম এগুলো সম্ভবতঃ আমার মতো কম বুদ্ধির হাবলা ছেলেদের জন্য রাখা থাকে, না হলে তারা এমন কম বুদ্ধি নিয়েও লড়াইয়ে নামবে কেমন করে?
মুসৌরির এই জর্জ এভারেস্ট হাইকটা একদম আমাদের মতো আনফিট লোকেদের জন্যই। দু আড়াই কিলোমিটার চড়াই ভাঙা মাত্র। প্রথম এক কিলোমিটার স্কুটি, গাড়ি চলে। যদিও আমাদের গাড়ি ওই অব্দি যায়নি। সত্যি বলতে গাড়ি বা স্কুটি না চললেই ওই রাস্তায় ভালো হত। এতো তীর্থ দর্শন না যে মরি বাঁচি যেতেই হবে! দুই পাশে গাছের ছাওয়া, পাথুরে রাস্তা। শুধুবন্ধুবান্ধবদের দল না। এক দক্ষিণ ভারতীয় পরিবার, দুই ছেলে মেয়েকে নিয়ে চলেছে। এরা ভারী বদামো করেছে একটা। টজিক ঢোকার মুখে টিকিটের দাম রেখেছে চড়া, এবার এতটা এসে কে আর না টিকিট কেটে যাবে! টিকিট কেটে খানিক এগোলে একটা চমৎকার ফাঁকা জায়গা, হেলিপ্যাড, জর্জ এভারেস্ট এর বাড়ি, তার মূর্তি। নাহ, রাধানাথ শিকদার কোথাও নেই। রাস্তাটা ভারী ভালো, সরু চড়াই। আহাহা এইরকম পাহাড়ে হাঁটতে পেলেই মন ভালো হয়ে যায়। আশেপাশে একটা একটা গাছে শেকড় পাথর ভেদ করে বেরিয়ে রেলিং এর মতো হয়ে গেছে। মসৃন, মজবুত। চুড়োয় অবশ্য মেলা ক্যাঁচড়ম্যাচোড়। সব কম বয়সী ছেলে মেয়ে। ছেলেই বেশী। একজন জিম করে দারুণ ল্যাট বানিয়েছে, তাকে সেটা তো দেখাতেই হবে, সুতরাং ঠান্ডা হাওয়া উপেক্ষা করে, সে খালি গায়ে পোজ দিচ্ছে, এক মেয়ে হিল পরে পাহাড়ে উঠেছে! এরই মধ্যে আমরা, আমাদে ঝোলা থেকে স্যান্ডউইচ বের করে একটা ফাঁকা মতো সাইড দেখে বসলাম। মাথার একটু উপরেই চিল উড়ছে, আর তার থেকে একটু দূরে হেলিকপ্টার। নীচের সবুজ জঙ্গল, দূরের পাহাড় আর উপত্যকা। ছবি তোলার চেষ্টা করলাম অনেকবার, কিন্তু কিছুতেই এই সুন্দরটা ধরাই গেল না! অনেক অনেকদিন পর, গভীর অপমানের সময়, কিংবা দু:খের সময়, কিংবা অকারণ অস্থিরতার সময় এই পাহাড়ি রাস্তা, দিগন্তের ওই চিল, সবুজের ওই খাদ আমায় শান্ত করবে, ওই গাছের শিকড়টা সাপোর্ট দেবে নুড়ি বিছোনো পথটা পার হতে। আর গাছে ঢাকা রাস্তাটা, সমাধিক্ষেত্রটা, বরফপাহাড়টা গুনগুন করবে...ফের বেরোনোর জন্যে।
ঘুরতে যাওয়ার আনন্দের সঙ্গে যদি বন্ধু বান্ধবদের সাথে মোলাকাত হয়ে যায় সে তো যাকে বলে মিষ্টি দই এর উপর মালাই(ডালডার ভেজাল মালটা না) পাবার মতো আনন্দ হয়। দেশ বিদেশ জুড়ে বন্ধু বান্ধব ছড়িয়ে থাকলে যা হয়। এক বন্ধু দেরাদুনে চাকরি করে। বহুদিন ধরে আমাদের বলেছে যেতে। যাওয়া হয়েই ওঠেনি। এইবারেও চোরে কামারে দেখা আর হয়না। শেষ অব্দি ফেরার দিন পর্বতই গেল মহম্মদের কাছে। তারপর যা হয় প্রচুর আড্ডা, গল্প, অনেকটা সুন্দর সময়।
একেকটা দিন বড় সুন্দর ভাবে শুরু হয়ে সুন্দর ভাবে শেষ হয়। সেই দিনটায় প্রকৃতি মানুষ সবাই বেশ রিদমে বাজে, সঠিক স্পীডে সঠিক গীয়ারের মতোই মসৃন। উত্তরাখন্ডে কাটানো দিনগুলো অমন। পরের বার একবার ফের যাব, সেবারে গুহা টুহা খুঁজে দেখবো, সাধুরা সবাই গেল কোথায়? কিংবা নদীর পাড় ধরে ধরে হাঁটবো উৎসমুখে। কিংবা কোনো এক বুগিয়ালে মখমলি ঘাসে চিৎ হয়ে শুয়ে থাকবো...স্বপ্ন? তা মশাই "সত্যি যে কোথায় শেষ হয়, স্বপ্ন যে কোথায় শুরু হয় বলা মুশকিল"।
যথারীতি চমৎকার। খুব সুন্দর
ReplyDelete