Sunday, March 14, 2021

অনেকদিন পরে পাহাড়ে(তিন)

 সেই কবে ছায়াতালে মোমো খেতে খেতে থেমেছিলাম। তারপর লম্বা গ্যাপ দিয়েছি। সরি হ্যাঁ? 

সকাল বেলাতেই বেরিয়ে পরবো,  লম্বা পাড়ি দিয়ে দাওয়াইপানি।  ছোট্ট পাহাড়ি গ্রাম, কয়েকটা হোমস্টে, গাছপালা জঙ্গলে ঘেরা। দাওয়াইপানি আজকের ইন্টারনেট যুগে অচেনা নাম না, দার্জিলিং এর কাছেই। মুশকিল অন্য জায়গায়, আজকাল কোনো জায়গাই অফবিট নেই, তাই সব জায়গাতেই ভীড়,  "কাল থেকে তো সমানে পাদলা পায়খানা হচ্ছে" ,  বাক্যাংশ শোনা যায় গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে দিয়ে কিংবা উড়ে আসে ব্লুটুথ স্পিকারে টুম্পা সোনা অধিকাংশ জায়গায়। আরেকটা দিকও আছে, যেটা সত্যি বলতে কোভিডের আগে কখনো চোখেও পড়েনি। একটা কম্বলের ওয়্যার পড়াতে খুব এক্সট্রা পয়সা লাগে না খুব কিছু, হোমস্টে গুলোতে সেই কন্সেপ্টই নেই। কেন কে জানে!দাওয়াইপানিতে আমারা থাকবো ঠিক করেছিলাম যখন যে ভদ্রলোকটির সাথে কথা হয়, ফোনের ওপারে ভারী বিনয়ী নম্র এক পাহাড়ি মানুষ। বীরেন রাই এর দু রকম ঘরের একটু বেটার যেটা সেইটায় বুক করেছিলাম মাস দুয়েক আগে প্রায়। ভদ্রলোক ফোনে জানিয়েছেন যে ভালো রাস্তায় কাজ চলাচলের জন্য আটকে আছে, অন্য একটা পাথুরে রাস্তা আছে সেটায় আসা সব ড্রাইভারের জন্য সম্ভব নাও হতে পারে। কথাবার্তা বলে ঠিক করা গেলো তিনমাইল অব্দি আমরা যাবো নিজেদের ঠিক করা গাড়িতে বাকিটা ও ব্যবস্থা করবে। কালুক থেকে দাওয়াইপানি কম দূর না। বীরেনের মাখন হাত, ঝকঝকে নীল আকাশ, উচ্ছল তিস্তা নদী সে রাস্তা নিমেষে পেরিয়ে যায়। ছেলে ঘুরতে ভালোবাসে, ছবি তুলে বাঁধিয়ে রাখে ঘরে, বন্ধুরা মিলে ঘুরতে গেলে ফূর্তি না করে স্রেফ স্টিয়ারিং এ মন দিতে হওয়ায় ভেবে নিয়েছে এবারে আর নিজে গাড়ি চালিয়ে যাবেনা ঠিক করেছে। হাসিখুশী, নম্র এবং দক্ষ ছেলেটাকে ভারী ভালো লেগেছে। আবার কখনো দেখা হবে কিনা কে জানে!


 তিনমাইল থেকে দাওয়াইপানির রাস্তাটা আহাহা।এবড়োখেবড়ো রাস্তায় সচরাচর গাড়ির চাকা চলে না বোঝা যায়।দুধারে ঘন জঙ্গল, পাখির ডাকের আওয়াজ শোনা যায় না অবশ্য গাড়ির আওয়াজে। এই রাস্তাটায় আবার আসতে হবে তো পায়ে হেঁটে। দাওয়াইপানিতে কিচ্ছু করার নেই সেইটাই একটা ভালো দিক, পাহাড় দেখো, জঙ্গলে হাঁটো বা গ্রামে ঘোরো ব্যাস। কিন্তু শুরুতেই মুশকিল। বীরেন রাই গেছে গ্রামের লোকের সাথে হাত মিলিয়ে রাস্তা ঠিক করতে,  আর ওর বউ আমাদের ঠিক করা ঘর দিয়ে দিয়েছে অন্য এক দলকে। তারা তো এরকম মওকা পেয়ে আর বেরোবেনা ঘর থেকে। এদিকে অন্য যে ঘরটা দিচ্ছে সেটা বড়ই ঘিজিমিজি মতো, মানে একটা গ্রুপ এসেছে তারা তোয়ালে পরে খালি গায়ে দেখলাম নতুন অফার করা ঘরটার পাশের ঘরটা থেকে বেরোচ্ছে। আমায় আপনারা নাক উঁচু বলতেই পারেন, কিন্তু কিছু জিনিস আমার বরদাস্ত হয়না।  খালি গায়ে তোয়ালে জড়িয়ে বেরিয়ে আসা এই দল শিওর রাতের বেলা উল্লাস যাপন করবে মদ খেয়ে  কন্ট্রোল করতে না পেরে বমি করে বা চড়া মিউজিক চালিয়ে। পাহাড় মাখতে  এসে এসব আমার পোষায় না। সুতরাং অনড় হয়ে দাঁড়িয়ে রইলাম, ওই ঘরে যাবো না। ফোনাফুনি, এক্সপ্ল্যানেইশন ইত্যাদির মাঝে দেখি এক বাঙালী লোক এসে বলছে, "কী হয়েছে?" বাঙালী দেখে নেচে উঠেছি এমন না, কারন বেশীরভাগ সময় বাঙালীরা এসব ক্ষেত্রে অ্যাডজাস্ট করার পরামর্শ দেয়, তাছাড়া উটকো লোককে জবাব দিতেও ভাল্লাগেনা। 




ভদ্রলোক নরম গলায় বললেন, ওনার নাম সূর্য।  এখানেই আড্ডাহাট বলে একটা হোমস্টের মালিক। একবার যদি আমরা দেখে নিই ঘরটা।  সমস্যা যখন হয়েইছে, এটা ওনার গ্রাম, গ্রামের অপবাদ হতে দিতে চাননা বলেই বলা। মুখের উপর না বলা যায় না, পছন্দ না হলে না বলব, একবার দেখেই আসা যাক। আড্ডাহাট একটু উপরে, চড়াই ভাঙতে হয় একটু। পিছন থেকেই  জঙ্গল শুরু। দেখে ভালোই লাগলো। থেকেই যাই নাকি?


 


ভদ্রলোক জানালেন,ওনার বন্ধুরা এসেছে, সময় কাটাতে একসাথে,বোর্ডার আর কেউ নেই তাই কুক ছুটিতে।  মায়াই লাগলো,  বেচারা, তার চেয়েও মায়া লাগলো বন্ধুর বউদের  উপর,  তাদেরই রান্না করতে হচ্ছে কিনা। এক্সট্রা এক জোড়া লোক তাদের দেখাশোনা। কোনো মানে হয়! কিন্তু কোনো রকম অসন্তোষ না রেখেই তারা আমাদের খেয়াল রেখেছিলো একথা না বললে অন্যায় করা হবে। আড্ডাহাট এর একটা লম্বা বারান্দা আছে, সব থেকে কোনের ঘরটা আমাদের ছিলো, বাকি দুটোয় সূর্যবাবুর বন্ধুরা ছিলো, তারা নিজেদের মধ্যে আড্ডায় ব্যস্ত, নীচে, উপরটা আমাদেরই দখলে বলা যায়। 

কালুকে কেনা পেয়ারা ওয়াইন।দেখতে অবশ্য স্কচের মতো


খেয়ে দেয়ে যে পথে গাড়িতে এসেছিলাম সেই রাস্তাতেই খানিক হাঁটা গেলো। ফিটনেস কমে গেছে খুব। চড়াই ভাঙতে কষ্ট হয়। কেউ কোত্থাও নেই, চেনা অচেনা কিছু পাখিরা ছাড়া। ক্যাঁ ক্যাঁ করে ডাকছে গাছের আড়ালে লুকিয়ে। বনে জন্তু কিছু আছে ছোটো তারাও লুকিয়ে আমাদের দেখছে কিনা কে জানে! এক জায়গায় খেলার মাঠ করা আছে। এতো গুলো গাছ কেটে মাঠ বানালো বলে ভাবতে গিয়ে টের পেলাম এটা ন্যাকামি হচ্ছে, হোমস্টেতে যে থাকছি, সেও গাছ কেটেই গড়ে উঠেছে, এই গ্রামটাই তাই। তা বেচারারা খেলবে কোথায় তাহলে? আবার এই করে ভাবতে গেলে পুরো জঙ্গলটাই সাফ হয়ে যায়! আমাদের এখন সামনে ঢাকতে গেলে পিছন ফাঁক হয়ে যায় আর পিছন ঢাকতে গেলে সামনে দশা। জনসংখ্যা আর লোভ দুইই না কমালে খুব কিছু উপায় নেই। মোটা ল্যাজওয়ালা কালো রঙের কী যেন ফস করে পিছন দিয়ে পার হয়ে গেল!  গা ছমছমে কোনো জন্তু বেশ! ভাবার তো দোষ নেই, দেখতে যখন পাইনি,বন বিড়ালই বা ভাববো কেন শুধু! 

বনপথে হাইক করে ফিরে গ্রামটা একটু ঘুরতে না ঘুরতেই বীরেন রাইজি হাজির হলেন। অত্যন্ত কাঁচুমাচু মুখে বারবার ক্ষমা চাইছিলেন। দেখে মায়াই লাগছিলো, আমরাই উল্টে বললাম আর কি করা যাবে! ক্রমে অন্ধকার নেমে এলো, গাছের ফাঁকে, বারান্দায়। প্রচন্ড ঠান্ডা হলেও ওই নির্জন বারান্দায় আমরা ঝুম হয়ে বসে রইলাম কতক্ষন কে জানে,  অন্ধকারের রঙ বদলালো, হাওয়ার গতি বদলালো, নীচ থেকে সূর্যর নেপালি সহকারী দেশী মুরগী কাটতে নিয়ে যাচ্ছে আওয়াজ এলো, বাচ্ছাগুলোর আওয়াজও ভেসে আসছিলো মাঝে মাঝে কিন্তু সব কিছু ঝাপিয়ে দূর পাহাড়ের জ্বলে ওঠা আলো, আর পিছনের জঙ্গলের শীত জড়িয়ে ছিলো চেয়ারগুলোয়। 

সকালে উঠে দরজা খুলে বেরিয়ে দেখি ফের তিনি। যদিও তেমন পরিষ্কার ভিউ না, কিন্তু তাতে আনন্দের কম হয়না কিছু। আর তার সাথে কিচিরমিচির কিচিরমিচির করে একগাদা পাখি তাদের সকালের বাজার হাট, দোকান পাতি করছে। এই দোল খেলো একজন তো ঝটাপটি করলো ওই দুজন, একা বসে রয়েছে আরেকজন ওই ডালে। আমি কাঁচা হাতে একবার ওই দিক আর এই দিক করে খান কতক কে ফ্রেম বন্দী করার চেষ্টা করলাম বটে, তবে তেমন হল কই আর। 







Friday, February 19, 2021

অনেকদিন পরে পাহাড়ে(দুই)

 ছায়াতাল বলতে বলতেই মনে পড়লো, এ লেখা লিখছি যখন, উত্তরাখন্ডের হিমবাহ গলে যাওয়া ঘটে গেছে।আমরা শুকনো নদী পেরিয়ে সিকিমের পথে চলার সময় দেখেছিলকম মরা নদীর কংকালে কেমন মানুষ পোকারা বাসা বেঁধেছে, নোংরা থিকথিকে। উত্তরাখন্ডের নদীগুলোর ওই দশা করতে গেছিলো,  টানেল করে স্বাভাবিক নদীপথ বদলে জলবিদ্যুৎ কেন্দ্র, বাঁধ গড়ে ভূপ্রকৃতি বদলে উন্নয়ন আনতে চেয়েছি তার দাম দিয়েছে কাজ করতে আসা শ্রমিক, কতদিনের প্রাচীন গ্রাম। যারা ওই নদীর জলে পুষ্ট হয়েছে এতদিন, ক্ষীন স্বরে প্রতিবাদ জানিয়েছিলো, তাদের নদী ধ্বংস হয়ে গেছে, তারা উড়ে গেছে হঠাৎ করে গলে যাওয়া হিমবাহের জলে, নতুন তৈরী হওয়া তালে।  


প্রকৃতি আমাদের কাছে আয়ের উৎস, তাকে দোহন করে আমাদের রবরবা তাকে আদর যত্নটুকুও করতে আমাদের কষ্ট। গাছ কেটে, নদী শুকিয়ে, আবর্জনায় ভরিয়ে দিয়ে আমাদের উন্নতি হতে পারেনা তা কি না বোঝার মতো বোকা আমরা?  নাকি আমরা ওই ফ্রায়েড ফ্রগ সিনড্রোমে আছি সব্বাই। আরেকটু কম নিঃশ্বাস নিয়ে, আরেকটু কম সবুজে,  কটা প্রাণ জলাঞ্জলি দিলেই সব ঠিক হয়ে যাবে ভেবে নিচ্ছি! সত্যি সত্যি সময় এসেছে চাকা ঘোরাবার, এত উন্নয়ন,  এত সভ্যতার কোন প্রয়োজনটা আছে! বটলড ওয়াটার না খেয়ে নদীটাই যদি পরিষ্কার রাখতাম? একটু কম বিলাস যাপন করে, একটু কম আরামে থাকলে এত ক্ষতি হত কি? আর হলে হত, কিছু তো করার নেই। এতো পেয়ে, এত দৌড়েও লাভ ঠিক কী হচ্ছে? শান্তি নেমেছে কি? রোজ একটা স্বাচ্ছন্দ্য পেয়ে মনে হচ্ছে এটা ছেড়ে কিভাবে ছিলাম।অথচ দিব্যি ছিলাম! 


বেড়ানোর গল্প করতে গিয়ে অনেক বেলাইনে কথা ছোটালাম। অবশ্য আমার ব্লগের পাঠক কেউইই নেই, নিজে নিজে কথা বলি নিজে নিজেই শুনি,  আর বেড়ানোর গল্পে পরিবেশের সংকট এর কথাও থাকুক। না হলে আমাদের সাধের সোনার ডিম পাড়া ট্যুরিজম ইন্ডাস্ট্রিও আর ডিম পাড়বে না। ছায়াতাল এর কাছেই একটা গেট আছে ভার্সে স্যাংচুয়ারির। এমনি লোকে খুব একটা যায়না, তাই কেউই ভালো বলতে পারছে না, কোথায় সে জায়গা। অবশেষে একজন পথ বাতলালো সিকিমিজ ভাষায় নরেনকে। সে আমাদের একটা জায়গায় নামিয়ে বলল ওই তো উপরে উঠে যান, মিল যায়েগা। সে একটা সরু সুঁড়িপথ, পাহাড় বেয়ে উঠছে। এখানেই সত্যি? হাঁটিহাঁটি পা পা করে এগোনো গেলো,এক ঝাঁক রঙ বেরঙের চঞ্চল পাখির ওড়াউড়ি, তাদের কিচকিচ ছাড়া আর শব্দ নেই কিছু। বাঁশের গাছ, ঝরে পরা পাতায় মচমচ শব্দ করে যত উঠছি বন যেন তত অপরূপ হচ্ছে। রডোডেনড্রনের সময় না এখন,  কিন্তু জঙ্গল রিক্ত না। পাতা লাল হয়ে যাওয়া গাছ, কতদিনকার প্রাচীন সব ফার্ণ জড়ানো গাছ দেখতে দেখতে দেখি একটা ভাঙাচোরা ঘরে, পাশে একটা পাকা পরিত্যক্ত ঘরের পাশে একটা গেট  ভার্সের ভিতর ঢুকছে। কেউ কোথাও নেই। চুপচাপ একটা দুপুর জঙ্গলে শুয়ে আছে। আমরাও নিজেদের মধ্যে কোনো কথা বলছিলাম না। হাঁ করে করে আদিম গাছ গুলো দেখতে দেখতে হাঁটছি, মাঝে মাঝে জলের আওয়াজ আসছে এদিক সেদিক থেকে, পাহাড়ি ঝোরা। কতক্ষন হেঁটেছিলাম জানিনা, তেরচা করে আসা রোদে পাখির ছবি তোলার চেষ্টার ফাঁকে খেয়াল হল,  আমাদের নামতেও হবে। আমরা তো পুরোটা ট্রেক করবো বলে আসিনি। সেই কতদিন আগে এর আরেক পারে এসেছিলাম, সেই সব গাছ, ভার্সের ট্রেকার্স হাটের কাছে সেই চ্যাটালো পাহাড়টা,মিংমা, রাতের কুকুরগুলো সবার খবর নিলাম আলগোছে গাছেদের কাছে। চিৎকৃত শব্দের প্রয়োজন মানুষের। গাছেরা জ্ঞানী হয় তাদের এসব লাগে না। কিন্তু তাদের উত্তর বোঝার জন্য এমন অল্প সময় সংপৃক্ত থাকলে হয়না। আবার আসবো দেখো,  প্রায় অস্পষ্ট স্বরে বলে আসি।






ফার্মিং এর শখ আমার বড়। কিন্তু আমার সব শখই কল্পনায় বেশী আসলে কম। এইখানে একজন পাহাড়ি মানুষ ফার্মিং করেছে একটা পাহাড়ের ঢালে। সে কত রকম গাছ, এলাচ,কফি,পীচ,কমলালেবু, পেয়ারা,আনারস। এলাচ গাছে টিপটিপ করে জল পড়ছে, ওইদিকে কমলালেবুতে বুলবুলি এসে বসছে, ওই লোকটার বউ আচারের শিশি সাজিয়ে রাখছে রোদে। আহা এমন একটা জীবন হলে মন্দ হয়না। এমন পাহাড়ে হবে না, তাহলেই পাহাড় কেজো হয়ে যাবে। প্রেমে খানিক অকাজ না থাকলে চলে না। কিংবা কে জানে হয়তো থাকতে থাকতে, কাজের মধ্যে পাহাড় আরো কাছের হয়ে যাবে। পাশাপাশি থাকলে মায়া তো কমেনা,বাড়েই বরং। লোকটা আবার অর্গানিক ওয়াইন বানায়। সব কটা চেখে টেখে পেয়ারারটাই সব চেয়ে ভালো লাগলো। ওয়াইন আমি অত বুঝিনা, স্বাদে ভালো লেগেছে মানে এটা হয়তো সব চেয়ে কমজোরি ওয়াইন! কে জানে। পীচ ফলের গাছটার তলায় দাঁড়িয়ে নীচের উপত্যকা দেখতে দেখতে সত্যি বলতে জীবনকে একটা ধন্যবাদ দেওয়া দিতে ইচ্ছে করে। সারাদিন কত না পাওয়া নিয়ে অস্থির করি, এই নেই সেই নেই,ওই হলো না, কত কি যে হয় তার হিসেব করিনা। 


ফার্মে আসার আগে একটা মনস্ট্রি গিয়েছিলাম, পাহড়ি গাঁয়ের মন্সট্রি যেমন হয়, ছোটখাটো, ছায়া ছায়া অন্ধকার, বৌদ্ধ দেব দেবী,  পিতলের প্রদীপ। তার একটু উপরেই কার যেন সমাধি, চুপ করে ঘুমিয়ে আছে পাহাড় জঙ্গলের মাঝে। রিনচেনপঙ গ্রাম হলেও খাবারের জায়গা আছে। গ্রাম না বলে হয়তো ছোট গঞ্জ বলা ভালো। নরেনই নিয়ে গিয়েছিলো, একটা খাবার দোকানে। দোতলায় উঠতে দেখি স্থানীয় লোকজন দিব্যি মোমো আর বিয়ার নিয়ে আড্ডা জমিয়েছে। সিগারেটের ধোঁয়া পার করে জানলার ধারে একখান জায়গায় বসা গেলো। পাশের টেবিলে এক পুলিশ সাহেব তার অধস্তন লোকজন নিয়ে এলো দেখলাম। নাহ খাবার ভালোই হবে এখানে। আচ্ছা অধস্তন দেখলে কেমন বোঝা যায় না? আমাদের দেশে এই সামন্তপ্রথা বড়ই জোরালো, কর্পোরেট হোক কি গাঁয়ের পুলিশ প্রভুবাদ থেকেই যায়। যাকগে যাক,  গরম গরম মোমো এসে গেছে, অত তত্ত্বকথায় মন দেবার থেকে তাতেই দেওয়া যাক। (ক্রমশ)










Saturday, February 13, 2021

অনেকদিন পরে ...পাহাড়ে(এক)

 এক বছর আগে কোভিড নিয়ে কথাই হয়নি প্রায় আর এই এক বছরে কোভিড ছাড়া কথাই হয়নি প্রায়।  এত আনপ্রেডিক্টেবল জীবনে হাঁটুর জোর, ধকল নেবার ক্ষমতা মাত্র কিছু বছর অব্দি, তার মধ্যে যদি এক বছর নষ্ট হয়ে যায়,  পাহাড়ে না হেঁটে কেটে যায় তাহলে বেজায় দুঃখের মশাই।


এক বছরটাকে আর বাড়তে দেওয়া যায়না।  থাকি একখানা ছোট ফ্ল্যাটে বয়স্ক বাপ মা এর সাথে সুতরাং চাইলেই যা ইচ্ছে হোক বলে বেড়ানো যায়না। কিন্তু চিনিপ্রেমীদের  কথা চিন্তামনি ভেবে না রাখলে তার ব্যবসাও লাটে ওঠে। রানীগঞ্জের  আস্তানাটাই কাজে লাগানো যাবে ফেরার পর, কটা দিন কাটিয়ে আসলেই হল। মোহরের জন্মদিন আর আমাদের অ্যানিভার্সারি মিলিয়ে একটা পাহাড় সফর করে ফেলাই যায়৷ জানি জানি আপনারা হাসছেন খুব, ভাবছেন প্রথমবার বলেই এতো ফুত্তি প্রাণে, তা প্রথম বছর তো সত্যিই আশ্চর্যজনক একটা ব্যপার। একজন মানুষ জন্ম আলাপের কারনে বা কাজের সূত্রে বেঁধে থাকার কারনে পাশাপাশি থাকা না , এসবের বাইরে একজনের  সাথে সারাক্ষন থাকার  , রাগ, অপমান, আনন্দ দুঃখ সব ভাগ করে নেবার  এই অবাক ব্যপারটা সেলিব্রেট করতেই হয়। তবে আমার মতে সব কটা বছরই এমন আশ্চর্যজনক হয়, হওয়া উচিত। নিজের নিজের মতো করেই উদযাপন হলে তাতে হাসির কিছু দেখিনা। 


 কোভিড এর কারনে কিছু এক্সট্রা ব্যপার , মানে হাতের কাছের পাহাড়ে ট্রেনের বদলে ফ্লাইট আর নিজেদের চাদর ইত্যাদি বওয়া! ও এই ফাঁকে একটু বলে নেওয়া ভালো, ট্রেনের ফার্স্ট ক্লাসের কথা আমাদের মাথাতেই আসেনি, তাতে খরচ খানিক কম আর আরাম একটু বেশীই হত। সকাল সাড়ে ছটার ফ্লাইট ছ ঘন্টা দেরীতে দৌড়নোয় মাথায় এসেছিলো সেসব। বেড়াতে বেরোনোর আগের রাতটা ছোটবেলার মতোই উত্তেজনার হয় কিন্তু। বোর্ডিং পাস এলো কিনা, ব্যাগেজ ট্যাগ নাকি আজকাল দিচ্ছেনা? সাদা কাগজে চিপকে নে রে, স্যান্ডেল জোড়া কাল সকালে মনে করে ভরতে হবে। ভোর বেলার এলার্ম, অন্ধকার মাখা রাস্তা পেরিয়ে অনন্ত অপেক্ষা। শেষমেশ সত্তিকারের বাগডোগরা থেকে বেরোনোর সময়েই নেতিয়ে পড়েছি প্রায়। আজকের প্ল্যান চৌপাট অলরেডি। দিন পাঁচেকের সফর আমাদের এবারে,  প্রথম দেড় দিনের জন্য রাখা ছিলো কালুক। পশ্চিম সিকিমের ছোট্ট একটা গ্রাম। পেলিং এর কাছে কিন্তু "সেরকম কিছু দেখার নেই" বলেই হয়তো তেমন ভীড় হয়না। ভাগ্যিস! তা আজ তো পৌঁছতেই সন্ধ্যে নেমে যাবে। যাকগে ভেবে লাভ নেই। এয়ারপোর্টের বাইরেই বীরেনের গাড়ি অপেক্ষা করছিলো আমাদের জন্য। বেচারি সেই কোন সকালে এসেছে আমাদের নিতে তারপর এতক্ষন দাঁড়িয়ে ছিলো অথচ এতটুকু বিরক্ত না, এমন ধৈর্য্য, ভদ্রতাবোধ সকলের মধ্যেই থাকলে জীবন বোধহয় আরেকটু সহজ হতো! কিংবা কি জানি পাহাড়ের কাছে খোলা প্রকৃতির কাছে থাকে বলেই হয়তো এদের উদারতা বেশী হয়, গিজগিজে ভীড়ের মধ্যে ছোট্ট চৌখুপীতে থাকতে থাকতে আমাদের মধ্যে সংকীর্ণতা বেশী। মেল্লি পৌঁছে থামা গেলো খানিক। এখান থেকে সোজা গ্যাংটক চলে যায়। একটু আগে কালিম্পং এর দিকে রাস্তা চলে গেছে, আর এখান থেকেই জোড়থাং হয়ে সিকিমের বিভিন্ন দিকে যাওয়া যায়। এর আগে ওখরে যাবার সময় এই রাস্তা ধরে এসেছি। নীচে তিস্তা। চারপাশের চেহারা বদলে গেছে অনেক আগেই, সবুজে মোড়া পাহাড়,  পাহাড়ি মানুষ,  ঠান্ডা কনকনে জল, গরম ধোঁয়া ওঠা নুডলস আর চা মন চনমনে হবার আর কি চাই?

    

 মন চনমনে হলেও পৌঁছতে পৌঁছতে নেতিয়ে গেছিলাম। সেই কোন সকালে উঠেছি, রাতেও উত্তেজনায় ঘুম হয়নি ভালো, পাক খাওয়ানো এই রাস্তা সব মিলিয়ে ভারী হা দশা হয়েছিলো। সন্ধ্যের অন্ধকারে পাহাড়ি রাস্তায় গাড়ি চড়িনি আগে তেমন স্মরনকালে, এক একটা বাঁক পেরোচ্ছি আর আলো কমছে একটু একটু করে তারপরই ঝুপ করে সন্ধ্যের অন্ধকার। সে বদলটা চোখে না দেখলে আমার মতো কারোর পক্ষে বোঝানো মুশকিল। আঁকতে জানলে, রঙ তুলির জ্ঞান থাকলে তাও খানিক বোঝানো যেত। গাড়িতে অতটা বোঝা যায়নি, হোটেলে নেমে টের পাওয়া গেল ঠান্ডাটা কেমন।  বাপ্রে বাপ। আমার একটা কোট আছে, বেজায় গরম আর আরাম হয় ঠান্ডায়, তেমনই কদাকার দেখতে। তা আমার বাপু কদাকারই ভালো, নিজের চেহারাই বা এমন কি যে জ্যাকেটের চেহারা নিয়ে মাথা ঘামাবো! সে জ্যাকেট আর এদের একখানা উমদা ওয়েলকাম ড্রিংক শীত রোধ করায় বেরোনো গেলো বারান্দায়। সামনে পেলিং, গেজিং এইসব শহরের ঝিকিমিকি আলো, ঝুপসি হয়ে থাকা গাছেদের অবয়ব কনকনে ঠান্ডাকে উপেক্ষা করিয়ে দেয় একটু হলেও।  খানিকক্ষণ ঝুম হয়ে দাঁড়িয়ে থেকে হোটেলের সামনের দিকে এসে দেখি একখানা চাঁদ উঠেছে চমৎকার।  আহাহা আরো কিই বা চাওয়ার থাকে। কালুক থেকে কাঞ্চনজঙ্ঘা চমৎকার দেখা যায় তবে আমার কাছে পাহাড় মানে পাহাড়, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলে তো তো কথাই নেই, না পেলেও দুঃখী হয়ে থাকার ব্যপার নেই। পাহাড়ের গা দিয়ে হাঁটবো,  পাহাড় মাখবো এইই তো অনেক। আর আমার সাথে কাঞ্চনজঙ্ঘার আলাদাই সম্পর্ক!  সেও দেখা দেবে না আমিও ফিরে ফিরে আসবো। কিন্তু এবারে পাহাড় দেখেছে আমি আর একা একা তার কাছে আসিনি, তাই আমার সাথে লুকোচুরি খেলার দুষ্টুমিও করেনি। বরং যুগলকে প্রথমবার দেখার জন্য, উপহারই দিয়েছে। 



পরের দিন সকাল বেলাতেই সেই উপহার জানলার পর্দা সরাতেই! কাচঢাকার জানলার ওপারে সবুজ গাছপালার উপর আর নীল আকাশের নীচে সাদা ঝকঝকে পুরো হিমালয়ান রেঞ্জ!!! এটা অবশ্য আমার গিফট না আজ মোহরের জন্মদিন উপলক্ষেই গিফট নিশ্চয়ই।

 

 তবে পাহাড় অত কৃপন না,  একে দিলে ও নিতে পারবে না এমন ছ্যাঁচড়ামি করা পাহাড়ের স্বভাবে নেই। এই হোটেলটা দিব্যি,  আলাদা আলাদা কটেজ আছে ফলে খাবার জায়গা  ছাড়া অন্য জায়গায় লোকজনের মুখ না দেখলেও চলে। নিজেদের কমলালেবু, কিউই, বাতাবীলেবু এসবের গাছ টাছ আছে।  সবমিলিয়ে চমৎকার একটা সকাল। আহা এখানেই বেশ থেকে যাওয়া যেত। যাবে না জানি, অত পরিশ্রম করা সইবে না আমাদের, সুখী সুখী "যদি থেকে যাওয়া তে" টাইপ ভাবনাতেই আনন্দ আর কি।



 বীরেনের ভাই গাড়ি নিয়ে চলে এসেছিলো। নাইন পয়েন্টস সেভেন পয়েন্টস দেখবার তাড়া আমাদের ছিলো না, সে ইচ্ছে নিয়ে আসিওনি। এসেছি স্রেফ ফাঁকা একটা জায়গায়, পাহাড়ি রাস্তায়, রোদ ছায়ার সাথে,  পাখির ডাক শুনতে শুনতে, হাঁটতে।  কালুক জায়গাটায় বাজার মতো খানিক থাকলেও, আমাদের হোটেলটা তফাতে খানিক, সেখানে বাজারের কোনো কোলাহলই কানে আসার চান্স নেই। কালুকের পাশেই রিনচেনপঙ নামেই আরেকটা ছোট্ট গ্রাম আছে, আর এদিকে ছায়াতাল বলে আরেকটা সুন্দর ছোট গ্রাম। খানিক দূর গেলে পেলিং পড়বে, তবে আমরা পেলিং যেতে চাইনা, সিংসোর ব্রিজ না, কিচ্ছু না। এই রিনচেনপঙ, তার ছোট্ট মনস্ট্রী, ছায়াতাল আর সেখানে ভার্সে স্যাংচুয়ারির একটা গেট আছে, সেই গেট থেকেই ভার্সের দিকে খানিক যাবো। বীরেনের ভাই নরেন প্রথমে বুঝতে পারেনি ভালো কোথায় যেতে হবে, সে নিয়ে গেছে একটা পার্ক মতো জায়গায়। সেটা আসলে একটা পাহাড়ের মাথায় ওদের এক রাজার স্ট্যাচু বানানো, মানুশশের তৈরী ওই স্ট্যাচু দেখেই মুখ কুঁচকে না করেছি। তারপর কি মনে হল, চলো যাওয়াই যাক। পাহাড়ের মাথায় স্ট্যাচু, পাহাড়ের গা পেঁচিয়ে ওঠার রাস্তা। দূরে গাছপালার মধ্যে একটা গ্রামে জল তোলার আওয়াজ আসছে খালি আর কোত্থাও কোনো আওয়াজ নেই। ওহ না ভুল বললাম,  দু চারটে ভারী চঞ্চলমতি পাখি এদিক সেদিক উড়ছে আর টুই টুই করে ডাকছে। ভাগ্যিস পার্ক ভেবে এড়িয়ে যাইনি। ভারী চমৎকার জায়গাটা, আমরা দুজন ছাড়া আর লোক নেই, ফলে,  "এই বাবুনদা এদিকে আয়, ছবি তুলবো" কিংবা "একটা সিগারেট হবে নাকি ঘোষদা" এইসব অত্যাচারে শান্তিভঙ্গ বা রসভঙ্গ হবার চান্স নেই। হ্যাঁ মানছি আমরাও ট্যুরিস্ট কিন্তু পাহাড়ে গিয়ে একটু পাহাড় বুকের মধ্যে না নিয়ে ওইরকম কলতান যারা করে তাদের আমি নমো করি দূর থেকে।  দূর থেকে ছায়াতাল লেক, পাহাড়ি ঘর বাড়ি খেলনার মতো একটু খানি হয়ে দেখা যাচ্ছিলো। আহ এই রাজাটা বেজায় ভালো জায়গায় দাঁড়ারে পেয়েছে তো। (ক্রমশ)














Wednesday, January 27, 2021

পাড়ায়

 ফট করে ধারনা বদলে গেলে গোলমাল লাগে।  এই যে মনাদা, সারাক্ষণ মুখ গোমড়া করে থাকে, দোকানে ওষুধ কিনতে গেলে পাঁচন খাওয়া মুখে ওষুধ দেয়, কথা বলেনা একটা দুটোও, মোটেও ভাল্লাগেনা। সেদিন বারান্দা থেকে দেখি পিন্টুকাকুর দোকানের পাশে এক পাগলী নাকি পাগল, জুটেছে কোত্থেকে। জামা কাপড়ে জটায় জুটায় বোঝার উপায় নেই সে কে।  জামা জুতোই আমাদের আজকাল জানার উপায় কিনা। পাগল হলেও সে ভারী সতর্ক লোক। পা টিপে টিপে দুদিক থেকে আসা অটো, বাইক, গাড়ির ফাঁক দিয়ে পার হয়ে এসেছে।  টাইম কলের মুখ খুলে বন্ধ করে নিশ্চিত হয়েছে নাহ জল নেই। ফের পা টিপে টিপে ফিরে গেল নিজের জায়গায়। হাওয়ায় খানিক যোগ বিয়োগ করে  নিজের থলে হাতড়ে জল বের করে এঁটো বাটি ধুয়ে নিলো ভারী যত্নে।  আরো অনেকক্ষন পর কিকাজে বারান্দায় গিয়ে দেখি সে তখনো ওখানেই আছে। এদিক থেকে মনাদা বেরিয়ে পাঁউরুটির দোকান থেকে একটা গোল পাঁউরুটি কিনে এনে তাকে দিয়ে গোমড়া মুখে ফের ঢুকে গেল দোকানে। বোঝো! গোমড়া লোকটার মধ্যে এমন একটা মানুষ আছে কে জানতো! 


এ পাড়াটা আসলে একটা অদ্ভুত বিটকেল পাড়া। সারা দিন প্যাঁপোঁ হর্ণ, মানুষের বোধ বুদ্ধি কম যেখানে সেখানে থুতু তার মধ্যে কেমন করে শিরাওঠা আঙুল আলতো হাতে হাত বুলিয়ে দেয় পাগলাকে দেওয়া পাঁউরুটুর মধ্যে দিয়ে! ওই যে অত

সেদিন বন্ধুদের মধ্যে আড্ডা হচ্ছিলো,  কী কথা থেকে জানি ভালো থাকা খারাপ থাকার কথা উঠলো। আগের থেকে ডিপ্রেশন বেড়েছে সেই নিয়ে কথাসূত্রেই একজন বলল যে আগে মোটেও মানুষ ভালো ছিলো এমন না হয়তো বুঝতই না কোনটা ডিপ্রেশন। আমার তা মনে হয়না, ডিপ্রেশন ছিলো হয়তো কিন্তু এখন সত্যিই বেড়েছে। ভালো না লাগাও বেড়েছে যত আমাদের অপশন বেড়েছে। আগে বেড়াতে গেলে বেড়াতে যাওয়াই শেষ কথা ছিলো, কোন হোটেল, তার কি ভিউ কি রিভিউ, গাড়িতে এসি আছে না গদি আছে কিচ্ছুর তোয়াক্কা করতাম না। এখন যেন সেরা জিনিসটা পেলেও মনে হিয় কই ও তো আমার থেকে বেটার পেলো, বেটার দেখলো। সারাক্ষন আরো পাওয়ার হতাশার থেকে তো অল্পে আরাম পাওয়া ভালো ছিলো!  মানছি সাইকেলে বসে কাঁদার থেকে মার্সিডিজে বসে কাঁদা আরামদায়ক কিন্তু কান্না পেলে তো সে আরাম খুব একটা আরাম বলে মনে হয়না। লস্ট চাইল্ডের সে বাচ্ছাটার মতো দুনিয়ার তামাম জিনিস কেবল খারাপই লাগে। আসলে অভাব অভিযোগ তখনও ছিলো তবে আমার মনে হয় কাদা মাখা পা এড়াতে গিয়ে আমরা পুরোটাই কংক্রীটে ঢেকে মাটিতে জল যাওয়ার উপায় বন্ধ করে দিয়েছি। আর্সেনিকের উপদ্রব বেড়ে গেছে।  কিন্তু তামাম জায়গা কি  ঢাকে না , ফাঁকফোকর খুঁজে নেয় ঠিক কেউ, হাত বাড়িয়ে দেয় নোংরা ধুলো ছেঁড়াখোঁড়া পিঁচুটিওঠা মানুষটার দিকে,    জল জমা হয় ফের মাটিতে।


Thursday, December 31, 2020

করোনাকালে সেলুনে

 ফট করে ঘড়ির কাঁটা সরে আবার আগেই লিখে ফেলি। শুরু করেছিলাম বছরটা যখন কে জানতো এমন আক্ষরিক অর্থেই নড়িয়ে দেওয়া বছর হবে! সুতরাং পরের বছরে হয়তো দেখা গেলো আমি কমন্ডলুর জল কিবোর্ডে ঢেলে হিমালয় চলে গেছি আর এ বছরের লাস্ট আওয়াজ খাওয়াটা কাউকে জানানো বাকি হয়ে গেল। আমাদের জীবনের গতিপ্রকৃতি এতোই বদলে গেছে,  করোনা এখন আর ইন থিং না, মানে সাত মাস আগেও যার ভয়ে দোকান বাজার বন্ধ রেখে করোনা ডায়েরি লিখতো সবাই তাকে ডরালে উলটে লোকে আওয়াজ দিচ্ছে!  

বুড়ো বাপ মা বাড়িতে থাকায় আমি একটু বেশীই সাবধানী, তাছাড়া আমার অফিস বাড়ি থেকেই, সেই সুবিধেটুকু নিয়ে যতটা পারি করোনাকে ভক্তি শ্রদ্ধা করেই চলি৷ মুশকিল হল চুল নিয়ে। গোঁফ দাড়ি আমার তিন আনা, তা নিয়ে বিলাসের কোনো অপশনই নেই। মাথার চুলও কিছু বিজ্ঞাপন দেবার মতো না উলটে টাক ঢাকাই দায় তাও সেলুনে যাওয়া আমার একমাত্র বিলাস বলা যায়। তা কোভিড লকডাউনের কারনে বাড়িতে কাঁচি ট্রিমার দিয়ে যতদিন চলল চলল তারপর আর পারা গেলো না। আমাদের পাড়া মনে হয় পৃথিবীর দুঃসাহসীতম পাড়া। তারা বহুদিন আগে থেকেই মাস্কহীন জীবন যাপন করে। চায়ে চুমুক দিতে দিতে মুরগী কাটে, টাকা নেয় এই সময়েও। মাস্ক পরলেও, সরিয়ে দিয়ে রাস্তায় থুতু ফেলে নেয় সাবলীল ভাবে। সুতরাং পাড়ার সেলুনে যাওয়াটা সে সময় ভাবা যায়নি। অগত্যা, পার্লার নামক ভয়াবহ জায়গায় মাথা মুড়োতে গেলুম৷ ওরে বাবা সেকি সব ব্যবস্থা। আমার বিলাসের জায়গা সেলুন বলেছি, সে জায়গা আরামের। রতনদার সেলুনে গোবিন্দার কিংবা দেবের কিংবা জিতের সিনেমা চলে আর রতনদা আরাম করে কাঁচি চালায়। স্রেফ ছোট করে দাও বলেই আমার দায় শেষ। আরাম করে চোখ বুজে বসে থাকো, কাজ শেষে ঘাড় মাথা মালিশ করে দেবে। লোক থাকলে বসে বসে কাগজ পড়ো, দেশ গাঁয়ের খবর শোনো, সুমনের কিংবা অর্ণবের সার্কাসের থেকে সে ঢের ভালো। আর নতুন সেলুনটায় ছেলেটা অনন্ত বকে যায়, যতজন আসে সবার সাথে, না হলে ফোনে, না হলে নিজের মনেই৷ ওখানেও একই ব্যপার কাজ মিটলে ঘাড় মাথা মালিশ ফ্রি, বেশীক্ষন করাতে চাইলে ত্রিশ টাকা দিলেই আরো মিনিট পনেরো দেবে। 


পার্লার ব্যপারটা ওরে বাবারে টাইপ। তারা আমায় স্প্রে করে দিলো শুরুতেই, কেমন একটা দেবতা দেবতা ভাব আসছিলো যখন ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়েছিলাম। সে যাক ভালোই এদের ব্যবস্থা তাহলে। ওবাবা বলে কিনা আগে শ্যাম্পু করতে হবে! শ্যাম্পু তো চুল কেটে তারপর করি! তার আগে তো স্প্রে করে চুল ভিজিয়ে কাজ হয়। তাও মেনে নেওয়া গেলো, এক মহিলা ব্যপারটা করছিলেন আর তাকে তো আর না করতে পারিনা নাকি! তারপর তো একটা আবোদা ছেলে ভোঁভোঁ করে কানের গোড়ায় ট্রিমার ধরে,  ক্লিপ দিয়ে চুল এদিক থেকে সেদিক করে,  ইঞ্চি মেপে ভারী কসরত করলো। মোটেও আরাম নেই, চোদ্দবার, "সার ঠিক আছে, সার কিরকম স্টাইল করেন, সার অমুক সার তমুক" করে জ্বালিয়ে মারলে। অমন কেতাদুরস্ত জায়গায় তো আর বলতে পারিনা,  ভাই চুল কাটলেই ভালো লাগে আর কোনো স্টাইল নেই, কেটে দে যা পারিস। শেষমেশ নিষ্কৃতি পেয়ে দেখি এক গোছা চুল সাইড থেকে কেমন যেন উঁকি মারছে। বাড়ি এসে তাকে কাঁচি দিয়ে কেটে নিতে হল! এত সব কান্ডের শেষে আর মাথা মালিশের কথা বলতে ভরসাই হল না,  হয়তো ঝাঁটপাট দিয়ে পয়সা শোধ দিতে হবে!


তো বচ্ছরকার শেষ মাসে কোভিড যখন একটু কমছে বলে সবাই বলছে, মানে সরকারের মতে, টেস্ট করাচ্ছে কিনা আদৌ তা কে জানে! সে যাক সেই ভরসাতেই গুটি গুটি গেছি।  যেই না জিজ্ঞেস করেছি স্যানিটাইজার ব্যবহার করছো? ওবাবা কি হাসি। বলে, "আমরা তো মাস্কও ব্যবহার করিনা। অত ভয় পেলে হয় নাকি! তুমি বললে আমি স্যানিটাইজার ঘষে,  মাস্ক পরে, নতুন কাপড় দিয়ে কেটে দেবো,  কিন্তু বলছি শোনো ভয় নেই। " সে আশ্বাসবানীতে ভরসা হল না বিশেষ। আমার জন্য ওই নতুন কাপড়, স্যানিটাইজার ঘষাই রইল কিঞ্চিৎ মূল্য বেশী দিয়ে। তা কাটতে কাটতে জানালো, মাস্ক টাস্ক ওই বাসে উঠলে পড়ে, বাস থেকে নেমে যদি দেখে কেউ পরে নেই ওও পরে না,  ও তো আর গা* না। 


শালা এটাই বাকি ছিলো, আশা করি পরের বছর মাস্কহীন কাটাতে পারবো, গা* না হয়ে। 

Friday, December 4, 2020

পথ চলতি

 এই রাস্তাটায় আর কোনো গাড়ি দেখিনি অনেক্ষন। মাঝে মাঝেই ঘন শালের জঙ্গল, ফাঁকে ফাঁকে উঁচুনিচু অসমান ভূপ্রকৃতি,ইতিউতি খেজুর গাছ।  মুকুটমনিপুর থেকে বেরিয়েছি অনেক্ষন আগে, এখন ভরদুপুর তাই হয়তো দু চারটে যা পুকুর দেখছি  সেখান থেকে ভিজে কাপড় কোমরে গুঁজে বুড়ি দেখা যাচ্ছে। বাংলার রাস্তায় তিন কিসিমের মহিলা সমস্ত অঞ্চলেই দেখা যায়। এই কোমরে শাড়ির মুড়ো গোঁজা শীর্ণ বুড়ি, মাথায় কাঠকুটোর বোঝা নেওয়া গতযৌবনা,  আর ন্যাংটা (শীতকালে হাফ ন্যাংটা) ছেলে কাঁখে বৌ। হাওড়া, হুগলী,বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই চব্বিশপরগনা,  মানে জোলো , শুকনো কিংবা শস্য শ্যামলা বাংলা সবেতেই এরা থাকেই থাকে। সেই একইরকম ভঙ্গী, একই রকম অবয়ব, পুরোনো বাড়ির বটগাছের মতো। 


শীতের দুপুর দেখতে ভারী ভালো লাগে, মাঝে মাঝে গুড়ের গন্ধ ভেসে আসলে চোখে পড়ে মস্ত জায়গায় গুড় জ্বাল দেওয়া হচ্ছে, হঠাৎ করে জঙ্গলের মধ্যে থেমে গিয়ে ইঞ্জিন বন্ধ করে দাঁড়ালে নিজের কানের মধ্যেকার রক্তচলাচলের আওয়াজ নিয়ে ঘিরে ধরে শালের জঙ্গল। তারপর নাম না জানা কোনো পাখির ডাক ভেসে আসে, তাতে খানিক প্রাণ পায় যেন চরাচর। চটকা ভেঙে যায়। চলা শুরু হয়। এই যে আজ দুম করে মুকুটমনিপুর গেলাম, ফের সোজা পথে না গিয়ে ঘুর পথে চলেছি ফিরে,  রাস্তা দেখবো বলে, পথের বাঁকে হঠাৎ করে আসা গরুর গাড়ি ক্রমে বদলে বাইক, টোটো হয়ে যায় সেই বদলটা মজা লাগে। হাইওয়ে দিয়ে চললে স্পীড মেলে বটে কিন্তু এই যে পথের বাঁকে অজানা গ্রাম, তাদের জীবনের এক ঝলক,  কিংবা এই নিস্তব্ধতা সেসব খুব মেলেনা। মুকুটমনিপুরের ড্যাম এর নীল জলের পাশে দাঁড়িয়ে সকালে চমৎকার লাগছিলো, নিঃসন্দেহে খুবই ভালো ভাবে মেইন্টেইন করা হয়েছে সমস্তটা। পাহাড় ঘেরা হ্রদের ধারে ছুটির দিন নয় বলেই হয়তো ভীড় তেমন ছিলো না। পরেশনাথের মন্দিরের কাছে কিছু জটলা ছিলো।  ওখান থেকে সমস্ত অঞ্চলটা দেখা যায় সেটাও কারন। ভীড় থেকে সরে নামতে গিয়ে দেখি একটা মহাবীরের পুরোনো মূর্তি এমনিই মাটিতে শুয়ে লম্বা হয়ে, বেদী নেই, তেল সিঁদুর, সিক্কা, ভীড় কিচ্ছু নেই। খালি জন্মপোশাকে আরাম করে মহাবীর শুয়ে, পায়ের কাছে ড্যাম আর পাহাড়। একটা গিরগিটি পায়ের কাছে বসে খবর নিচ্ছে, দু চারটে বুনো ফুল ঝরে পড়েছে। আহ এর চেয়ে আরামের শয়ান আর কিই বা হয়৷ আমি নিশ্চিত, মহাবীর সমাধি এটাই যদি হত এরকম ভাবে গাছ পালা পাহাড় গিরগিটি প্রজাপতিদের সাথে  উনি   তাইই চাইতেন। 


চলার পথে অবশ্য শুধু অবিরাম নির্জনতা কিংবা জঙ্গলের ছায়াই থাকে না, আচম্বিতে শুরু হওয়া পথ অবরোধ,  বাজারের মধ্যের রাস্তা সবই থাকে। ক্রমে ক্রমে আলো কমে আসে। বাঁকুড়া থেকে হুগলী ঢুকে গেছি গাছপালা আর জমির চেহারা বদলে গেছে। অনেকদিন পর এতোটা খোলা আকাশ জুড়ে গোলাপী সুর্যাস্ত দেখতে পেলাম। দাঁড়াতেই হয়। চায়ের দোকানও জুটে যায়। অল্পবয়সী এক বউ দোকানদার। হাসিমুখে বায়নাক্কা সয়ে চা সিঙারা দেয়। দূরের মাঠে আগুন জ্বালিয়ে ধানের গোড়া পোড়ানো হচ্ছে আর একটু একটু করে রাত নামছে তখন মস্ত একটা লাল পূর্ণিমার চাঁদ নিয়ে, সেই আলো মেখে ঘর ছাড়ার আমন্ত্রণ নিয়ে ঘরের অভিমুখে চলতে থাকি...



Monday, November 23, 2020

হাওয়া বদল

 রানীগঞ্জ এসেছি কদিন হলো। আমার ওয়ার্কস্টেশন সমেত। পুরো সপ্তাহটা এখান থেকেই কাজ করে ফিরবো। যাইহোক,তো কেমন মনে হচ্ছে শীতের শুরুতে পশ্চিমে হাওয়া বদল করতে এসেছি আমরা! শনিবার এসে বিকেলে বাজার থেকে টুকিটাকি সব জিনিস যেমন দড়ি, তালা, মগ, শুকনো লংকা এসব এনেছি।নরম রোদে সকাল হয় একটু দেরীতে,কিচিরমিচির পাখির ডাকে। বারান্দায় চেয়ার পেতে চা খাই, একটা লোক হরেক রকম মাছ এনে বিক্রী করে যায়,এক দুটো প্রজাপতি উড়ে বেড়ায় সকালে নরম রোদে ডানায় ঝিলিক তুলে। শুকনো পাতার রাশিতে মচমচ আওয়াজ করে কাজের মেয়েটি, শিবানী, আসে। ওরা তিন বোন এক ভাই, সবার নামই ঠাকুর দেবতার নামে। বোকাসোকা আছে খানিক, নিজের মনে ঘুরে ঘুরে কাজ করে,  চা নিয়ে আরাম করে বসে পাঁউরুটি ডুবিয়ে চা খায়। সকালে রোদের ওম নিয়ে তাজা হয়ে বেরিয়ে টুকটাক বাজার আনি,তারপর কাজে বসি। রান্নাঘর থেকে ছোঁকছাঁক আওয়াজ আসে। গতকাল বিকেলে দামোদরের চরে গেছিলাম। দ্বারকনাথ ঠাকুরের বানানো কার এন্ড টেগোর কোম্পানির জেটির ভগ্নাবশেষ আর মন্দির ডানদিকে, আমরা ভুল করে বাঁদিকে শ্মশানে পৌঁছে গেছিলাম। শেষ বিকেলের গোলাপী আলোয় চিতার ধোঁয়া মিশে যাচ্ছিল। ছায়াছায়া অন্ধকার নেমে আসছিলো চারদিক জুড়ে। বাড়ি ফিরতে ফিরতে দেখি অষ্টমীর চাঁদ উঠেছে চমৎকার। কোয়ার্টারটা একদম লাস্ট বাড়ি, তারপর ঝোপঝাড় গাছপালা। এই বাড়িটায় আমরা  ছাড়া আর কেউ থাকেওনা। মূলতঃ শিফটিং করতেই এসেছি আমরা। কারন বাড়িরটার ভগ্নদশা। দেওয়াল ফুঁড়ে গাছের শিকড়, বর্ষাকালে ড্যাম্প দিয়ে জল আসে।  অন্যবাড়িটার আশেপাশে লোক থাকে ভালোই হবার কথা।তাও আমাদের মন খারাপ করে বাড়িটার জন্য, সামনের আমগাছে শুয়ে থাকা কাঠবিড়ালিটার জন্য, পাশের ঝাউগাছটায় যেটায় হাওয়া দিলে শোঁ শোঁ আওয়াজ হয় সেটার জন্য, এই নির্জনতাটার জন্য।ওই বাড়িটাকে সাফসুতরো করে মুভ করাটায় নানান অছিলায় ডিলে হয়ে চলে। এখানে বাজার হাটে দেহাতি বা ব্যবসায়ী লোকেদের ভীড়। বাড়িগুলো অদ্ভুত শ্রীহীন। নীচে গুদাম উপরে বাস। পাকা দোতলা তিনতলা বাড়ি কিন্তু দেখতে কেমন যেন। ঘর দিয়ে বাড়িতে ঢোকার পর উঠোন। আর দেহাতি বস্তিটা আর পাঁচটা গরীব বস্তির মতোই, শুয়োর ঘোরাঘুরি করা।  

ফল দারুণ মেলে এখানে, স্টীলের জিনিসও খুব। রাস্তা দিয়ে সকালবেলা সেদিন যাচ্ছিলাম যখন, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে ফুচকা, চাটের ঠেলা নিয়ে লোক বসে খোলা ড্রেনের সামনে। সকাল নটায় দিব্যি ফুচকা চাট খাচ্ছে লোকে। অবশ্য আমি ব্রেকফাস্টে চপ মুড়ি খাই আরাম করে গ্রামের বাড়ি গেলে। মাস্ক টাস্কের বালাই নেই কারো। আখ খাচ্ছে কটা ছোট ছেলে মেয়ে। এই রাস্তাটার নাম রাহুল সাংকৃত্যায়ন মার্গ! শূয়োত ঘোরা এ রাস্তাটায় এ নাম কে কী কেন কেউ জানেও না।  ভাবে হয়তো বড় কোনো পলিটিশয়ান ছিলো! দুপুরবেলা বাজার এলাকাটা তারে তারে জড়িয়ে যাওয়া জটের চেহারা নেয়। অজস্র টোটো, সাইকেল, বাইক, স্কুটি মানুষ ঠেলা আর মশলার গন্ধে একটা ঘূর্ণী তৈরী হয়। 


কোলকাতার আমার রাস্তার ধারের বাড়ির কোলাহল হঠাৎ যেন এক চুমুকে কেউ টেনে নিয়েছে এ বাড়িতে। সন্ধ্যে নামলেই ঝিঁঝিঁর ডাক ভেসে আসে। দূর থেকে মালগাড়ি কিংবা প্যাসেঞ্জার ট্রেনের হুইসেল। দুপুর গড়ালেই শীতের বেলা ফুরোনো টের পাওয়া যায়, যদিও শীত এখনো আরামদায়ক এখানে। একটা জিনিস খেয়াল করেছি, সরকারি কোয়ার্টারে আলো খানিক মিইয়ে থাকে। যত জোরালো আলোই লাগাও না কেন। সেই মিয়োনো আলোয় দূর থেকে দেহাতি গান ভেসে আসে। সে গান যেমন একঘেয়ে যেমন বেসুরো। যারা এ গান শুনে বড় হবে তারা গান মানে বন্দুকের নলই ভাববে!রাতে কখনো বারান্দায় গেলে ঠান্ডা বাতাস ঝকঝকে আধফালি চাঁদের আলো নিয়ে জড়িয়ে মড়িয়ে ধরে।  ঘুম নেমে আসে আমগাছের ডালে, কার্ণিশে,  ড্যাম্প ধরা দেওয়ালে, কম্বলের ওমে।





Saturday, November 7, 2020

কোজাগরী

 কোজাগরী, কে জাগরী...কেউ জেগে আছে কিনা দেখতে একটা মেয়ে সবার দোরে দোরে ফিরছে, এই ঘোর অমানিশায় জ্ঞান বিদ্যা শক্তি দৃঢ়তা নিয়ে কেউ জেগে আছে কিনা জানতে....এতো শক্ত শক্ত কথা অবশ্য বুঝতাম না কিছুই। লক্ষ্মীপুজো মানে হিম হিম রাতে ম্যাড়মেড়ে পুজো। ঢাক ঘন্টা কিচ্ছুর আওয়াজ হবে না,  হিম লেগে যাবার ভয়ে  জ্যোৎস্নায় ধোয়া পৃথিবী দেখা হয়নি আমার চৌহুদ্দির বাইরে। তারপর কবে থেকে কে জানে চাঁদ দেখতে পেলাম আর নেশা লেগে গেল। গোল্লামতো চাঁদটা উঠলে ঘরে থাকলেই আমার ভারী আপশোষ হয়, একটা চাঁদের আলো মাখা রাত নষ্ট হয়ে গেলো, জলের ধারে, ফাঁকা মাঠে, পাহাড়ে না হলে তো আলো মাখা যায় না। ছাদে উঠে দেখেছি হাজারটা আলোর মাঝে মন খারাপ করে চাঁদ সরে থাকে সে আলো মাখা যায়না। তাছাড়া ছাদ থেকে চাঁদের আলোয় বা বৃষ্টির জলে ভেজা আমার পোষায় না তেমন। লক্ষ্মীপুজো বলতে সবার খিচুড়ি আর নাড়ু মনে হয় কিংবা আলপনা, আমার কাছে আরেকটা চাঁদের দিন। অনেকদিন থেকে তাক করেছি কোজাগরী চাঁদের আলোয় ভিক্টোরিয়া কেমন দেখায়। সত্যিকারের পরীরা নেমে আসে কি?  কিংবা কে জেগে আছে খোঁজ নেওয়া মেয়েটা পেঁচা নিয়ে ঘুরে যায় বন্দী পরীর কাছে। পরীদের অমন দেখা যায়না সে কথা বুঝি ভুলে গেছিলাম।  তাই রেড রোড দিয়ে আর আর পার্ক সার্কাস ফ্লাইওভার দিয়ে খুব খানিক চক্কর কেটে গাছের ফাঁক দিয়ে ভিক্টোরিয়া দেখা গেলো,  কিন্তু চাঁদের আলো তেমন মাখা হলনা। সারা শহরের হাসপাতাল বাদে সব আলো বন্ধ করে রাখা উচিত মশাই পূর্নিমার রাতে। পাঁচবার পাক খাবার পর আশপাশের ভূতগুলো অব্দি সন্দেহজনক ভাবে তাকাচ্ছে দেখে পালিয়ে এক বন্ধুর বাড়ি খুব কড়া নেড়ে নেড়ে পালিয়ে এসেছি। পরে বলে দেবোখন আমার পোষা ভূতেরা করছিল।


লক্ষীপুজোর রাত পার হয়ে যায়, চাঁদ ক্ষইতে শুরু করে আর ফস করে হাওয়াটা কেমন বদলে যায়। শীতকাল অত ভালো না যে যাই বলুক। হ্যাঁ মটরশুঁটির কচুরি মেলে,  নলেন গুড়, পিঠে মোয়া কিন্তু তাও গরমকালের একটা আলাদা কেত আছে, অমন গুটিশুটি মেরে থাকে না। তাছাড়া এই হাওয়াটায় বাড়িতে বসে থাকা আরো খারাপ। এই সময়ের দুপুরবেলা হেঁটে কিংবা গাড়িতে কিংবা যাতে ইচ্ছে যেখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াতে হয়। নৌকায় করে অজানা কোনো গঞ্জ, ভটভটি চড়ে ধূলো খাওয়া বিকেল।


আমার যে আর এই হিসেব কিতাব করতে মন চায় না,  মনের মধ্যে কে জেগে আছো ডাক আসে বার বার...ফস করে চলে যাওয়া আর হয় না...



Wednesday, October 28, 2020

শুভ বিজয়া

 হুট করে দিনের আলোয় একটা শেয়াল দেখা সাংঘাতিক উত্তেজনার ব্যপার। ঝকঝকে রোদ, কার্তিক মাস পড়ে গেছে, অক্টোবরের শেষ, রোদের তেজ কম কিছু না। করোনার কোনো ভয়ের ছাপবে দিকে নেই তেমন। এক বুড়ি পাঁচিল বেয়ে বেড়ে ওঠা লাউশাক পাড়ছে, ক্লাবের পুজোর মাইক বাজছে,  চার পাঁচটা বাচ্ছা ছেলে মেয়ের দল সাঁই করে ছুটে গেলো। এমন সময় শেয়ালটাকে দেখা গেলো মাঠের ধারে, হিসি করতে বসেছে। ভারী ভদ্র সভ্য শিয়াল কিন্ত। কাজ মিটিয়ে আমার দিকে একবার আলগা তাকিয়ে পাশের জঙ্গুলে জায়গাটায় ঢুকে গেলো। আমি বালি মাঠের পাশ দিয়ে চড়কতলা হয়ে হাঁটা দিয়েছি। কোথায় যাচ্ছি জানিনা, এমন রোদে খুব বেশীদূর যেতে পারবোনা। এই রাস্তাটা আমার ভারী ভালো লাগে, ডাক্তারদের বাড়ির পাশ দিয়ে পুকুরটা পেরোনোর সময় দুটো কাদাখোঁচা কে ডাইনে রেখে খানিক এগোলে মন্দিরগুলো। কার পিতৃপুরুষের উদ্দেশ্যে বানানো কে জানে। মাইকের আওয়াজটা পিছিয়ে পরে ক্রমে। আরো এগোই,  আমার এই গ্রামের রাস্তায় হাঁটলেই কেমন নেশা লাগে, মনে হয় আরো খকনিক এগোই, বাঁশঝোপ, হলুদ রঙের জারুল ফুল, এবড়োখেবড়ো আল, ধানজমি, কদম গাছের ছায়া পেরিয়ে এগিয়ে এগিয়ে যাই, ফেরার কথা না ভেবেই এগোই। তা তো আর হয় না। ফোন আসে মায়ের, "কই রে খেতে আয়"।


সুজাতা বৌদি জোর করে একবার এসো না, দুটো গরম মোচারর বড়া খেয়ে যাও না, সুজিতদাদা পটল ক্ষেতে দেখতে পেয়ে হাঁক দেয়, " পাইলট আয় আয়, পটল নিয়ে যা।" কেউ না কেউ ডাকে, কবে এলি, কেমন আছিস, দিদিরা কই, মা কই খোঁজ নেয়, বাড়িতে ডাকে, বাড়ির ছোট ছেলে এসেছে। পুরোনো বাড়ির উঠোনে কারা যেন বেগুন গাছ লাগিয়েছে,সারা বাড়িটা জঙ্গলাকীর্ণ, কোনো কোনো জানলার শিক ভেঙে গেছে, মাটির উনুন দুটো কবেই হাওয়া হয়ে গেছে। খড়ের গাদা করা সেখানে। রান্নাঘরের চালটা ভেঙে গেছে। দোতলায় যাওয়ার রাস্তাটা আগাছায় ভরা। বড় মায়া লাগছিলো বাড়িটার জন্যে, আহারে বেচারি।  পিছনের আতা গাছটা হয়তো হাত বুলিয়ে যায় দক্ষিনের ঘরের জানলাটায়, আশ্বাস দেয় পরস্পরকে তার ডালেও আতা হবে আবার, আর এই বাড়ির ঘরেও হাসি কান্নার রোল উঠবে। লোক ডাকিয়ে বাড়িটা সংস্কার করায় না কেন? 


কুবুক কুবুক করে একটা পাখি ডাকছে নতুনপুকুরের পাড়ের জামগাছটা থেকে। মিঠুদি দু ছড়া মিঠে কাঁঠালি কলা দিয়ে গেছে, মেজদাদা ডাব পাড়তে গেছে।দশমীর ঢাক বাজছে ঠাকুরদালান থেকে। দশমীর বোলটা বড় বেয়াড়া, খালি মনে করিয়ে দেয় ছায়ার পালা শেষ বাকি রাস্তা সটান হেঁটে যেতে হবে বাঁধানো রাস্তায়। যা দম নেওয়ার নিয়ে যাও হে বাকি পথটুকুর।  


শুভ বিজয়া। 



Thursday, October 15, 2020

ফ কে লেখা চিঠি

 কোথাও একটা থামা দরকার বলে মনে হয়। আবার ঠিক উল্টোদিকেই মনে হয়, থামা মানেই তো ফুরিয়ে গেল। নেই মামা কানা মামা আর দুষ্টু গরু শূন্য গোয়াল কেস। ফেসবুকে,ব্লগে এসে বকম্বাজি করা শুরু যখন তখন শীতের লম্বা রাত, বরফ ঢাকা বোরিং সকাল। পেরিস্তানের  গোপন আস্তানার দরকার তো পড়েই তাই না? সেই আস্তানা থেকেই তোমার সাথে লম্বা আলাপের দিন রাত। একটা চিঠিও আমরা লিখিনি কিন্তু সেসব জুড়লে চিঠি হয় তো বটেই।  ক্রমে পেরিস্তানের সারল্য চলে গেল যেন, ডেটা আর নাম্বারে তৈরী ছায়া মানুষ হয়ে গেলাম কখন। তাই দেখছি, যা দেখাচ্ছে বা আমি দেখতে চাইছি,তাইই শুনছি যা শুনতে চাই। সাউন্ডস ইন্টারেস্টিং তাই না? কিন্তু তা না আসলে, যা শুনতে চাইনা তাও শুনতে হয় কখনো কখনো। তুমি জানো ভালো না লাগা আমাদের জন্মগত। একটা শূন্যতার আবরণ ঠিক ঘিরে থাকেই, তোমায় আলাদা করে বোঝানোর দরকার নেই। কারন আমরা জানিনা কিন্তু সে ভালো না লাগাটা এই নাম্বার আর ডেটা তো কমাতে পারলো না কই। সেদিন ভাবছিলাম, পেয়েছি অনেক নিঃসন্দেহে কিন্তু যে অনন্ত সময়ের বিনিময়ে তাকে কি একেবারেই বিনামূল্যে বলা যায়? খানিক আমাদের  সভ্যতার মতো না? আধুনিক চিকিৎসা,  সকলের না হলেও মোটামুটি সাধরণ মানুষের কাছে পড়াশোনা করার সুযোগ, বৃষ্টিতে শুকনো রাস্তা, বোতাম টিপতেই জল কিংবা আলো...দেওয়ার তো সত্যিই শেষ নেই।কিন্তু পরিবর্তে আমাদের যা দিতে হচ্ছে তাও কি কম? ধরো এই যে আমাদের এতো অবিশ্বাস, এতো ক্রোধ এতো বৈষম্য এতো ঘৃনা এত অশান্তি এও কি এর দায় না? নাকি আমরাই? আমরা আধুনিক বহিঃরঙ্গে হই আসলে সেইই সভ্যতার প্রাক মুহূর্তের লড়াই কিংবা অবিশ্বাস আমাদের মজ্জায় ঢুকে গেছে। অকারণ পশুপাখিদের মারার অভিশাপ আমাদের শেষ দিন অব্দি বইতে হবে, নিজেদের মেরে। আমার আজকাল হতাশ লাগে খুব জানো, সব জায়গায় এতো খারাপ এর অভ্যুত্থান কেন?  নাকি খারাপটা এই আমার একদা পেরিস্তান প্রোমোট করছে? কিজানি! 


অনেকদিন কথা হয়না, দেখা হয়না,  আমরা বড় বেশী ভয়ে বাঁচছি আজকাল। অবশ্য সবাই না। মুশকিল হল আমাদের চারপাশের লোকজন এমন ডিনায়াল স্টেটে চলে গেছে আদৌ আর দেখা হবে কিনা কে জানে। তবে জানো তো  ডিনায়াল স্টেটে  আমরা বরাবরই থাকি কমবেশী এবং তা আজকে থেকে না বহুযুগ থেকেই। যতখুশী খারাপ হোক আমরা তাকাবোনা, সেফ থাকবো আর ভাববো কেউ না কেউ না কেউ আমায় ঠিক রক্ষা করবে। নিজের ক্রশ নিজে বইতে ভুলে গেছি কিংবা শিখিইনি।  এই যে রোজ আমরা নেতাদের দোষ দিই, হাহাকার করি,  ইনফ্যাক্ট করছিও, তাতে তো আমাদের নিজেদের দায় কম না। গনতন্ত্রের একটা সময় তো আসতোই যখন ক্ষমতা এই ধরনের লোকেদের কাছে যেত, সেটা আটকাতে আমাদের নিজেদের কি কিছুই করার ছিলো না? আমরা সেফ থেকেছি, সেফ খেলেছি, আমাদের বাড়ির ছেলে মেয়েরা ডাক্তার জয়েছে কর্পোরেটের কী-বোর্ড পিষেছে কিন্তু প্রত্যক্ষ রাজনীতিতে নামা বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়া কিছু হয়ে উঠতে উৎসাহ দিইনি। মনের অন্ধকার না কাটা লোকজনকে আমরা প্রার্থী তালিকায় দেখতে অভ্যস্ত হয়ে গেলাম। রাজনীতি ওদের জন্যই, আমাদের না! 


তবে সব হয়তো শেষ হয়নি, হয়না। সেদিন ওষুধ আনতে যাবার সময় দেখলাম এক বুড়ো দাদুর হাতটা শক্ত করে তার নাতনী রাস্তা পার করাচ্ছে। কিছু মূল্যবোধ, আর অনেক ভালোবাসা না থাকলে হয়তো সব থেমেই যেত এতোদিনে। থামেনি কখনই যখন এসময়টাও থামবেনা। তবে মূল্য দিতে হবে আমাদের সবাইকে, এক জীবনে না অনেক অনেক জীবন ধরে। 


পুজো আসলেই অন্যবার কেমন আনন্দ হয়,  এবারে ভয়। তাও একটা চোরা আনন্দ, উত্তেজনা অপেক্ষাও আছে জানো। গ্রামে যাবো কিনা। আমাদের শিকড়ের ব্যপারটা খুবই গন্ডগোলের,  খুবই৷ কোথায় কোন তার জুড়ে আছে কে জানে। আমি তো সেই কবে থেকে গাঁ ছাড়া, তবুও গ্রামের রাস্তায় রাস্তায় হাঁটবো, সবুজ ধানের শিশিরে পা ভেজাবো ভাবলেই মনের মধ্যে চনমনে ভাব আসছে। তুমি জানো পার্টিতে কোনের দিক খুঁজে বোসেথাকা লোকটা আমি, কারেন্ট এফেয়ার্স কিংবা ক্রিকেট  নিয়ে তর্ক করতে ক্লান্ত লাগা লোকটা আমি। হাঁটতে হাঁটতে অচেনা কোনো গ্রামে অচেনা কোনো রাস্তায় নাম না জানা গাছের ছায়ায় হাঁটতে আমি বরং বেশী স্বস্তি বোধ করি, ভাঙা ঘাটের পৈঠায় বসে থাকতে শান্তি লাগে। তাই জন্যই বাড়ি যাবার জন্য এতো উচাটন।


ফেরার কথা বলতেই ফিরতে হল, নিজের কাছে ফিরতে তো হয়ই। তুমিই বা আর কতদিন পালিয়ে পালিয়ে কাটাবে, ফিরবে না?


-

Thursday, September 10, 2020

কাছেপিঠে

 সকাল থেকে ঝড় জল, মেঘলা। সূর্য না দেখতে পেলে ভাল্লাগেনা। এই দুপুরে থম মারা আকাশে পাশের বাজারের মুরগীওয়ালার বাক্স থেকে মোরগের কঁকর কোঁ আওয়াজ আসছে। কেমন যেন পাহাড়ি জায়গায় আটকে গেছি মনে হচ্ছে। লকডাউনের জন্যই গাড়ি  বাইকের হর্ণ নেই, আওয়াজ নেই৷ কতদিনের পর সেদিন বেরিয়েছিলাম।  ফেসবুকে আর খবরের চ্যানেল এর বাইরে যে বিরাট দুনিয়া আছে, তারা দিব্যি আছে। মাস্ক এর বালাই নেই, করোনাতঙ্ক নেই। বাজার হাট করছে, বউকে সাইকেলের ক্যারিয়ারে বসিয়ে চলেছে। স্বাভাবিক দুনিয়া যেমন ছিল তেমন টাইপ। সত্যি বলব? দেখে রাগ হবার চেয়ে আনন্দই হল। ভুল ঠিক জানিনা বেঁচে তো আছে তারা। সুস্থ ভাবেই। আর আমরা হলাম ব্রয়লার মুরগী আমরা কিনা, তাই ফ্লাস্কে চা, কাগজের কাপ, স্যানিটাইজার এর বোতল, টিফিন ক্যারিয়ারে লুচি তরকারি, ব্রেকফাস্ট বক্সে স্যান্ডউইচ। খোরাক লাগছিল নিজেদের। চেনা রাস্তা ছেড়ে একটা অচেনা রাস্তায় গেছিলাম। দুপুরবেলায় খেয়ে আঁচাচ্ছে মেয়ে বউ, দুটো  জোয়ান লোক চিংড়ি মাছের খোসা শুকিয়ে গুঁড়ো করছে। লোকজন নেই কেউ ওখানে। মেছো গন্ধর ঝাপটা সরিয়ে মেঘের আড়াল ধরে হাঁটতে বেড়ে লাগছিল। ওই দূরে একদল লোক নৌকা নামালো জলে, আরো দূরে কাঁধে জাল নিয়ে হেঁটে যাচ্ছে এক বুড়ো। আহ! কতদিন পর আলাদা কিসিমের মানুষ দেখা গেল। আমাদের বাড়ির টবের নিমগাছটার যেমন বৃষ্টি হলে খুব ফুত্তিতে মাথা নাড়িয়ে গান গায় অমনি বেতাল ফূর্তি হল।  ফিরতি পথে আবার রিটার্ন গিফট,ঝুম বৃষ্টি নেমেছে। সন্ধ্যে হয়ে গেছে তখন। গাড়ি সাইড করে চুপ করে বসে আছি কিচ্ছু দেখা যাচ্ছে না বৃষ্টির প্রাবল্যে, খালি গাড়ির আলোয় ড্যাশবোর্ডের উপর কারুকাজ হচ্ছে আলোয় ছায়ায়। আমি যদি আঁকতে জানতাম বৃষ্টিতে আলোতে ছায়ারে মাখামাখি আমার গাড়িটার ফূর্তির একটা ছবি আঁকতাম বেশ। আবোলতাবোল ভাবনার মাঝেই যেন ফিসফিসিয়ে জানান দিলো, দূর ছবি আঁকার কী, শিগগির আরেকদিন নিয়ে এসো বরং, গ্যারাজ বন্দী থেকে থেকে আর ভাল্লাগেনা। 

জড় জিনিস কথা বলবে কেমন করে ভাবছ বুঝি খুব। বলে, আমরা অমন আলাদা করেছি জড় জীব, আসলে ওদের ভাষা টের পাইনা বলেই। এইতো সেদিন, জায়গা অকুলান হচ্ছিল বলে নতুন ফ্রিজ আনাহল,পুরোনো ফ্রিজটার দুঃখ হচ্ছিল সেকথা বললেই ভাববে, আমার মনগড়া। কিন্তু সত্যিই পাচ্ছিল সে কষ্ট, একদিনের জন্যও খারাপ হয়নি সে, কোনো ট্রাবল দেয়নি, তবু তাকে বিদায় জানানো হচ্ছে তা সে ভাবছিল। ফিসফিস করে বললাম, সে অন্যজনের ঘরে যাবে। তারা তাকে আদরে রাখবে, নেহাত দরকার ছিল বলেইনা নতুন আনা। আমার কথায় কী বুঝল কে জানে, মনে হল যেন অভিমান কমলো তার। 

বড় মায়া হে, সমুদ্রের ঢেউ থেকে নির্জন বিচ,  সাহায্য করতে এগিয়ে আসা ফোগলা বুড়ো থেকে বুড়ো ফ্রিজ সবাই মিলে বড় আঁকড়ে থাকে। এক জীবন,বহুজীবন।



Tuesday, August 4, 2020

লকডাউন এফেক্ট

মানুষ দেখতে আমি ভালোবাসি। ঋকানন্দ খানিক অসামাজিক হলেও মাঝে মাঝে জমেও যায় কোথাও কোথাও। আজ বাজারে যেমন। ডাব অমিল হয়েছে খানিক এখন, এদিকে মায়ের পথ্যে ডাব চাই। খানিকদূর যাওয়ার পর এক বুড়ো মানুষের ভ্যান মিলল। খান দুই ডাব পড়ে আছে, নারকেলই বলা যায় তাদের। তা আমার উপায় নেই, নারকেলই সই। "নিয়ে যা নিয়ে যা, আমিও গুটিয়ে বাড়ি যাই। আমার হয়েছে জ্বালা। বিয়ে করে ফেঁসে গেছি একদম। ছেলেরা বসে আছে তাতে কিছু না, আমি বোস্থাকলেই যত রাগ।" 
এই রে,  গোলমেলে পরিস্থিতিতে পড়ে গেছি। সান্ত্বনা দিয়ে বললাম, "আহা চাচা রাগ করো কেন, রাগারাগি করে কী লাভ। "
তাতে রাগ মোটেই কমল না, "আমিও বলে দিয়েছি, বেশী দেখলে, ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করে নেব। মেয়ে দেখা আছে। থাক পড়ে।"

ভক্তিয়ে কেঁপে গেলাম। সত্যি! এরকম তেজ, বীরত্বের কাহিনী স্রেফ শুনেছি আজ স্বচক্ষে দেখে মুচ্ছো যাবার মতই উপায়। তাছাড়া চাচার স্ট্যামিনাও তো বিস্তর! 

-  বলে দিয়েছ চাচা?

-নয়ত কি?

-আহা যাবে কোথায়, খাবে কি? 

- সে হেথা হোথা পড়ে থাকবো! 

তবে? অত ভাবনার বোঝা বইব নাকি? এই দুর্দমনীয় বীরকে নমো করে মানে মানে এগিয়ে গেলাম। একটা বাচ্ছা ছেলে মুসাম্বি বেচ্ছে সাইকেলে করে। বেচায় যে খুব মন আছে তা না।  হালকা গোঁফের রেখা দেখা গেলেও বাচ্ছাই, তাই খানিক দাঁড়িয়ে কেনা কাটা করা গেল। মুসাম্বির ভালোমন্দ আমি বুঝি না। তা দেবে দিক গা। 
জানা গেল সিক্সে পড়েন তিনি। যদিও সিক্সে গোঁফের রেখা দেখাটা আশ্চর্য বটে, সে যা হোক। বললাম, তা পড়াশোনা নেই, বেরিয়েছিস যে।

-ইস্কুল তো বন্ধ।

- তাতে কি বাড়িতেই পড় না হয়। কি আর করা যাবে।
খুব গম্ভীর গলায় বলল," এই বাজারে আর পড়াশোনা"।

আমিও ঘাড় নাড়লাম, সত্যিই তো।  ও বাবা, তারপরেই ব্যাটা ফিচেল হাসি হেসে বলে, "করোনার সুবিধেটাও নিয়ে নিই "। 

বুদ্ধিটা ক্লায়েন্ট ম্যানেজার এর উপর এপ্লাই করবো কিনা ভাবছি।

Friday, July 31, 2020

ছবি

বাংলা ক্যালেন্ডার আমাদের বাড়িতে থাকে একটা। থাকে মানে থাকতো। ঝড়ে খুব ওড়াউড়ি করলো, দেওয়ালে দাগ সে অপরাধে বেচারাকে নির্বাসন দেওয়া হল। বাংলা ক্যালেন্ডারেই নানান রকম জিনিস জানা যায় পূর্নিমা, অমাবস্যা, দশোহরা, আষাঢ়স্য প্রথম দিবস, শ্রাবণ এর শুরু। ক্যালেন্ডার নেই দিকদারিও নেই এসব জানার। দশোহরা মিস হয়ে গেল। দশোহরার দিন চিঁড়ে দই আম দিয়ে ফলার করতে বেজায় ভালোবাসি। পরের দিন জোর করে করলাম বটে ফলার তেমন সেইই ব্যপার হল না। ছোটবেলায় যে যেটা করে সেটা স্মৃতিতে থেকে যায় প্রবলভাবে তাই হয়ত টুকরো মন খারাপ। এসব আলগা মনখারাপ অবশ্য সরের মতো জমতে পায়না। নাড়া দিলেই চলে যায়, তাই যখন টের পেলাম না কোন অমাবস্যায় ঘটপুজো করে এবারের কালীপুজো হল তাতেও খুব কিছু হল না। 

রাস্তা দিয়ে সুর ভোলে বাবা শুনতে পেয়ে বোঝা গেলো শ্রাবন মাস চলে এসেছে আর এই করোনাকালেও দূর থেকে ছুটে যাওয়া পুন্যলোভীর অভাব নেই। আমাদের বাংলার মাস গুলো আমার কাছে ছবি আসে । মানে একটা নাম বললে সেই জায়গার বা সেই জিনিসের ছবি ভেসে ওঠে না? আমার কাছে অবশ্য প্রতিটা বর্ণ, প্রতিটা ডিজিট এর একটা করে ছবি আছে, জেন্ডার আছে। এটা খানিক হাস্যকর হয়ত, তবে আমার কেমন মনে হয় আমরা যাদের জড়বস্তু বলে তফাৎ করে দিচ্ছি আসলে তারাও কথা বলে নিজেদের মধ্যে। তাদের এক নিজস্ব জগত আছে,  সে জগতে ভাব আদানপ্রদান আছে। বর্ণ বা সংখ্যার জেন্ডারের কথা বলছিলাম, আমার কেন জানি মনে হয় "ক" হল পুরুষ, "খ" মহিলা, "গ", " ঘ" আবার পুরুষ। আবার "ক" হল ঝকঝকে যুবক টাইপ, "ঘ" হল এলেবেলে টাইপ; এইরকম সব। সেই ছোটবেলা থেকে ওদের সাথে আলাপ। ওদের কথা চাইলেই শোনা যায়, কিন্তু ধরা যায় না যেন। 

যাকগে, লোকে শুনলে পাগল ঠাউরাবে।  শ্রাবন মাস হল মহিলা আমার কাছে, আষাঢ় অবশ্য পুরুষ। তারকারন "শ" হল মহিলা তাই শ্রাবণ সামহাউ মহিলা। যাক এসব বোকাটে কথা, ছবি ভেসে ওঠে বলছিলাম না?  শ্রাবণ মাসের সাথে এই ঝুম ঝুম করে হেঁটে চলা বাঁকধারীরা জড়িয়ে আছে আমার ছবিতে। কোন আশায় এত কষ্ট করে ভিক্ষে চাইতে ছোটে কে জানে! স্মৃতিরা বড় তালগোল পাকানো হয়, কার সাথে যে কে কানেকটেড কে জানে! ঝুমঝুম আওয়াজে হঠাৎ করে বড় জানতে ইচ্ছে করলো বিশু, সোমনাথ, বিহারী মুড়িওয়ালা, ডালডায় বানানো লুচি ছোলার ডাল বিক্রেতা,  চাউমিনের দোকানদার, পেয়ারাওয়ালা এরা সব কী করছে? অজানা অচেনা শিক্ষানবিশ যে সব ডাবওয়ালা, আমওয়ালাদের দেখছি তারা হয়ত কোনো অফিস পাড়ার বিশু সোমনাথ। শ্রাবনমাসের বৃষ্টি ঝরা রাতের ছবিটার সাথে একটা হাসিমুখ ছেলের চা বানানোও হয়ত যুক্ত হয়ে গেল এরপরের দিনগুলোয়।

Monday, July 20, 2020

ব্যাকাপ

মুশকিল হল যতক্ষন আছে ততক্ষন খুব প্রয়োজন,  না থাকলে নেই। এই যেমন ধরো, মোবাইলে গাদা গাদা জিনিস রাখা আছে, বন্ধুদের সাথে বেড়ায়ে যাবার, ছোটবেলায় মায়ের কোলে চড়ে থাকার, উদ্ভুট্টে মজার কোনো মিম, কিংবা প্রচুর পিডিএফ। কাল যেই দুম করে ব্যাকাপ নেবার আগেই মোবাইল খারাপ হয়ে গেল, মনের মধ্যে উচাটন,  মন খারাপ,  তারপর? তারপর অন্য কিছু।আবার নতুন কিছু। 
আমাদের জীবনের সব কিছুই তাইই আগেও তাই ছিল, এখন অপশন বেশী বলে আরোই হয়েছে। আমার আগের অফিসের কম্পিউটারে গাদা গাদা ট্যাব খোলা থাকতো, সে ক্রোমেই হোক কি নোটপ্যাডে। বন্ধ করতে যাবার আগে ভাবতাম দরকার হবে যখন আবার খুঁজতে হবে, থাক। তারপর একদিন দুম করে খারাপ হয়ে গেল। ওগুলোর কিছুরই প্রয়োজন হল না। কিংবা হয়েছে ওইগুলোর অভাব বুঝিনি। 
যেটুকু সঞ্চয় তা ওই মগজে, তাও দিয়ে করে খাওয়া। তবু কী অদম্য আমাদের জমিয়ে রাখারা চেষ্টা, ধরে রাখার চেষ্টা, বিবর্ণ চিঠি কিংবা ভয়েস নোট কিংবা ফটোগ্রাফ। যেন ওইটুকুতেই সব ছেঁড়া সম্পর্ক, হারিয়ে ফেলা সময়, ভুলে যাওয়া দিন ধরে রাখা যাবে। আমার ঠাকুমার বড় মেয়ে, মানে আমার বড় পিসি, তিনি তাঁর সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান। আমার ঠাকুমা সে শোক সইতে পারেননি, মাথার গোলমাল হয়ে যায়। তিনি পাশের গ্রামে তাঁর ভুলে যাওয়া বাপের বাড়ি পালিয়ে যেতেন কাউকে কিছু না বলে, চুপিচুপি। কী জানি, হয়ত নিজের মেয়ের চলে যাওয়া ভুলতে ডুব দিতেন নিজের ছোটবেলায়, যখন তিনি ছিলেন ছোট্ট খুকিটি, সেই অনুষঙ্গ দিয়ে প্রলেপ বোলাতে চাইতেন। আমি জানিনা, আমি তাঁকে কোনোদিন দেখিনি।মানুষের তো ব্যাকাপ নেওয়া যায়না, তবু কিছু কিছু জিনিস উত্তরাধিকারীর হাতে তুলে দিয়ে যায়, টাকাপয়সা, জমি জায়গা, পান্ডুলিপি, গান, বোধ, সংস্কার ইত্যাদি।  তা সকলের সেসব দেওয়ার থাকে না, সে অর্থে কিছুই বলার বোঝানোর থাকে না, যেমন মাথা গোলমাল হয়ে যাওয়া আমার ঠাকুমার কিছুই আর বলার ছিল না, দুম করেই বন্ধ হয়ে গিয়েছিল মেশিন,ব্যাকাপ নেবার আগেই। আটকায়নি কিছুই আটকায় না কিছুই। খালি কিছু জিনিস শব্দে শব্দে মগজে মগজে ট্রান্সফার হয়ে যায়...

সেসবের জন্য ব্যাকাপ লাগেনা, ব্যাকাপের অভাবও বোধ হয় না।

Friday, July 3, 2020

সংসার

- কী হল আবার? আমি তো কিছুই করিনি? 

আরে বলবে তো কী হয়েছে? 

- দেখো একবার দেখো,  এটা লালীদের ইন্সটা, কেমন চমৎকার করে চুমু খেয়ে প্রপোজ করছে দেখো, আর তুমি.. তোমার মতো মাছের সাথে প্রেম করাই অন্যায়।

- ইয়ে মানে আমি যে পাঁচটা নুড়ি দিয়ে এক গোছা শ্যাওলা আনলাম।  শ্যাওলাও তো খেতে চমৎকার। 

- ওই তো ওইই। খাওয়া ছাড়া কিছুই কি চোখে পড়ে না হ্যাঁ? সেদিন দেখি লাল্টু মৌরলা কি সুন্দর ব্যাকগ্রাউন্ডে গান টান দিয়ে কেতের একটা পাতা নৌকায় ওর বউকে নিয়ে যাচ্ছে তার ভিডিও দিল। তুমি তো কখনোই আমায় ভালোবেসে কিছু বলো না।

- আহা বউ কাঁদে না,  এই তো বলছি, তোমায় আমি এইইই এত্ত ভালোবাসি।

- বঁড়শি আর ছিপ বাসো। হুহ। আমি তো কত্ত ছবি দিই, তুমি কিচ্ছু করো না।

- ও এই কথা। আরে ছবিতে কী এসে যায়। ওসব ছেলে ছোকরাদের কারবার। আমার বয়সে কি আর ওসব মানায়।

- কথা ঘোরাবে না একদম। কেন আমি দেখিনি, সেদিন কেমন বোয়ালমশাই সে সুদূর নীলসাগর থেকে এক বাক্স বোঝাই চিঠি পাঠিয়েছে, এমনকি পমফ্রেটদের বাড়ির ঝন্টুদা বিয়ের আগে কত কত চিঠি পাঠাতো।

- ওহ এই কথা! চিঠি তো আমি এক্ষুনি লিখে দিতে পারি। কিন্তু চিঠি তো আবার যত্ন করে রাখার ব্যপার থাকবে, অত খাটনি তোমায় দিয়ে করাতে পারি বলো?

- থাক থাক খুব বুঝেছি। 

-আরে শোনোই না, বলছি ওই দিকে কারেন্ট দাদাদের বাড়ি পেরোলে একটা ডুবো পাহাড় দেখেছি জানো, তার ফাঁক দিয়ে একটা সরু পথ আছে, বেশী মাছ খোঁজ পায়নি। উপর থেকে সরু মতো আলো আসে, আর নীচে নরম শ্যাওলা আর বালি। যাবে নাকি?

- হ হ যাবো যাবো। নিয়ে চলো এক্ষুনি।

- আরে দাঁড়াও,দাঁড়াও , চাট্টি খেয়ে নিয়ে জলদি শুয়ে পড়ি, কাল ভোরে বেরোবো। সকালের জলটা ওখানে চমৎকার গরম হয়, তুমি একটা হট বাথ নিয়ে নিতে পারবে। 

- হ্যাঁ তাহলে আমি যাই খাবার গুলো জলে ভেজাই। 

- হ্যাঁ। আর বলছি গিন্নী, মানে কাল অতটা যাওয়ার আছে, একটু তাড়াতাড়ি রিল্যাক্স করে ঘুম দরকার। বলছি আঁশটা একটু চুলকে.....

- উহ।  জ্বালাতনে বুড়ো একটা। 

ছবিঃ ইন্টারনেট