Monday, May 17, 2021

নয় পাহাড়ের উপত্যকায়(তিন)

 ধরা যাক সাতটা একই মানসিকতার ছেলে মেয়ে,দিন রাত ভার্চুয়ালি আড্ডা মেরে, এক বছর বন্দী থেকে কাটিয়েছে, ভয় কাটিয়ে তারপর বেরিয়েই পড়েছে। বলতে পারেন মূর্খামি, কিন্তু সিচুয়েশন তখন এরকম বিগড়ে যায়নি, আমাদের নেতা মন্ত্রীরা আগামী পাঁচ বছর "কাজ" করবে বলে এভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়নি তখনো। নিয়ম কানুন পালন করে ঘুরে বেড়ালে অত ভয় ছিলো না তখনো অব্দি, যখন আমরা প্ল্যান করছিলাম সেই ফেব্রুয়ারিতে৷ আজ্ঞে হ্যাঁ, ডেটাটা একবার দেখে নেবেন গালমন্দ করার আগে। যাই হোক মার্চের শেষের দিকে আবার করোনার প্রকোপ বাড়তে থাকলো, কিন্তু তেমন কিছু না তখনো, তাই আমরা স্প্রে নিচ্ছিলাম ব্যাগে, নিজেদের চাদর, বালিশে কভার। খালি দেখা হয়নি, উখরুল জায়গাটার ভৌগোলিক বা রাজনৈতিক অবস্থা। এবার বয়সেরও তো একটা দোষ আছে নাকি? তারা হাইক করবে,  পাহাড়ের মাথায় দাঁড়িয়ে লম্বা শ্বাস নেবে এই স্বপ্নে মশগুল। সেই জায়গাটা আসলে শীতের জায়গা না গরমের,  টেম্পারেচার কতটা নামে, জঙ্গী হামলা হয় কিনা সেসব নিয়ে মাথা ঘানাতে বয়ে গেছে তাদের। বলতে পারেন, এসব আঠারো উনিশে মানায়,  এ বয়সে এত ইন্টারনেটের সুবিধায় এ জিনিস বোকামি। অবশ্যই, কিন্তু বোকামি ছাড়া জীবন বড় পানসে না? 


লোকটাক থেকে ইম্ফল হয়েই উখরুল যেতে হবে। ইম্ফলে কাংলা ফোর্ট দেখে আমরা উখ্রুল যাবো। কত প্ল্যান আর গ্রুপ কল করেছি এই বেড়ানোর আগে, বেড়ানো বেড়ানো উৎসাহ অনেকে বলে বেড়ানোর থেকেও ভালো, আমার অবশ্য বেড়ানোই বেশী ভালো। কাংলা ফোর্ট অনেকটা জায়গা জুড়ে, বার্মিজ আক্রমন ঠেকিয়ে দাঁড়িয়েছিল, তারপর ইংরেজাসুর দের সাথে লড়াইয়ে ধ্বংস হয়ে যায় প্রায়।  ইতিহাসের ছাত্র আমি নই, কিন্তু ইতিহাস আমার বড় ভালো লাগে। এইসব রাস্তা, ভাঙা বাড়ি জুড়ে এক সময় সেপাই সান্ত্রী হেঁটে বেড়িয়েছে, গমগম করেছে লোকজন। হয়তো এই তালা বন্ধ স্রেফ চামসা গন্ধওয়ালা মন্দিরের সামনে এই যে এই স্রেফ থাম হয়ে গুলো রয়ে যাওয়া জায়গাটাতেই পুরোহিতের দাপট দেখা যেত। কোথাও কোনো লোক নেই, অস্বাভাবিক নির্জন চারদিকটা।কটা কাঠঠোকরার কাঠ খোদাইয়ের আওয়াজ  কিংবা একটা না দেখা পাখির ডাক ছাড়া কিচ্ছু নেই। রোদ বেশ চড়া এখনই, এ মন্দিরে আর পুজো হয়না স্বাভাবিকভাবেই।  আশেপাশের গাছের ছায়ার,  কোনোরকমে রয়ে যাওয়া গোলা গুলির ক্ষত সহ দেওয়াল এখন পাহারা দেয় নির্বাসিত ভবনকে। ওই প্রান্তে একটা মিউজিয়াম আছে,  সেখানে এদের রাজাদের দেখছিলাম, বিরাট বিরাট নানান মাপের সব গোঁফ।

 

ড্রাইভার ব্যাটা খালি তাড়া দিচ্ছে, রাস্তায় কোথাও খাবো তো নাকি? মনিপুরি খাবারের একটা দোকানে দাঁড় করালো ব্যাটা, তা সে একেবারেই আমাদের রাস্তার ভাতের হোটেল। তফাৎ এই ডালহৌসি পাড়ায় বা রাজারহাট -সেক্টর ফাইভের রাস্তার খাবারের দোকানে গন্ধেই খাই খাই মনে হয় এখানে তেমন কিছু হল না বরং দোকানটা একটু কেমন কেমনই লাগলো, আর কোনো লোক নেই কিছু নেই স্রেফ একটা টেবিল কটা চেয়ার। সম্মিলিত আপত্তিতে সে জায়গায় মধ্যাহ্নভোজন স্থগিত করা তো হল, ড্রাইভারের কেন জানিনা মন মেজাজ বিগড়ে গেলো তাতে! ভয় টয় দেখালো, রাস্তায় আর কিছু পাওয়া যাবে না বলে।পাত্তাও দিলাম না, পাওয়া গেলে যাবে না গেলে না যাবে। খানিক এগোলেই রাস্তাটা চমৎকার হয়ে যায়, দুধারে বিস্তীর্ণ মাঠ, মাঠের পারে পাহাড়, রাস্তার দুধার সবুজ গাছে ছাওয়া। লোকজন বেশ কম এখানে।ছোট ছোট টিনের চালের বাড়ি মাঝে মধ্যে, সে সব বাড়ির কোথাও রেস্টুরেন্ট বলে লেখা থাকলেও খাবার মেলেনা। হয় দেখা যায় কত্তা মদ খেয়ে ঝিমুচ্ছে না হলে বলে দেয় এসব কাপলদের জন্য খালি। বোঝো! এমন তো কোত্থাও দেখলাম না, স্রেফ কাপলদের জন্য রেস্তোরাঁ?  আসলে অন্যকিছুই হবে হয়তো। হঠাৎ এক বাঁকের মুখে দেখা যায় রোড সাইড ক্যাফে নামে জ্বলজ্বল করছে একখানা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেস্তোরাঁ! তব্বে! বলেছিল যে কিচ্ছু মিলবে না? হুঁ হুঁ বাওয়া আমাদেরও টেলিপ্যাথির জোর আছে। 









ক্রমে রাস্তা চড়াই হতে থাকে, পাহাড়ের পাশ দিয়ে রাস্তা, নীচে খাত, পিছনে দূরে ফেলে আসা ইম্ফল উপত্যকা।  আর কোনো গাড়ি নেই কোথাও আমরাই চলেছি। নিস্তব্ধ চারদিক, এদের এক্সটেন্ডেড দোলের কাজ চলছে বলেই। রাস্তা বাড়ানো চলছে, পাহাড়গুলো প্রায় মিশিয়ে দিয়ে দিয়ে। দেখে মন খারাপ হয়, একটা একটা পাহাড় তো পুরো ন্যাড়া, যে কটা গাছ আছে তাও শোকে দুঃখে শুকিয়ে গেছে। গাছ কাটা শুধু না পাহাড় কাটাও চলছে পুরোদমে।একটা পাহাড়, সে কতদিন ধরে কত পোকা, কত গাছ কত প্রানীকে জায়গা দিয়েছে এতদিন সে সব শেষ! এত চওড়া রাস্তা কেন দরকার!!? বড় মায়া লাগছিলো, আমি আসলে মনে করি আমাদের এ জগত প্রানময়। আমাদের আশেপাশে পাহাড়, নদী, মাটি, জল সবাই টের পায়, তাদের নিজেদের ভাষা, বোধ সব কিছু আছে। জ্যোৎস্না রাতে পাহাড় জঙ্গল সব যখন ভেসে যায় আলোয়, আশপাশে কোনো মানুষ থাকেনা তারা সজীব হয়ে ওঠে, সে কথা হয়তো কোনোদিন মানুষ শুনতে কিংবা বুঝতে পারবে না। এলোমেলো ভাবনার মাঝেই দেখি কখন যেন আমরা উঠে এসেছি আরো উঁচুতে, বাতাস ঠান্ডা হয়ে আসছে। ড্রাইভার থামলো একবার। আমরাও হাত পা ছাড়াতে কেউ কেউ নেমেছি, দেখি বন্দুক কাঁধে একজন পাহাড়ের গা বেয়ে চলে গেলো গাছপালার ভিতরে। শিকারী?  এখনো আছে? ফের চলা শুরু, খানিক এগোতেই,  মুখ বাঁধা দুজন হাত নেড়ে থামাতে বলল গাড়ি। চেকিং হবে? এদিকে অনেক উগ্রপন্থী আছে বলে হয়তো। কিন্তু এমন সিভিল ড্রেসে কেন? সারথি  দেখি ভয় পাওয়া মুখে স্যার স্যার বলে কিসব বলছে। গাড়ির পিছনে আমাদের সুটকেস দেখালো। তারপর ঘাড় নাড়িয়ে ছেড়েও দিল। চুপচাপ খানিক দূর যাওয়ার পর জানালো, মিলিটারি না মিলিট্যান্টের হাতে পড়েছিলাম! অ্যাঁ! বলো কি নন্দলাল! পরে খোঁজ নিয়ে জেনেছি ওই রাস্তাটা খুবই বিপজ্জনক,  ভাগ্যিস জানা ছিলো না আগে তাহলে হয়তো সুখী ভীতু মধ্যবিত্ত ট্যুরিস্ট দল পা রাখতো না ওই পথে আর একটা অসম্ভব সুন্দর পাহাড়ে প্রানভরে নিঃশ্বাস নেওয়াও হত না।


বাপরে বাপ এত ঠান্ডা লাগছে কেন? উখরুল জায়গাটা খুব ছোট কিছু না, প্রোমোট করা হয়না তাই না হলে গ্যাংটক এর হাইটের এই জায়গাটার আয়তন বা এখানে থাকা জনবসতি বেশ ভালোই। তাছাড়া নর্থ ইস্টের অনাঘ্রাতা সবুজের  জড়ামড়ি তো আছেই। কিন্তু আপাতত তো কেঁপে অস্থির হয়ে গেলাম হে! আমরা হাবার মতো, হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি নিয়ে এসেছি ট্রেক করতে এদিকে ভোরে এখানে তাপমাত্রা হয় চোদ্দো পনেরোর মতো এই সময়ে! বাহ বাহ, খুব পড়াশোনা করেছি উখরুল নিয়ে। রাস্তা বিপজ্জনক জানিনা, কত হাইটে জানিনা, টেম্পারেচার কেমন থাকে জানিনা। তারমধ্যে হোটেলের মালিক(মালিক আসল্ব তার বউ সে নিজেকে মালিক বলতে চায় বলে খানিক হাবভাব দেখায়, এদিকে কিছুই পারে না)  খুব ভয় দেখালো, ওই ট্রেক করতে তোমাদের সাত ঘন্টা লাগবে। এরকম প্ল্যান কেন করেছ ইত্যাদি। ভারী রাগ হয়ে গেল। এরকম ডিমরালাইজিং লোক বিরক্ত লাগে। এবং সত্যি বলতে অতক্ষন লাগেও না। লোকটার নিজের ফিটনেস মাইনাসে তাই হয়তো সবাইকে ওই ভাবেই ভাবে! যাকগে মরুকগে, কাল বেরোবো তারপর দেখা যাবে, আপাতত ওই যে টিমটিমে প্রায় বন্ধ হয়ে যাওয়া দোকানটা, ওইটায় ঢুঁ মারি। শীতের পোশাক এক দফা না কিনলে তো হবেই না। বেরোনোই যাচ্ছে না এত ঠান্ডায়! গুড ফ্রাইডে বলে আসলে চারিদিক বন্ধ, ওই একটিই খোলা ছিলো যাও কিনা বন্ধ হতে চলেছে, আর লোকটার তো আজ প্রায় লটারি লেগে গেছে। এক সাথে সাতটা বিক্রী হবে এক দিনে!  কালকে দোকান গুটিয়ে সমতলে না নেমে যায়! 


জানলা থেকে একটা চার্চ আর বাজারটা দেখা যায়, সাতটা বাজতেই রাস্তাঘাট জনমানব শূন্য।  অন্ধকারে, শান্ত শহরটাকে দেখতে মন্দ লাগে না। নির্জনিতা এখানে সত্যিই অনুভব করার মতো। রাতে শুলে নিজের কানের মধ্যেকার শোঁ শোঁ আওয়াজ শোনা যায়। তারপর ঘুম ভাঙে মোরগের ডাকে, তখনো অন্ধকার চারিদিকে, একটু একটু করে সকাল হতে দেখি, কতদিন পর ভোর দেখলাম। হুড়মুড়িয়ে বেরোনো গেলো, লম্বা হাঁটা বাকি সামনে...

Wednesday, April 21, 2021

নয় পাহাড়ের উপত্যকায়(দুই)

 কেইবুল লাম জাও ন্যাশনাল পার্ক লোকটাক লেকের এক অংশেই। পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক যেখানে সাংহাই হরিণ থাকে। সাংগাইকে নাচুনে হরিণ বলে, আসলে ওই বায়োমাসগুলোর উপর দিয়ে ওরা যখন দৌড়ে যায়,  সেই তালে নীচের জলে ধাক্কা খায় বায়োমাসগুলো আর নাচের ছন্দ বলে ভ্রম হয়। এই হরিণগুলো একসাথে থাকে আর বাইচান্স মানুষে ছুঁয়ে দিলে (মানে মানুষের পাকামির তো শেষ থাকেনা, তাকে গুনে গেঁথে দেখতে হবে, জানতে হবে  বাকি সব প্রাণী কোথায় খাচ্ছে কী খাচ্ছে, কিভাবে মৈথুন করছে, তাই কলার লাগাতে যায়। এবার এটা লিখতে লিখতেই ভাবছিলাম, জানতে চাওয়া দোষের বলা যায় না, এদিকে জানতে গিয়ে প্রাইভেসিতে হাত দিচ্ছি তাও তো মিথ্যে না!), তাদের আর দলে ফিরিয়ে নেয় না। তখন তারা একা হয়ে যায়; একঘরে হয়ে যাওয়া সেই হরিণ মনের দুঃখে আত্মহত্যা করে। কোন জায়গার বায়োমাস এক মিটার অব্দি যায়নি,  সেটা তারা ভালোই জানে, সেইখানে গিয়ে ডুবে যায় ইচ্ছে করে। মানুষ নাকি সামাজিক প্রানী! একে মারছে, ওকে কাটছে, এই জাত ওকে ছুঁচ্ছে বলে পিটছে, ফুহ! 






বনের মধ্যে তখন রোদ এসে পড়ছে দূরের ঘাস জমির উপর, খালের জলে দুটো নৌকা বাঁধা নীচে, একটু আগে টেলিলেন্স দিয়ে সাংগাই হরিণ দেখা হয়েছে,প্রাথমিক উত্তেজনা থিতিয়ে এখনাবার সব শান্ত। জঙ্গলের অদ্ভুত একটা রূপ হয়, তাকিয়ে থাকলে ঝিম ধরে, ইচ্ছে করে হেঁটে বনের মধ্যে দিয়ে গাছেদের সাথে আলাপ করে আসতে। নৌকায় চড়ে একটু চুপ করে ভাসমান মাটি, গাছেদের, পাখিদের আলাপ শোনার উপায় অবশ্য রইলো না। বনকর্মীটি কথা বলতে ভালোবাসেন। সাধারণতঃ দীর্ঘদিন প্রকৃতির কাছে সমর্পিত অবস্থায় থাকলে কথা বলা কমে যায়, কিন্তু এর অল্প বয়স, হয়তো এখনো অতদিন এই জঙ্গলে নেই। সে খুব উৎসাহে বলতে লাগলো,  মনিপুরে মেয়েদের ডানকানে ফুল থাকলে তাকে এনগেজড বলে বুঝে নিতে হিয় আর বাঁ কানে ফুল থাকলে ফাঁকা আছে বলে ভাবা যায় ইত্যাদি প্রভৃতি৷ একেকটা হরিণের ওজন ১২০ কেজি অব্দি হতে পারে,তারা লাফিয়েও ডোবে না যখন আমিও নামি একটু,  ডুবে যাবো না আশা করা যায়! দিব্যি খানিক তুড়ুক তুড়ুক করে লাফিয়ে নেওয়া গেলো। একটা তেত্রিশ বছরের দামড়া লোক লাফিয়ে এমন খুশী হতে পারে তা দেখে লোকগুলো অবাক হয়েছিলো হয়ত, হোকগে যাক। 

লোকটাক তো আর ছোটখাটো জায়গা হ্রদ না, তাই সামান্য উঁচু থেকে দেখলে ওই রিং রিং ব্যপারটা আরো ভালো বোঝা যায়। মাওপাকচুর বাড়ির কাছে ছোট্ট পাহাড়, বাপ্রে কী ফিটনেস ভদ্রলোকের এই বয়সেও! তরতর করে উঠে গেলেন। ওনার সাথে আমিও উঠলাম ঝোপঝাড় সরিয়ে,  পাথর ডিঙিয়ে। দলের বাকিরা আসেনি। পাহাড়ে উঠে নীচে তাকাতেই, "আরিব্বাস রে " বলে থমকে যেতে হয়। তখন সন্ধ্যে নামার আগে, সূর্য ঢলে গেছে খালি তার গোলাপী রঙটা সারা আকাশ জুড়ে ছড়িয়ে আছে, সে রঙে হোলিখেলছে পাহাড়,  হ্রদ, বায়োমাসের রিং সব। ক্যামেরাটা বাগিয়ে কিছু ছবি তুললাম বটে তবে যা চোখে দেখলাম তার সিকিভাগও তুলতে পারলাম কই! চারিদিকে লোকটাকের রঙ্গোলী রিং, ঠিক মাঝখানে আমরা দাঁড়িয়ে, পাখির ডাক ভেসে আসছে ইতিউতি, দিন শেষের আলোয় ডুবে যাচ্ছে সবাই আস্তে আস্তে, অন্ধকার নেমে আসছে। সেই একদম নির্জন পাহাড়ে অন্ধকারে রাস্তা গোলমাল হয়ে যায়, নামার সময় সতর্কতা আরো বেশী রাখতে হয় কারন ঘাস শুকিয়ে হলুদ হয়ে থাকা রাস্তার পাশেই খাদ।পড়লে মরবো কিনা জানিনা, হাত,পা, কোমর না ভাঙার কারন নেই। সাপ খোপও থাকতে পারে হয়তো। কিন্তু সত্যি কথা বলতে সেই মুহূর্তে আমার এসব কিচ্ছু মনে আসছিলো না, একটু আগের পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা হাওয়া আমার স্থিতি দিয়েছে, শান্ত করেছে। সেই হাওয়া বুকে নিয়ে অন্ধকার জঙ্গলে হেঁটে যাওয়া ছাড়া আর কিচ্ছু ভাবা যায় না।দুশ্চিন্তা তো ছেড়েই দিলাম।



















এদের ভারী সুন্দর নিয়ম,  সূর্যের সাথে কাজ শুরু, সূর্য ঢলতে কাজ শেষ। প্রাচীন মানুষের নিয়ম। পাওয়ার কনজাম্পশন কত কম।  আমরা কেন যে ভালো নিয়মগুলো সব জলাঞ্জলি দিলাম! সন্ধ্যে নামতে একগাদা ঝিঁঝি ডাক শুরু করলো। আশেপাশের থেকে পোকা মাকড় এসে আসর জমালো। এঁরা সাতটার মধ্যেই খেয়ে শুয়ে পড়ে, আমরা থাকায় আট্টার সময় টেবিল সাজালো, সেও এখানে মেলা রাত। লোকটাক হ্রদের আড় জাতীয় মাছ,সবজি রুটি ডাল আর কালো চালের পায়েস, তোফা খেয়ে শুতে গিয়ে দেখি,  তাপমাত্রা বেশ কমেছে। মশারীটা মাওপাকচুবাবুর আলাদাই কেতের। ঝালর দেওয়া,  এদিকে ফুটোফাটা। সে মশারি খাটেই লাগানো থাকে অষ্টপ্রহর তাই কিঞ্চিৎ ধূলো টুলোও আছে। সে থাক। আপাতত কম্বল গায়ে এলার্ম সেট করা যাক। কাল সাড়ে চারটেয় নৌকা করে হ্রদে ঘুরতে যাওয়ার কথা। সাড়ে চারটে শুনেই সবাই কাঁইমাই লাগিয়েছে। না না অত সকালে উঠবো কি করে। দলে গেলে মুশকিল এইটাই। পাঁচটায় রফা হল, যদিও সেই নৌকায় উঠতে সাড়ে পাঁচটাই বাজলো। এরা অবশ্য খুবই সময়জ্ঞানী, সাড়ে চারটেতেই এসেছিলো।


মাথায় টোকা দিয়ে, বসার মাদুর বগলে নিয়ে লাইফ জ্যাকেট পরে (আমাদের মাঝির অবশ্য লাইফ জ্যাকেট ছিলো না),  ভোরের ঠান্ডা আলো আর হাওয়ায় একজনের বাড়ির উঠোন দিয়ে নৌকায় ওঠা গেলো। সালতির মতো নৌকা। বিদেশে কায়াকিং করে এরকম নৌকায়। দুটো সালতি জোড়া দিয়ে আমরা সাতজন বসেছি। বড় বড় ঘাসের মধ্যে দিয়ে, এগোচ্ছি। বাপরে কি ঠান্ডা রে বাবা। সূর্যের আলো এখনো নরম, পাশের পাহাড়ে ভরসা দেবার মতো করে এসে পড়ছে। লেকের মাঝে মাঝে বায়োমাস জমাট বেঁধে ফ্লোটিং চড়া বানিয়েছে, সেই চড়ায় একটা হোমস্টে আছে। আমরা দেখেছিলাম কিন্তু আপাতত সেটা চালু না। এদিক সেদিক পাক মেরে মেরে ঘুরতে ঘুরতে লোকটা নিয়ে গেলো আমাদের একটা ওরকম চড়ায়, গরমকালে এরা এখানে এসে থাকে। দেখতে তেমন উমদা হয়তো না, কোনোরকম বাঁশের ঠেকনা দেওয়া বাড়ি, ভিতরে একটা অস্থায়ী উনুন আর ঘাসের বিছানা। কি তু গরমের দিনে দুপুরে চারিদিকের ঠান্ডা বাতাসে আরাম যা হয়। ময়লা জামা, পরা উজ্জ্বল হাসি হেসে লোকটা তার সামার ক্যাম্প ঘুরিয়ে দেখাচ্ছিলো। তাতে এতটুকু মালিন্য নেই।

 


ফেরার সময়,  মনিপুরি ভাষা শেখাবার চেষ্টা করলো সে খুব, কিন্তু নেহাতই নিরেট মাথা আমাদের,  তেমন কিছুই মনে রাখতে পারিনি, তবে গানের গলাটা খাসা। ভারী সুন্দর গান শোনালো। যাদের বাড়ির উঠোন দিয়ে গিয়েছিলাম, ফেরার সময় ভালো করে দেখতে দেখতে আসছিলাম, মাওপাকচুর বাড়ির মতোই এই বাড়িটাও নিকোনো উঠোন, তারপর লাল মেঝের দাওয়া, চিনের চালের ঘর৷ লাল মেঝের দাওয়ায় ছেলে কাঁখে বসে একজন। বাড়িটার চারধারে ফুলের গাছ, একটা হাঁস বা মুরগী পোষার জায়গা ওদিকে। ভারী শান্তি লাগে দেখলে। ইচ্ছে হয় এখানেই থেকে যাই, লেকের জলে মাছ ধরবো, অবসরে বই পড়বো, আর মাঝে মাঝে পাহাড়ে উঠে বসে থাকবো। কিন্তু সেই শান্তির জীবন বাপার মতো মানসিক স্থৈর্য,  নির্লোভী ভাব, শান্তি খিয়ে বসেছি কবেই হয়ত।

নৌকা ভ্রমন করে ফেরার পর, মিসেস মাওপাকচু, দলের মেয়েদের মনিপুরী পোশাক দিয়ে সাজিয়ে দিলো,তারপর কালো চালের মিষ্টি লুচি, কলা, আর দেশী ডিম খেয়ে মাওপাকচুর কাছ থেকে বিদায় নেওয়ার পালা। আজ আমরা যাবো অন্য দিকে, উখরুল। লম্বা জার্নি আছে সামনে, উখ্রুল নিয়ে আমাদের পড়াশোনায় বিস্তর খামতি ছিলো। বলছি। 

মিস্টার এন্ড মিসেস মাওপাকচু

(ক্রমশঃ)


Wednesday, April 7, 2021

নয় পাহাড়ের উপত্যকায়(এক)

দার্জিলিং এর লেখায় পজ পড়েছে এতো আরো কিছুদিন পজ দেওয়া যাক। এর ফাঁকে দুড়ুম করে মনিপুর থেকে ঘুরে এলাম, সম্পূর্ণ আলাদা ধরনের ভাষা, লোকজন, সেসব ভুলে যাবার আগে লিখে রাখি। আমাদের বন্ধুদের গ্রুপে বেড়াতে যাবার কথা লেগেই থাকে, মিশর থেকে মিজোরাম আফ্রিকা থেকে আলাস্কা সব ঘোরার প্ল্যান হয়, তারপর পকেট, ছুটি সব আমাদের ফোঁস ফোঁস করে ভয় দেখায় আমরাও ল্যাজ গুটিয়ে কাজে বসি। তবু মাঝে মাঝেই ফোঁসফোঁস উপেক্ষা করেই কিছু জায়গা ফাইনাল হয়, টিকিট কেটে নেওয়া হয় ফস করে। অনেকে মিলে প্ল্যান করলে এইটা সব চেয়ে জরুরী।  ফস করে টিকিট কেটে নেওয়া। তাহলে সেটা আর কেউ ক্যানসেল করতে পারে না। না হলে কিছু না কিছু এসে দেখবে ভন্ডুল হবেই। এবারে শুরু হয়েছিলো আসাম দিয়ে। তারপর মেঘালয়, টিকিটের দাম দেখি আকাশ ছোঁয়া হয়ে গেলো আমাদের গ্রুপ কলের মাঝেই। গুগল কিছু ডেটা চুরি করে বটে!! শেষে আমরা কোড নাম দিয়ে প্ল্যানিং শুরু করলাম। মানে যাবো মনিপুর কিন্তু বলছি মুম্বই। সত্যি বলতে এরকম করে কাজ আদৌ হয়নি হয়তো, তবু তাও তাতেই আমাদের মনে ভাব খুব কিছু করলাম! নর্থ ইস্ট এতোটাই আনএক্সপ্লোরড যে অন্য দেশ ভাবে লোকে!  ওরকম প্রায়  অচেনা একটা জায়গা দেখার উত্তেজনা আলাদাই হয়। প্রায় অচেনা বলতে আমি বলছি কমন ডেস্টিনেশন না আর কি। আহা ভাবলেই ভাল্লাগে।  "বাবু পন্ড দেখো", বলে হাঁক পারা থাকবে না।  "এই বয়সেই কেমন স্মার্ট হয়েছে দেখো এই টুকু ছেলে"  বলে বাঁদরামি করা বাচ্ছার গর্বিত মা বাবার হাঁকডাক থাকবেনা, জোরে গান চালিয়ে শান্তি নষ্ট করা থাকবে না। সুতরাং একদিন সকালে এয়ারপোর্টে সাত মক্কেল জুটে গেলো এই "রোজ একই দিন রিপিট হচ্ছে যেন " থেকে পালাতে। দেখা হতেই এমন বুঁদ হয়ে আড্ডা মারতে লেগেছিলাম, দু ঘন্টা আগে এয়ারপোর্ট এসেও আমাদের হাঁকডাক করে ডেকে পাঠিয়ে তবে প্লেনের পেটে তোলে! 







ছোট্ট পুচকে একখানা এয়ারপোর্ট, কোলকাতার মতো গরম নেই, তবে রোদ বেশ চড়া।  বাঙালী খালি আমরাই নামলাম মনে হয়,  ইনার লাইন পারমিট করাতে হল কেবল আমাদেরকেই কিনা। সেও ভারী অদ্ভুত নিয়ম, নতুন করালে ১০০ টাকা আর রিনিউ করালে ২০০! মগ দেশ পাশেই বোঝা যায়! গাড়ি চলা শুরু, নতুন জায়গার হাওয়ায় মন চনমনে।রাস্তার পাশেই ফাঁকা মাঠ আর তারপরেই নীল পাহাড়। রোদের তেজ যেমন আছে, হাওয়ায় ঠান্ডা ঠান্ডা ভাবও আছে।  ত্রিশ চল্লিশ বছর আগেকার কোনো ছোট গ্রাম মতো যেন। টিনের চালের বাড়ি, অনেক বাড়ি দোকানের দেওয়ালও আবার টিনের। গায়ের উপর বাড়ি দেখে দেখে ক্লান্ত চোখে এতো খোলা জায়গা দেখলেই মন ভালো হয়ে যায়।  ঝকঝকে নীল আকাশ, ছোট ছোট জন বসতি পেরিয়ে যাচ্ছিলাম। মূল রাস্তা থেকে ডানদিক নিল গাড়িটা, একটা পুরোনো বিষ্ণুমন্দির আছে এখানে। একটা দড়ি ফেলা আড়াআড়ি রাস্তায়, কী ব্যপার? দোলের রেশ শেষ হয়নি এখনো, চাঁদা তোলা হচ্ছে। এই চাঁদার ব্যপারটা তারপর ঘনঘন হতে থাকবে। এখানে ছেলের দল চাঁদা তোলে না, মেয়ে বউ এর দল তোলে, বাচ্ছা মেয়েরাও আছে কিন্তু বাচ্ছা ছেলেরা নেই। মেয়ের দল গাড়ি, বাইক সব থামায়, দশ টাকা বিশ টাকা বা খুচরো কিছু দিলে রাস্তা ছাড়ে তবে। চিত্রাঙ্গদা দড়ি ফেলে অর্জুনের পথ আটকেছিলো তবে!! বোঝো!এদ্দিন ভেবে এসেছি তীর ধনুক নিয়ে যুদ্ধ করেছে! ড্রাইভার ভালো জানেনা কোথায় যেতে বলছি, গুগলও ভালো বোঝে না, নেহাৎ সরকার বাহাদুর সাইনবোর্ড টাঙিয়ে রেখেছিলো তাই জানা গেলো এটাই সে প্রাচীন মন্দিরটা। ভেঙে চুরে গেছে, মন্দিরও বন্ধ। তবু, আমার অত খারাপ লাগছিলো না, ঝিরঝিরে হাওয়া আর কড়া রোদের এই কম্বোটাই আমার সেরা লাগে তার সাথে একগাদা পাখির ডাক, কিছু আমাদের রোজকার দেখা পাওয়া চড়াই আছে বটে, তবে আজকাল দেখতে পাওয়াই যায় না যাদের, সেই বুলবুলি, দোয়েল, ফিঙেও আছে। তুড়ুক তুড়ুক করে উড়ছে, দোল খাচ্ছে, মন্দিরের ছাদে বসে আড্ডা মারছে।দূরে পাহাড়ের কোল থেকে ধোঁয়া দেখা যাচ্ছে, চারপাশে ছোট জনবসতি, টিনের চালের ঘরের সব মিলিয়ে ভারী ঝিম ধরা শান্ত একটা পরিবেশ, টেনশন নেই, তাড়া নেই।

দোলের ছুটি এদের এখনো চলছে, আইএনএ মিউজিয়াম বন্ধ। খানিক আপশোষ তো হোলোই। সেই কবে একটা মেরুদন্ড সোজা লোক বুক চিতিয়ে যুদ্ধ করেছিলো, সকলে একবাক্যে তাকে নেতাজি বলতে দ্বিধা করেনি। দ্বিতীয় জায়গা যেখানে স্বাধীন ভারতের পতাকা উঠেছিল সে জায়গা দেখতে না পেলে আপশোষ হবেই।লোকটাক হ্রদে আমরা মাওপাকচুর ঘর বুক করে রেখেছিলাম।সে কেমন ঘর জানিনা, তবে ভদ্রলোক ভারী অমায়িক এটা জানতাম। আমাদের ড্রাইভারবাবু তো কিছুই চেনেন না, মাওপাকচুর সাথে কথা বলে, গুগল ম্যাপের নির্দেশ শুনেও ভারী নাকানিচোবানি খেয়ে তিনি পৌঁছলেন। লোকটাক লেকের ঠিক পাড়েই পাহাড়ের কোলে ওনার বাড়ি। লোকটাক লেকের বৈশিষ্ট্য হল, বায়োমাস গুলো জমে জমে ভারী সুন্দর একটা রিং রিং আকৃতি করেছে সারা লেক জুড়েই। যেন কাদের রঙ্গোলী দেবার শখ হয়েছিলো। আলপনা বললাম না,  কারন সাদা রঙের না, সবুজ রঙের সে রিং। গাড়ি থেকে নেমে একটা উৎরাইতে নেমেই দেখি তকতকে লাল মেঝের মস্ত দাওয়া একটা বাঁধানো উঠোনের চারপাশে। উঠোনের মাঝে তুলসীমঞ্চ।  দাওয়ার এক পাশে মস্ত টেবিল চেয়ার পাতা কাঠের কাজ করা আর দাওয়ার ওইদিকে জাল বোনার সরঞ্জাম, চরকা এইসব। ছোট্ট একটা সুইফট বাসা বেধেছে দেওয়ালের গায়ে। দেখেই মনে এতো শান্তির একটা ভাব হয় সব অবসাদ কেটে যায়। তাই ঘরের বাথরুমে স্নানের পর্যাপ্ত ব্যবস্থা আছে কি নেই তা নিয়ে কোনো অভিযোগই যেন আকার নেয় না। দোতলায় ছোট্ট একটা লাইব্রেরি আর ক্লান্ত হলে লেকের দিকে তাকিয়ে থাকার জন্য জানলা। জানলা দিয়ে দেখা যায় ডিঙি ভাসছে একটা।  দুপুরে ঝকঝকে স্টিলের থালায়, স্টিলের ডেকচিতে সে আমাদের খেতে দিল। মনিপুরি স্টিকি রাইস, নিজের ক্ষেতের বাঁধাকপি, ডাল, দেশী মুরগি, আর জলপাই এর চাটনি। অন্যরকম স্বাদ, কিন্তু মিসেস মাওপাকচু রেঁধেছেন নিজেই, আর এত যত্ন করে খেতে দিয়েছেন মিস্টার মাওপাকচু,  সব মিলিয়ে ভারী আনন্দ হল খেয়ে। 

কি ভাগ্যিস এঁর ঘর বাথরুম আমাদের দলের মেয়েদের চূড়ান্ত অপছন্দ হয়েছিলো। মানে পুরো পরিবেশ নিঃসন্দেহে ভালো কিন্তু ঘরে ধূলো, কিংবা চানের জায়গা না থাকা বাথরুম তাদের স্বস্তি দেয়নি তেমন, ফলে আমার খানিক সুবিধেই হল। মানে খেয়ে উঠেই কেউ গড়াতে চাইলো না, ফলে আমাকেও তাড়া দিয়ে বের করতে হল না। আসলে আমি কোথাও বেড়াতে গেলে যতটা পারি বাইরে বাইরে কাটাতে ভালোবাসি, হোটেলে বসে থাকবো, কিংবা ঘুমোতে যাবো বলে পাহাড়ে উঠবোনা এ আমি ভাবতেই পারিনা তাই কিঞ্চিৎ লড়তে হয় সদলবলে কোথাও গেলে। সুবিধে হল, এই দলের সবার ধরন আলাদা হলেও সবারই মোটামুটি এমপ্যাথি কোশেন্ট বেশী। আমার তো মনে হয় আর কিছু না,  মায়া ব্যপারটা বড় জরুরী,  ওটা থাকলেই হয়তো আর্ধেক সমস্যা সমাধান হয়ে যায়। (ক্রমশঃ)

Wednesday, March 31, 2021

অনেকদিন পরে পাহাড়ে (চার)

দাওয়াইপানি থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম। রাস্তা বেশী না, তবু সেই টুকু রাস্তাও আমাদের পাশে পাশে সঙ্গ দিয়ে গেল কাঞ্চনজঙ্ঘা।  দার্জিলিং এই নিয়ে তৃতীবার আসা আমার। সত্যি বলতে এ আগে দুবার ঘুরে আহামরি আমার লাগেনি, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি বলে না; বড় বেশী বাড়ি, বড় বেশী লোক যেন। প্রথমবার এসেছিলাম বন্ধুদের সাথে, ঝিরঝিরে বৃষ্টির সাথে এক বিকেলে আলাপ হয়েছিলো, কোত্থাও জায়গা না পেয়েউঠেছিলাম আস্তাবলের ওদিকের এক হোটেলে। সে একেবারে হোটেল ডিলাক্স টাইপ, পাশের ঘরে সব কছু শোনা যায়। পরের রাতটা অবশ্য সে সময় আমাদের জন্য খুউউউব ভালো হোটেলে কেটেছিলো। এখন খুঁতখুতানি বেড়ে গেছে কি? দুরাত হুরুম হারুম ছোটাছুটি করেই কেটে গেছিলো। আর একবার মা আর দিদিভাইদের সাথে, সেও ছিলো বর্ষার দার্জিলিং, সেবারেও মিরিক যাবার কুয়াশা আর মেঘ মাখা রাস্তাটা ছাড়া আর কিছুই তেমনঅনে দাগ কাটেনি। মেঘ মাখা পাহাড়ি গাছের ভীড়ে পাহাড় বড় অদ্ভুত সুন্দর লাগে। কী যেন রহস্য ঢাকা আছে ওইদিকটা, পা বাড়ালেই কোন অচেনা জগতে ঢুকে যাবো যেন, সে আমাদের সাধারন লাভ ক্ষতির জগতের বাইরে।বাকি দার্জিলিং বড় ঘিঞ্জি।

 

 শুনে মোহর বলেছিলো, "বেশ তো এবার আমার সাথে চলো, দেখাই যাকনা আমার প্রিয় শৈলশহরটা তোমার ভালো লেগে কিনা।"  আমরা উইকেন্ডটা এড়িয়ে ছিলাম ইচ্ছে করেই, লোক কম হবে। রাজভবনের পাশে গাড়ি দাঁড়ালো, আমি তো এর আগে রাজভবনের দিকটাতেই আসিনি! হোটেলের ঘরে পৌঁছে জানলার পর্দা সরাতেই কাঞ্চনঞ্জঙ্ঘা! আহা ঘরটাও ভালো, এ কদিন তো নিজেদের আনা চাদর বদলে থাকা হচ্ছিলো এখানে আর সে ঝামেলায় যাবার দরকার পড়লো না, ওরা চোখের সামনেই অন্য একটা ঘর রেডি করছিলো দেখে খানিক ভরসা মিলেছিলো। চান টান করে ইলেক্ট্রিক হিটেড কম্বল্রর তলায় পা গুটিয়ে বসে যা আরাম বাপরে বাপ।কিন্তু ঘরে বসে থাকতে মোটেও ভাল্লাগেনা। দার্জিলিংের আশপাশে কিচ্ছু দেখবো না এমনটাই ঠিক আছে। স্রেফ এদিক সেদিক খাবো, রাস্তায় রাস্তায় হাঁটবো, ভীড়ে কিংবা বাজারে। উইকডেজের বেলা,  তাই ম্যালের পিছনের রাস্তায় লোক নেই তেমন, এক দুজন স্থানীয় লোক পেরিয়ে যাচ্ছে, এক বুড়ি চা নিয়ে বসে আছে, যাকে আমরা রোজই পাক খাবার সময় দেখতে পাবো। দার্জিলিং মানেই ফেলুদা ফেলুদা গন্ধ এমন, ম্যালে এসে জানতে ইচ্ছে করে পশ্চিমদিক কোনটা, সকালে কোন বেঞ্চটায় রোদ পড়ে....সর্বোপরি সেই সময়কার দার্জিলিংটা কেমন ছিলো ঠিক? ভানুভবন তখন এরকম মাথা চাড়া দিয়ে সমস্ত ভিউ বন্ধ করে দেয়নি, ঘোড়ায় চড়া একটা থ্রিলিং ব্যপার ছিলো নির্ঘাত, বাঙালীর হাতে সময় ছিলো নিজেকে দেবার, সাতদিন দার্জিলিং শুনে অবাক হবার ব্যপার ছিলো না।

 

কেভেন্টারস আহ একেবারেই ফাঁকা। একটা স্থানীয় ছেলে ছোকরাদের দল বসেছে ক্লক টাওয়ারের  দিকটায় বাকি ফাঁকাই। কেভেন্টারাসের সুবিধে হল, মেনু ঠিক করার দরকার নেই, কী খাবো জানি। স্বাদ নিয়েও চিন্তা নেই, আবেগেই মোটামুটি ভালোলাগা স্থির হয়ে যায়, তা না হলে ছোটবেলার দুর্গাপুজোর সব স্মৃতি এত ভালো হয় কি? রেস্তোরাঁয় খাওয়া নিয়ে একটা কথা বলি, আমি আর মোহর যখন বিয়ের আগে রেস্তোরাঁয় যেতাম, মূল উদ্দেশ্য থাকতো সময় কাটানোর বয়সকালের প্রেম, চড়া রোদে মাইলের পর মাইল হেঁটে বেড়ানোর উৎসাহ বা ক্ষমতা আর ছিলো না। কিন্তু সমস্যা হত, খাবার এলেই আমরা একবার চুপ করে যেতাম, এবং মিনিট দশেকের মধ্যে প্লেট সাফ। নে এবার কত বসে থাকবি থাক! ফাঁকা কেভেন্টারস এর ছাদও তাই আমাদের বেশীক্ষন আটকাতে পারলো না। পর্ক প্ল্যাটার এর পর হট চকলেট,  কফি তাতেও না। শেষে নীচে নেমে আইস্ক্রীম নিয়ে হাঁটা দেওয়া ছাড়া উপায় রইল না। 



আগে দুবার দার্জিলিং এসেছি কিন্তু আমি চার্চটা দেখিনি। সত্যি! যদিও চার্চ বন্ধ ছিলো, কিন্তু বাইরে থেকে দেখতেও কম ভালো লাগছিলো না। নির্মল ঝকঝকে আকাশের গায়ে চার্চের টাওয়ারটা দাঁড়িয়ে ছিলো আরাম করে। চার্চের পাশেই পশ্চিমবঙ্গ ট্যুরিজমের হোটেলটা।আমরা জায়গা পেয়েছিলাম কিন্তু ঘর গুলো যতটুকু দেখেছিলাম ইন্টারনেটে কেমন কেমন লাগছিলো, ছাড়াছাড়া মাংসের ঝোল যেমন হয়...সরেজমিনে দেখতে গিয়ে দেখি পুরোনো দিনের এই বড় বড় ঘর, পুরোনো আসবাব, ফাঁকা ফাঁকা চারদিক। মন খারাপ করা যেন। সামনের লনটা ভালো, তবে সে বুড়োদের জন্য আর বাচ্ছাদের জন্য। চুপ করে লনে বসে থাকার মতো ধৈর্য্য কিংবা ঘাসে দৌড়ে বেরানোর সরলতা আমাদের নেই।  




তারপর ফের হাঁটা শুরু করলাম, আরো পিছন দিকে, রাজভবন পেরিয়ে গেলাম, কি একটা যেন পার্ক আছে, বড় বড় গাছ পালা ছাওয়া সেও পেরিয়ে গেলাম। ট্যুরিস্ট নেইই এ রাস্তায়,স্থানীয় লোক, স্থানীয় বাড়ি। পাহাড়ের বাঁকে,  গাছের ছায়ায় সত্যি বলতে দার্জিলিং ততক্ষনে ভালোবাস্তে বাধ্য করে ফেলেছে আমায়। 





Sunday, March 14, 2021

অনেকদিন পরে পাহাড়ে(তিন)

 সেই কবে ছায়াতালে মোমো খেতে খেতে থেমেছিলাম। তারপর লম্বা গ্যাপ দিয়েছি। সরি হ্যাঁ? 

সকাল বেলাতেই বেরিয়ে পরবো,  লম্বা পাড়ি দিয়ে দাওয়াইপানি।  ছোট্ট পাহাড়ি গ্রাম, কয়েকটা হোমস্টে, গাছপালা জঙ্গলে ঘেরা। দাওয়াইপানি আজকের ইন্টারনেট যুগে অচেনা নাম না, দার্জিলিং এর কাছেই। মুশকিল অন্য জায়গায়, আজকাল কোনো জায়গাই অফবিট নেই, তাই সব জায়গাতেই ভীড়,  "কাল থেকে তো সমানে পাদলা পায়খানা হচ্ছে" ,  বাক্যাংশ শোনা যায় গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে দিয়ে কিংবা উড়ে আসে ব্লুটুথ স্পিকারে টুম্পা সোনা অধিকাংশ জায়গায়। আরেকটা দিকও আছে, যেটা সত্যি বলতে কোভিডের আগে কখনো চোখেও পড়েনি। একটা কম্বলের ওয়্যার পড়াতে খুব এক্সট্রা পয়সা লাগে না খুব কিছু, হোমস্টে গুলোতে সেই কন্সেপ্টই নেই। কেন কে জানে!দাওয়াইপানিতে আমারা থাকবো ঠিক করেছিলাম যখন যে ভদ্রলোকটির সাথে কথা হয়, ফোনের ওপারে ভারী বিনয়ী নম্র এক পাহাড়ি মানুষ। বীরেন রাই এর দু রকম ঘরের একটু বেটার যেটা সেইটায় বুক করেছিলাম মাস দুয়েক আগে প্রায়। ভদ্রলোক ফোনে জানিয়েছেন যে ভালো রাস্তায় কাজ চলাচলের জন্য আটকে আছে, অন্য একটা পাথুরে রাস্তা আছে সেটায় আসা সব ড্রাইভারের জন্য সম্ভব নাও হতে পারে। কথাবার্তা বলে ঠিক করা গেলো তিনমাইল অব্দি আমরা যাবো নিজেদের ঠিক করা গাড়িতে বাকিটা ও ব্যবস্থা করবে। কালুক থেকে দাওয়াইপানি কম দূর না। বীরেনের মাখন হাত, ঝকঝকে নীল আকাশ, উচ্ছল তিস্তা নদী সে রাস্তা নিমেষে পেরিয়ে যায়। ছেলে ঘুরতে ভালোবাসে, ছবি তুলে বাঁধিয়ে রাখে ঘরে, বন্ধুরা মিলে ঘুরতে গেলে ফূর্তি না করে স্রেফ স্টিয়ারিং এ মন দিতে হওয়ায় ভেবে নিয়েছে এবারে আর নিজে গাড়ি চালিয়ে যাবেনা ঠিক করেছে। হাসিখুশী, নম্র এবং দক্ষ ছেলেটাকে ভারী ভালো লেগেছে। আবার কখনো দেখা হবে কিনা কে জানে!


 তিনমাইল থেকে দাওয়াইপানির রাস্তাটা আহাহা।এবড়োখেবড়ো রাস্তায় সচরাচর গাড়ির চাকা চলে না বোঝা যায়।দুধারে ঘন জঙ্গল, পাখির ডাকের আওয়াজ শোনা যায় না অবশ্য গাড়ির আওয়াজে। এই রাস্তাটায় আবার আসতে হবে তো পায়ে হেঁটে। দাওয়াইপানিতে কিচ্ছু করার নেই সেইটাই একটা ভালো দিক, পাহাড় দেখো, জঙ্গলে হাঁটো বা গ্রামে ঘোরো ব্যাস। কিন্তু শুরুতেই মুশকিল। বীরেন রাই গেছে গ্রামের লোকের সাথে হাত মিলিয়ে রাস্তা ঠিক করতে,  আর ওর বউ আমাদের ঠিক করা ঘর দিয়ে দিয়েছে অন্য এক দলকে। তারা তো এরকম মওকা পেয়ে আর বেরোবেনা ঘর থেকে। এদিকে অন্য যে ঘরটা দিচ্ছে সেটা বড়ই ঘিজিমিজি মতো, মানে একটা গ্রুপ এসেছে তারা তোয়ালে পরে খালি গায়ে দেখলাম নতুন অফার করা ঘরটার পাশের ঘরটা থেকে বেরোচ্ছে। আমায় আপনারা নাক উঁচু বলতেই পারেন, কিন্তু কিছু জিনিস আমার বরদাস্ত হয়না।  খালি গায়ে তোয়ালে জড়িয়ে বেরিয়ে আসা এই দল শিওর রাতের বেলা উল্লাস যাপন করবে মদ খেয়ে  কন্ট্রোল করতে না পেরে বমি করে বা চড়া মিউজিক চালিয়ে। পাহাড় মাখতে  এসে এসব আমার পোষায় না। সুতরাং অনড় হয়ে দাঁড়িয়ে রইলাম, ওই ঘরে যাবো না। ফোনাফুনি, এক্সপ্ল্যানেইশন ইত্যাদির মাঝে দেখি এক বাঙালী লোক এসে বলছে, "কী হয়েছে?" বাঙালী দেখে নেচে উঠেছি এমন না, কারন বেশীরভাগ সময় বাঙালীরা এসব ক্ষেত্রে অ্যাডজাস্ট করার পরামর্শ দেয়, তাছাড়া উটকো লোককে জবাব দিতেও ভাল্লাগেনা। 




ভদ্রলোক নরম গলায় বললেন, ওনার নাম সূর্য।  এখানেই আড্ডাহাট বলে একটা হোমস্টের মালিক। একবার যদি আমরা দেখে নিই ঘরটা।  সমস্যা যখন হয়েইছে, এটা ওনার গ্রাম, গ্রামের অপবাদ হতে দিতে চাননা বলেই বলা। মুখের উপর না বলা যায় না, পছন্দ না হলে না বলব, একবার দেখেই আসা যাক। আড্ডাহাট একটু উপরে, চড়াই ভাঙতে হয় একটু। পিছন থেকেই  জঙ্গল শুরু। দেখে ভালোই লাগলো। থেকেই যাই নাকি?


 


ভদ্রলোক জানালেন,ওনার বন্ধুরা এসেছে, সময় কাটাতে একসাথে,বোর্ডার আর কেউ নেই তাই কুক ছুটিতে।  মায়াই লাগলো,  বেচারা, তার চেয়েও মায়া লাগলো বন্ধুর বউদের  উপর,  তাদেরই রান্না করতে হচ্ছে কিনা। এক্সট্রা এক জোড়া লোক তাদের দেখাশোনা। কোনো মানে হয়! কিন্তু কোনো রকম অসন্তোষ না রেখেই তারা আমাদের খেয়াল রেখেছিলো একথা না বললে অন্যায় করা হবে। আড্ডাহাট এর একটা লম্বা বারান্দা আছে, সব থেকে কোনের ঘরটা আমাদের ছিলো, বাকি দুটোয় সূর্যবাবুর বন্ধুরা ছিলো, তারা নিজেদের মধ্যে আড্ডায় ব্যস্ত, নীচে, উপরটা আমাদেরই দখলে বলা যায়। 

কালুকে কেনা পেয়ারা ওয়াইন।দেখতে অবশ্য স্কচের মতো


খেয়ে দেয়ে যে পথে গাড়িতে এসেছিলাম সেই রাস্তাতেই খানিক হাঁটা গেলো। ফিটনেস কমে গেছে খুব। চড়াই ভাঙতে কষ্ট হয়। কেউ কোত্থাও নেই, চেনা অচেনা কিছু পাখিরা ছাড়া। ক্যাঁ ক্যাঁ করে ডাকছে গাছের আড়ালে লুকিয়ে। বনে জন্তু কিছু আছে ছোটো তারাও লুকিয়ে আমাদের দেখছে কিনা কে জানে! এক জায়গায় খেলার মাঠ করা আছে। এতো গুলো গাছ কেটে মাঠ বানালো বলে ভাবতে গিয়ে টের পেলাম এটা ন্যাকামি হচ্ছে, হোমস্টেতে যে থাকছি, সেও গাছ কেটেই গড়ে উঠেছে, এই গ্রামটাই তাই। তা বেচারারা খেলবে কোথায় তাহলে? আবার এই করে ভাবতে গেলে পুরো জঙ্গলটাই সাফ হয়ে যায়! আমাদের এখন সামনে ঢাকতে গেলে পিছন ফাঁক হয়ে যায় আর পিছন ঢাকতে গেলে সামনে দশা। জনসংখ্যা আর লোভ দুইই না কমালে খুব কিছু উপায় নেই। মোটা ল্যাজওয়ালা কালো রঙের কী যেন ফস করে পিছন দিয়ে পার হয়ে গেল!  গা ছমছমে কোনো জন্তু বেশ! ভাবার তো দোষ নেই, দেখতে যখন পাইনি,বন বিড়ালই বা ভাববো কেন শুধু! 

বনপথে হাইক করে ফিরে গ্রামটা একটু ঘুরতে না ঘুরতেই বীরেন রাইজি হাজির হলেন। অত্যন্ত কাঁচুমাচু মুখে বারবার ক্ষমা চাইছিলেন। দেখে মায়াই লাগছিলো, আমরাই উল্টে বললাম আর কি করা যাবে! ক্রমে অন্ধকার নেমে এলো, গাছের ফাঁকে, বারান্দায়। প্রচন্ড ঠান্ডা হলেও ওই নির্জন বারান্দায় আমরা ঝুম হয়ে বসে রইলাম কতক্ষন কে জানে,  অন্ধকারের রঙ বদলালো, হাওয়ার গতি বদলালো, নীচ থেকে সূর্যর নেপালি সহকারী দেশী মুরগী কাটতে নিয়ে যাচ্ছে আওয়াজ এলো, বাচ্ছাগুলোর আওয়াজও ভেসে আসছিলো মাঝে মাঝে কিন্তু সব কিছু ঝাপিয়ে দূর পাহাড়ের জ্বলে ওঠা আলো, আর পিছনের জঙ্গলের শীত জড়িয়ে ছিলো চেয়ারগুলোয়। 

সকালে উঠে দরজা খুলে বেরিয়ে দেখি ফের তিনি। যদিও তেমন পরিষ্কার ভিউ না, কিন্তু তাতে আনন্দের কম হয়না কিছু। আর তার সাথে কিচিরমিচির কিচিরমিচির করে একগাদা পাখি তাদের সকালের বাজার হাট, দোকান পাতি করছে। এই দোল খেলো একজন তো ঝটাপটি করলো ওই দুজন, একা বসে রয়েছে আরেকজন ওই ডালে। আমি কাঁচা হাতে একবার ওই দিক আর এই দিক করে খান কতক কে ফ্রেম বন্দী করার চেষ্টা করলাম বটে, তবে তেমন হল কই আর। 







Friday, February 19, 2021

অনেকদিন পরে পাহাড়ে(দুই)

 ছায়াতাল বলতে বলতেই মনে পড়লো, এ লেখা লিখছি যখন, উত্তরাখন্ডের হিমবাহ গলে যাওয়া ঘটে গেছে।আমরা শুকনো নদী পেরিয়ে সিকিমের পথে চলার সময় দেখেছিলকম মরা নদীর কংকালে কেমন মানুষ পোকারা বাসা বেঁধেছে, নোংরা থিকথিকে। উত্তরাখন্ডের নদীগুলোর ওই দশা করতে গেছিলো,  টানেল করে স্বাভাবিক নদীপথ বদলে জলবিদ্যুৎ কেন্দ্র, বাঁধ গড়ে ভূপ্রকৃতি বদলে উন্নয়ন আনতে চেয়েছি তার দাম দিয়েছে কাজ করতে আসা শ্রমিক, কতদিনের প্রাচীন গ্রাম। যারা ওই নদীর জলে পুষ্ট হয়েছে এতদিন, ক্ষীন স্বরে প্রতিবাদ জানিয়েছিলো, তাদের নদী ধ্বংস হয়ে গেছে, তারা উড়ে গেছে হঠাৎ করে গলে যাওয়া হিমবাহের জলে, নতুন তৈরী হওয়া তালে।  


প্রকৃতি আমাদের কাছে আয়ের উৎস, তাকে দোহন করে আমাদের রবরবা তাকে আদর যত্নটুকুও করতে আমাদের কষ্ট। গাছ কেটে, নদী শুকিয়ে, আবর্জনায় ভরিয়ে দিয়ে আমাদের উন্নতি হতে পারেনা তা কি না বোঝার মতো বোকা আমরা?  নাকি আমরা ওই ফ্রায়েড ফ্রগ সিনড্রোমে আছি সব্বাই। আরেকটু কম নিঃশ্বাস নিয়ে, আরেকটু কম সবুজে,  কটা প্রাণ জলাঞ্জলি দিলেই সব ঠিক হয়ে যাবে ভেবে নিচ্ছি! সত্যি সত্যি সময় এসেছে চাকা ঘোরাবার, এত উন্নয়ন,  এত সভ্যতার কোন প্রয়োজনটা আছে! বটলড ওয়াটার না খেয়ে নদীটাই যদি পরিষ্কার রাখতাম? একটু কম বিলাস যাপন করে, একটু কম আরামে থাকলে এত ক্ষতি হত কি? আর হলে হত, কিছু তো করার নেই। এতো পেয়ে, এত দৌড়েও লাভ ঠিক কী হচ্ছে? শান্তি নেমেছে কি? রোজ একটা স্বাচ্ছন্দ্য পেয়ে মনে হচ্ছে এটা ছেড়ে কিভাবে ছিলাম।অথচ দিব্যি ছিলাম! 


বেড়ানোর গল্প করতে গিয়ে অনেক বেলাইনে কথা ছোটালাম। অবশ্য আমার ব্লগের পাঠক কেউইই নেই, নিজে নিজে কথা বলি নিজে নিজেই শুনি,  আর বেড়ানোর গল্পে পরিবেশের সংকট এর কথাও থাকুক। না হলে আমাদের সাধের সোনার ডিম পাড়া ট্যুরিজম ইন্ডাস্ট্রিও আর ডিম পাড়বে না। ছায়াতাল এর কাছেই একটা গেট আছে ভার্সে স্যাংচুয়ারির। এমনি লোকে খুব একটা যায়না, তাই কেউই ভালো বলতে পারছে না, কোথায় সে জায়গা। অবশেষে একজন পথ বাতলালো সিকিমিজ ভাষায় নরেনকে। সে আমাদের একটা জায়গায় নামিয়ে বলল ওই তো উপরে উঠে যান, মিল যায়েগা। সে একটা সরু সুঁড়িপথ, পাহাড় বেয়ে উঠছে। এখানেই সত্যি? হাঁটিহাঁটি পা পা করে এগোনো গেলো,এক ঝাঁক রঙ বেরঙের চঞ্চল পাখির ওড়াউড়ি, তাদের কিচকিচ ছাড়া আর শব্দ নেই কিছু। বাঁশের গাছ, ঝরে পরা পাতায় মচমচ শব্দ করে যত উঠছি বন যেন তত অপরূপ হচ্ছে। রডোডেনড্রনের সময় না এখন,  কিন্তু জঙ্গল রিক্ত না। পাতা লাল হয়ে যাওয়া গাছ, কতদিনকার প্রাচীন সব ফার্ণ জড়ানো গাছ দেখতে দেখতে দেখি একটা ভাঙাচোরা ঘরে, পাশে একটা পাকা পরিত্যক্ত ঘরের পাশে একটা গেট  ভার্সের ভিতর ঢুকছে। কেউ কোথাও নেই। চুপচাপ একটা দুপুর জঙ্গলে শুয়ে আছে। আমরাও নিজেদের মধ্যে কোনো কথা বলছিলাম না। হাঁ করে করে আদিম গাছ গুলো দেখতে দেখতে হাঁটছি, মাঝে মাঝে জলের আওয়াজ আসছে এদিক সেদিক থেকে, পাহাড়ি ঝোরা। কতক্ষন হেঁটেছিলাম জানিনা, তেরচা করে আসা রোদে পাখির ছবি তোলার চেষ্টার ফাঁকে খেয়াল হল,  আমাদের নামতেও হবে। আমরা তো পুরোটা ট্রেক করবো বলে আসিনি। সেই কতদিন আগে এর আরেক পারে এসেছিলাম, সেই সব গাছ, ভার্সের ট্রেকার্স হাটের কাছে সেই চ্যাটালো পাহাড়টা,মিংমা, রাতের কুকুরগুলো সবার খবর নিলাম আলগোছে গাছেদের কাছে। চিৎকৃত শব্দের প্রয়োজন মানুষের। গাছেরা জ্ঞানী হয় তাদের এসব লাগে না। কিন্তু তাদের উত্তর বোঝার জন্য এমন অল্প সময় সংপৃক্ত থাকলে হয়না। আবার আসবো দেখো,  প্রায় অস্পষ্ট স্বরে বলে আসি।






ফার্মিং এর শখ আমার বড়। কিন্তু আমার সব শখই কল্পনায় বেশী আসলে কম। এইখানে একজন পাহাড়ি মানুষ ফার্মিং করেছে একটা পাহাড়ের ঢালে। সে কত রকম গাছ, এলাচ,কফি,পীচ,কমলালেবু, পেয়ারা,আনারস। এলাচ গাছে টিপটিপ করে জল পড়ছে, ওইদিকে কমলালেবুতে বুলবুলি এসে বসছে, ওই লোকটার বউ আচারের শিশি সাজিয়ে রাখছে রোদে। আহা এমন একটা জীবন হলে মন্দ হয়না। এমন পাহাড়ে হবে না, তাহলেই পাহাড় কেজো হয়ে যাবে। প্রেমে খানিক অকাজ না থাকলে চলে না। কিংবা কে জানে হয়তো থাকতে থাকতে, কাজের মধ্যে পাহাড় আরো কাছের হয়ে যাবে। পাশাপাশি থাকলে মায়া তো কমেনা,বাড়েই বরং। লোকটা আবার অর্গানিক ওয়াইন বানায়। সব কটা চেখে টেখে পেয়ারারটাই সব চেয়ে ভালো লাগলো। ওয়াইন আমি অত বুঝিনা, স্বাদে ভালো লেগেছে মানে এটা হয়তো সব চেয়ে কমজোরি ওয়াইন! কে জানে। পীচ ফলের গাছটার তলায় দাঁড়িয়ে নীচের উপত্যকা দেখতে দেখতে সত্যি বলতে জীবনকে একটা ধন্যবাদ দেওয়া দিতে ইচ্ছে করে। সারাদিন কত না পাওয়া নিয়ে অস্থির করি, এই নেই সেই নেই,ওই হলো না, কত কি যে হয় তার হিসেব করিনা। 


ফার্মে আসার আগে একটা মনস্ট্রি গিয়েছিলাম, পাহড়ি গাঁয়ের মন্সট্রি যেমন হয়, ছোটখাটো, ছায়া ছায়া অন্ধকার, বৌদ্ধ দেব দেবী,  পিতলের প্রদীপ। তার একটু উপরেই কার যেন সমাধি, চুপ করে ঘুমিয়ে আছে পাহাড় জঙ্গলের মাঝে। রিনচেনপঙ গ্রাম হলেও খাবারের জায়গা আছে। গ্রাম না বলে হয়তো ছোট গঞ্জ বলা ভালো। নরেনই নিয়ে গিয়েছিলো, একটা খাবার দোকানে। দোতলায় উঠতে দেখি স্থানীয় লোকজন দিব্যি মোমো আর বিয়ার নিয়ে আড্ডা জমিয়েছে। সিগারেটের ধোঁয়া পার করে জানলার ধারে একখান জায়গায় বসা গেলো। পাশের টেবিলে এক পুলিশ সাহেব তার অধস্তন লোকজন নিয়ে এলো দেখলাম। নাহ খাবার ভালোই হবে এখানে। আচ্ছা অধস্তন দেখলে কেমন বোঝা যায় না? আমাদের দেশে এই সামন্তপ্রথা বড়ই জোরালো, কর্পোরেট হোক কি গাঁয়ের পুলিশ প্রভুবাদ থেকেই যায়। যাকগে যাক,  গরম গরম মোমো এসে গেছে, অত তত্ত্বকথায় মন দেবার থেকে তাতেই দেওয়া যাক। (ক্রমশ)










Saturday, February 13, 2021

অনেকদিন পরে ...পাহাড়ে(এক)

 এক বছর আগে কোভিড নিয়ে কথাই হয়নি প্রায় আর এই এক বছরে কোভিড ছাড়া কথাই হয়নি প্রায়।  এত আনপ্রেডিক্টেবল জীবনে হাঁটুর জোর, ধকল নেবার ক্ষমতা মাত্র কিছু বছর অব্দি, তার মধ্যে যদি এক বছর নষ্ট হয়ে যায়,  পাহাড়ে না হেঁটে কেটে যায় তাহলে বেজায় দুঃখের মশাই।


এক বছরটাকে আর বাড়তে দেওয়া যায়না।  থাকি একখানা ছোট ফ্ল্যাটে বয়স্ক বাপ মা এর সাথে সুতরাং চাইলেই যা ইচ্ছে হোক বলে বেড়ানো যায়না। কিন্তু চিনিপ্রেমীদের  কথা চিন্তামনি ভেবে না রাখলে তার ব্যবসাও লাটে ওঠে। রানীগঞ্জের  আস্তানাটাই কাজে লাগানো যাবে ফেরার পর, কটা দিন কাটিয়ে আসলেই হল। মোহরের জন্মদিন আর আমাদের অ্যানিভার্সারি মিলিয়ে একটা পাহাড় সফর করে ফেলাই যায়৷ জানি জানি আপনারা হাসছেন খুব, ভাবছেন প্রথমবার বলেই এতো ফুত্তি প্রাণে, তা প্রথম বছর তো সত্যিই আশ্চর্যজনক একটা ব্যপার। একজন মানুষ জন্ম আলাপের কারনে বা কাজের সূত্রে বেঁধে থাকার কারনে পাশাপাশি থাকা না , এসবের বাইরে একজনের  সাথে সারাক্ষন থাকার  , রাগ, অপমান, আনন্দ দুঃখ সব ভাগ করে নেবার  এই অবাক ব্যপারটা সেলিব্রেট করতেই হয়। তবে আমার মতে সব কটা বছরই এমন আশ্চর্যজনক হয়, হওয়া উচিত। নিজের নিজের মতো করেই উদযাপন হলে তাতে হাসির কিছু দেখিনা। 


 কোভিড এর কারনে কিছু এক্সট্রা ব্যপার , মানে হাতের কাছের পাহাড়ে ট্রেনের বদলে ফ্লাইট আর নিজেদের চাদর ইত্যাদি বওয়া! ও এই ফাঁকে একটু বলে নেওয়া ভালো, ট্রেনের ফার্স্ট ক্লাসের কথা আমাদের মাথাতেই আসেনি, তাতে খরচ খানিক কম আর আরাম একটু বেশীই হত। সকাল সাড়ে ছটার ফ্লাইট ছ ঘন্টা দেরীতে দৌড়নোয় মাথায় এসেছিলো সেসব। বেড়াতে বেরোনোর আগের রাতটা ছোটবেলার মতোই উত্তেজনার হয় কিন্তু। বোর্ডিং পাস এলো কিনা, ব্যাগেজ ট্যাগ নাকি আজকাল দিচ্ছেনা? সাদা কাগজে চিপকে নে রে, স্যান্ডেল জোড়া কাল সকালে মনে করে ভরতে হবে। ভোর বেলার এলার্ম, অন্ধকার মাখা রাস্তা পেরিয়ে অনন্ত অপেক্ষা। শেষমেশ সত্তিকারের বাগডোগরা থেকে বেরোনোর সময়েই নেতিয়ে পড়েছি প্রায়। আজকের প্ল্যান চৌপাট অলরেডি। দিন পাঁচেকের সফর আমাদের এবারে,  প্রথম দেড় দিনের জন্য রাখা ছিলো কালুক। পশ্চিম সিকিমের ছোট্ট একটা গ্রাম। পেলিং এর কাছে কিন্তু "সেরকম কিছু দেখার নেই" বলেই হয়তো তেমন ভীড় হয়না। ভাগ্যিস! তা আজ তো পৌঁছতেই সন্ধ্যে নেমে যাবে। যাকগে ভেবে লাভ নেই। এয়ারপোর্টের বাইরেই বীরেনের গাড়ি অপেক্ষা করছিলো আমাদের জন্য। বেচারি সেই কোন সকালে এসেছে আমাদের নিতে তারপর এতক্ষন দাঁড়িয়ে ছিলো অথচ এতটুকু বিরক্ত না, এমন ধৈর্য্য, ভদ্রতাবোধ সকলের মধ্যেই থাকলে জীবন বোধহয় আরেকটু সহজ হতো! কিংবা কি জানি পাহাড়ের কাছে খোলা প্রকৃতির কাছে থাকে বলেই হয়তো এদের উদারতা বেশী হয়, গিজগিজে ভীড়ের মধ্যে ছোট্ট চৌখুপীতে থাকতে থাকতে আমাদের মধ্যে সংকীর্ণতা বেশী। মেল্লি পৌঁছে থামা গেলো খানিক। এখান থেকে সোজা গ্যাংটক চলে যায়। একটু আগে কালিম্পং এর দিকে রাস্তা চলে গেছে, আর এখান থেকেই জোড়থাং হয়ে সিকিমের বিভিন্ন দিকে যাওয়া যায়। এর আগে ওখরে যাবার সময় এই রাস্তা ধরে এসেছি। নীচে তিস্তা। চারপাশের চেহারা বদলে গেছে অনেক আগেই, সবুজে মোড়া পাহাড়,  পাহাড়ি মানুষ,  ঠান্ডা কনকনে জল, গরম ধোঁয়া ওঠা নুডলস আর চা মন চনমনে হবার আর কি চাই?

    

 মন চনমনে হলেও পৌঁছতে পৌঁছতে নেতিয়ে গেছিলাম। সেই কোন সকালে উঠেছি, রাতেও উত্তেজনায় ঘুম হয়নি ভালো, পাক খাওয়ানো এই রাস্তা সব মিলিয়ে ভারী হা দশা হয়েছিলো। সন্ধ্যের অন্ধকারে পাহাড়ি রাস্তায় গাড়ি চড়িনি আগে তেমন স্মরনকালে, এক একটা বাঁক পেরোচ্ছি আর আলো কমছে একটু একটু করে তারপরই ঝুপ করে সন্ধ্যের অন্ধকার। সে বদলটা চোখে না দেখলে আমার মতো কারোর পক্ষে বোঝানো মুশকিল। আঁকতে জানলে, রঙ তুলির জ্ঞান থাকলে তাও খানিক বোঝানো যেত। গাড়িতে অতটা বোঝা যায়নি, হোটেলে নেমে টের পাওয়া গেল ঠান্ডাটা কেমন।  বাপ্রে বাপ। আমার একটা কোট আছে, বেজায় গরম আর আরাম হয় ঠান্ডায়, তেমনই কদাকার দেখতে। তা আমার বাপু কদাকারই ভালো, নিজের চেহারাই বা এমন কি যে জ্যাকেটের চেহারা নিয়ে মাথা ঘামাবো! সে জ্যাকেট আর এদের একখানা উমদা ওয়েলকাম ড্রিংক শীত রোধ করায় বেরোনো গেলো বারান্দায়। সামনে পেলিং, গেজিং এইসব শহরের ঝিকিমিকি আলো, ঝুপসি হয়ে থাকা গাছেদের অবয়ব কনকনে ঠান্ডাকে উপেক্ষা করিয়ে দেয় একটু হলেও।  খানিকক্ষণ ঝুম হয়ে দাঁড়িয়ে থেকে হোটেলের সামনের দিকে এসে দেখি একখানা চাঁদ উঠেছে চমৎকার।  আহাহা আরো কিই বা চাওয়ার থাকে। কালুক থেকে কাঞ্চনজঙ্ঘা চমৎকার দেখা যায় তবে আমার কাছে পাহাড় মানে পাহাড়, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলে তো তো কথাই নেই, না পেলেও দুঃখী হয়ে থাকার ব্যপার নেই। পাহাড়ের গা দিয়ে হাঁটবো,  পাহাড় মাখবো এইই তো অনেক। আর আমার সাথে কাঞ্চনজঙ্ঘার আলাদাই সম্পর্ক!  সেও দেখা দেবে না আমিও ফিরে ফিরে আসবো। কিন্তু এবারে পাহাড় দেখেছে আমি আর একা একা তার কাছে আসিনি, তাই আমার সাথে লুকোচুরি খেলার দুষ্টুমিও করেনি। বরং যুগলকে প্রথমবার দেখার জন্য, উপহারই দিয়েছে। 



পরের দিন সকাল বেলাতেই সেই উপহার জানলার পর্দা সরাতেই! কাচঢাকার জানলার ওপারে সবুজ গাছপালার উপর আর নীল আকাশের নীচে সাদা ঝকঝকে পুরো হিমালয়ান রেঞ্জ!!! এটা অবশ্য আমার গিফট না আজ মোহরের জন্মদিন উপলক্ষেই গিফট নিশ্চয়ই।

 

 তবে পাহাড় অত কৃপন না,  একে দিলে ও নিতে পারবে না এমন ছ্যাঁচড়ামি করা পাহাড়ের স্বভাবে নেই। এই হোটেলটা দিব্যি,  আলাদা আলাদা কটেজ আছে ফলে খাবার জায়গা  ছাড়া অন্য জায়গায় লোকজনের মুখ না দেখলেও চলে। নিজেদের কমলালেবু, কিউই, বাতাবীলেবু এসবের গাছ টাছ আছে।  সবমিলিয়ে চমৎকার একটা সকাল। আহা এখানেই বেশ থেকে যাওয়া যেত। যাবে না জানি, অত পরিশ্রম করা সইবে না আমাদের, সুখী সুখী "যদি থেকে যাওয়া তে" টাইপ ভাবনাতেই আনন্দ আর কি।



 বীরেনের ভাই গাড়ি নিয়ে চলে এসেছিলো। নাইন পয়েন্টস সেভেন পয়েন্টস দেখবার তাড়া আমাদের ছিলো না, সে ইচ্ছে নিয়ে আসিওনি। এসেছি স্রেফ ফাঁকা একটা জায়গায়, পাহাড়ি রাস্তায়, রোদ ছায়ার সাথে,  পাখির ডাক শুনতে শুনতে, হাঁটতে।  কালুক জায়গাটায় বাজার মতো খানিক থাকলেও, আমাদের হোটেলটা তফাতে খানিক, সেখানে বাজারের কোনো কোলাহলই কানে আসার চান্স নেই। কালুকের পাশেই রিনচেনপঙ নামেই আরেকটা ছোট্ট গ্রাম আছে, আর এদিকে ছায়াতাল বলে আরেকটা সুন্দর ছোট গ্রাম। খানিক দূর গেলে পেলিং পড়বে, তবে আমরা পেলিং যেতে চাইনা, সিংসোর ব্রিজ না, কিচ্ছু না। এই রিনচেনপঙ, তার ছোট্ট মনস্ট্রী, ছায়াতাল আর সেখানে ভার্সে স্যাংচুয়ারির একটা গেট আছে, সেই গেট থেকেই ভার্সের দিকে খানিক যাবো। বীরেনের ভাই নরেন প্রথমে বুঝতে পারেনি ভালো কোথায় যেতে হবে, সে নিয়ে গেছে একটা পার্ক মতো জায়গায়। সেটা আসলে একটা পাহাড়ের মাথায় ওদের এক রাজার স্ট্যাচু বানানো, মানুশশের তৈরী ওই স্ট্যাচু দেখেই মুখ কুঁচকে না করেছি। তারপর কি মনে হল, চলো যাওয়াই যাক। পাহাড়ের মাথায় স্ট্যাচু, পাহাড়ের গা পেঁচিয়ে ওঠার রাস্তা। দূরে গাছপালার মধ্যে একটা গ্রামে জল তোলার আওয়াজ আসছে খালি আর কোত্থাও কোনো আওয়াজ নেই। ওহ না ভুল বললাম,  দু চারটে ভারী চঞ্চলমতি পাখি এদিক সেদিক উড়ছে আর টুই টুই করে ডাকছে। ভাগ্যিস পার্ক ভেবে এড়িয়ে যাইনি। ভারী চমৎকার জায়গাটা, আমরা দুজন ছাড়া আর লোক নেই, ফলে,  "এই বাবুনদা এদিকে আয়, ছবি তুলবো" কিংবা "একটা সিগারেট হবে নাকি ঘোষদা" এইসব অত্যাচারে শান্তিভঙ্গ বা রসভঙ্গ হবার চান্স নেই। হ্যাঁ মানছি আমরাও ট্যুরিস্ট কিন্তু পাহাড়ে গিয়ে একটু পাহাড় বুকের মধ্যে না নিয়ে ওইরকম কলতান যারা করে তাদের আমি নমো করি দূর থেকে।  দূর থেকে ছায়াতাল লেক, পাহাড়ি ঘর বাড়ি খেলনার মতো একটু খানি হয়ে দেখা যাচ্ছিলো। আহ এই রাজাটা বেজায় ভালো জায়গায় দাঁড়ারে পেয়েছে তো। (ক্রমশ)














Wednesday, January 27, 2021

পাড়ায়

 ফট করে ধারনা বদলে গেলে গোলমাল লাগে।  এই যে মনাদা, সারাক্ষণ মুখ গোমড়া করে থাকে, দোকানে ওষুধ কিনতে গেলে পাঁচন খাওয়া মুখে ওষুধ দেয়, কথা বলেনা একটা দুটোও, মোটেও ভাল্লাগেনা। সেদিন বারান্দা থেকে দেখি পিন্টুকাকুর দোকানের পাশে এক পাগলী নাকি পাগল, জুটেছে কোত্থেকে। জামা কাপড়ে জটায় জুটায় বোঝার উপায় নেই সে কে।  জামা জুতোই আমাদের আজকাল জানার উপায় কিনা। পাগল হলেও সে ভারী সতর্ক লোক। পা টিপে টিপে দুদিক থেকে আসা অটো, বাইক, গাড়ির ফাঁক দিয়ে পার হয়ে এসেছে।  টাইম কলের মুখ খুলে বন্ধ করে নিশ্চিত হয়েছে নাহ জল নেই। ফের পা টিপে টিপে ফিরে গেল নিজের জায়গায়। হাওয়ায় খানিক যোগ বিয়োগ করে  নিজের থলে হাতড়ে জল বের করে এঁটো বাটি ধুয়ে নিলো ভারী যত্নে।  আরো অনেকক্ষন পর কিকাজে বারান্দায় গিয়ে দেখি সে তখনো ওখানেই আছে। এদিক থেকে মনাদা বেরিয়ে পাঁউরুটির দোকান থেকে একটা গোল পাঁউরুটি কিনে এনে তাকে দিয়ে গোমড়া মুখে ফের ঢুকে গেল দোকানে। বোঝো! গোমড়া লোকটার মধ্যে এমন একটা মানুষ আছে কে জানতো! 


এ পাড়াটা আসলে একটা অদ্ভুত বিটকেল পাড়া। সারা দিন প্যাঁপোঁ হর্ণ, মানুষের বোধ বুদ্ধি কম যেখানে সেখানে থুতু তার মধ্যে কেমন করে শিরাওঠা আঙুল আলতো হাতে হাত বুলিয়ে দেয় পাগলাকে দেওয়া পাঁউরুটুর মধ্যে দিয়ে! ওই যে অত

সেদিন বন্ধুদের মধ্যে আড্ডা হচ্ছিলো,  কী কথা থেকে জানি ভালো থাকা খারাপ থাকার কথা উঠলো। আগের থেকে ডিপ্রেশন বেড়েছে সেই নিয়ে কথাসূত্রেই একজন বলল যে আগে মোটেও মানুষ ভালো ছিলো এমন না হয়তো বুঝতই না কোনটা ডিপ্রেশন। আমার তা মনে হয়না, ডিপ্রেশন ছিলো হয়তো কিন্তু এখন সত্যিই বেড়েছে। ভালো না লাগাও বেড়েছে যত আমাদের অপশন বেড়েছে। আগে বেড়াতে গেলে বেড়াতে যাওয়াই শেষ কথা ছিলো, কোন হোটেল, তার কি ভিউ কি রিভিউ, গাড়িতে এসি আছে না গদি আছে কিচ্ছুর তোয়াক্কা করতাম না। এখন যেন সেরা জিনিসটা পেলেও মনে হিয় কই ও তো আমার থেকে বেটার পেলো, বেটার দেখলো। সারাক্ষন আরো পাওয়ার হতাশার থেকে তো অল্পে আরাম পাওয়া ভালো ছিলো!  মানছি সাইকেলে বসে কাঁদার থেকে মার্সিডিজে বসে কাঁদা আরামদায়ক কিন্তু কান্না পেলে তো সে আরাম খুব একটা আরাম বলে মনে হয়না। লস্ট চাইল্ডের সে বাচ্ছাটার মতো দুনিয়ার তামাম জিনিস কেবল খারাপই লাগে। আসলে অভাব অভিযোগ তখনও ছিলো তবে আমার মনে হয় কাদা মাখা পা এড়াতে গিয়ে আমরা পুরোটাই কংক্রীটে ঢেকে মাটিতে জল যাওয়ার উপায় বন্ধ করে দিয়েছি। আর্সেনিকের উপদ্রব বেড়ে গেছে।  কিন্তু তামাম জায়গা কি  ঢাকে না , ফাঁকফোকর খুঁজে নেয় ঠিক কেউ, হাত বাড়িয়ে দেয় নোংরা ধুলো ছেঁড়াখোঁড়া পিঁচুটিওঠা মানুষটার দিকে,    জল জমা হয় ফের মাটিতে।